ডিজিটাল জালিয়াতির ভয়? এক ক্লিকেই বন্ধ করতে পারবেন টাকা পাঠানো, RBI-এর নতুন প্রস্তাব
নতুন ব্যবস্থায় গ্রাহক চাইলে এক ক্লিকেই অ্যাকাউন্ট থেকে টাকা বেরনোর প্রক্রিয়া বন্ধ করতে পারবেন। বড় অঙ্কের টাকা পাঠানোর আগে বিশ্বস্ত কোনও ব্যক্তির অনুমতি নেওয়ার ব্যবস্থাও থাকছে।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: অনলাইনে টাকা লেনদেন করতে গিয়ে প্রতারণার শিকার হচ্ছেন বহু মানুষ। কখনও ভুয়ো ফোন, কখনও লিঙ্কে ক্লিক করে, আবার কখনও ব্যাংকের তথ্য হাতিয়ে নিয়ে অ্যাকাউন্ট থেকে টাকা সরিয়ে নিচ্ছে প্রতারকরা। এই ধরনের জালিয়াতি আটকাতে এবার ব্যাংকিং ব্যবস্থায় আরও কিছু সুরক্ষার ব্যবস্থা আনার প্রস্তাব দিল রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। নতুন নিয়ম কার্যকর হলে নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্টের উপর আরও বেশি নিয়ন্ত্রণ পাবেন গ্রাহক। প্রয়োজনে বন্ধ করে দিতে পারবেন টাকা পাঠানোর সুবিধাও।
এক ক্লিকেই বন্ধ করা যাবে টাকা পাঠানো
RBI-এর প্রস্তাবিত ব্যবস্থাগুলির মধ্যে অন্যতম হল ‘স্টপ সুইচ’। ধরুন, আপনার মনে হল কেউ আপনার ব্যাংক অ্যাকাউন্টের তথ্য জেনে গিয়েছে, অথবা অ্যাকাউন্ট থেকে জালিয়াতির আশঙ্কা রয়েছে। সেই পরিস্থিতিতে এই সুবিধা চালু করলে অ্যাকাউন্ট থেকে গ্রাহকের উদ্যোগে সমস্ত নতুন টাকা পাঠানো বন্ধ হয়ে যাবে। নতুন পেমেন্ট নির্দেশ বা স্ট্যান্ডিং ইনস্ট্রাকশন তৈরি করাও বন্ধ থাকবে।
তবে স্টপ সুইচ চালু করলেই অ্যাকাউন্ট পুরোপুরি ফ্রিজ হয়ে যাবে না। অন্য কেউ আপনাকে টাকা পাঠালে তা অ্যাকাউন্টে ঢুকবে। আগে থেকে চালু থাকা নিয়মিত পেমেন্ট এবং ব্যাংকের নিজস্ব কিছু টাকা কাটার ব্যবস্থাও এর আওতার বাইরে থাকবে। প্রয়োজনীয় যাচাই প্রক্রিয়া সম্পন্ন করে ফের এই সুবিধা বন্ধ করা যাবে।
আরও পড়ুন, উপস্থিতির অভাবে শুরুতেই থমকে গেল আনসাল এপিআই-এর ইজিএম, ই-ভোটিং বিত
বড় অঙ্কের টাকা পাঠাতে লাগতে পারে পরিচিতের অনুমতি
নতুন প্রস্তাবে রয়েছে ‘ট্রাস্টেড পার্সন মেকানিজম’। এই ব্যবস্থায় গ্রাহক নিজের পছন্দের কোনও প্রাপ্তবয়স্ক ব্যক্তিকে বিশ্বস্ত হিসেবে নথিভুক্ত করতে পারবেন। নির্দিষ্ট অঙ্কের বেশি টাকা পাঠাতে গেলে ওই ব্যক্তির অনুমতি প্রয়োজন হবে। ধরা যাক, আপনি ১ লক্ষ টাকার বেশি লেনদেনের ক্ষেত্রে এই ব্যবস্থা চালু করলেন। তখন ওই অঙ্কের বেশি টাকা পাঠানোর নির্দেশ দিলে আপনার মনোনীত ব্যক্তির কাছে লেনদেনের তথ্য পৌঁছে যাবে। তিনি এক ঘণ্টার মধ্যে অনুমতি দিলে তবেই টাকা পাঠানো হবে। অনুমতি না দিলে বা নির্দিষ্ট সময়ের মধ্যে কোনও উত্তর না এলে লেনদেন বাতিল হয়ে যাবে।
তবে এই ব্যবস্থায় মনোনীত ব্যক্তি আপনার ব্যাংক অ্যাকাউন্ট পরিচালনা করতে পারবেন না। আপনার অ্যাকাউন্টে কত টাকা রয়েছে, ফিক্সড ডিপোজিট বা বিনিয়োগের পরিমাণ কত, সেসব তথ্যও তাঁর কাছে প্রকাশ করা হবে না। UPI পেমেন্ট, দোকানে পণ্য কেনার সময়ের পেমেন্ট এবং নিয়মিত নির্ধারিত লেনদেনের ক্ষেত্রে এই ব্যবস্থা প্রযোজ্য হবে না। এই সুবিধা নেওয়া বাধ্যতামূলক নয়, গ্রাহকের সম্মতিতেই তা চালু হবে।
ATM, অনলাইন পেমেন্টেও নিজের মতো সীমা ঠিক করা যাবে
ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড এবং অনলাইন ব্যাংকিংয়ের ক্ষেত্রেও গ্রাহকদের আরও নিয়ন্ত্রণ দেওয়ার প্রস্তাব করেছে RBI। গ্রাহক চাইলে ATM থেকে টাকা তোলা, অনলাইনে কেনাকাটা, দোকানে কার্ড সোয়াইপ বা কন্ট্যাক্টলেস পেমেন্টের সুবিধা আলাদা করে চালু বা বন্ধ রাখতে পারবেন। দেশীয় ও আন্তর্জাতিক লেনদেনের ক্ষেত্রেও এই নিয়ন্ত্রণ থাকবে।
এমনকী, প্রতিবার কত টাকা লেনদেন করা যাবে, কোনও নির্দিষ্ট ব্যক্তিকে দিনে সর্বোচ্চ কত টাকা পাঠানো যাবে কিংবা দিনে মোট কত টাকার লেনদেন করা যাবে, সেই সীমাও নিজের মতো ঠিক করতে পারবেন গ্রাহক। যে ডিজিটাল পেমেন্টের মাধ্যম নিয়মিত ব্যবহার করেন না, সেটি বন্ধ রাখার সুযোগও থাকবে।
আরও পড়ুন, পরকীয়া আর চরবৃত্তিতে অভিযুক্ত জেনসেন হুয়াং ডেকে আনলেন বিপর্যয়: ট্রাম্প ফেরাতেই
ব্যাংকের গাফিলতিতে জালিয়াতি হলে বাড়বে দায়
শুধু গ্রাহকের সুরক্ষা বাড়ানো নয়, ব্যাংকের দায়িত্বও আরও স্পষ্ট করতে চাইছে RBI। প্রস্তাব অনুযায়ী, ব্যাংকের নিরাপত্তা ব্যবস্থায় গাফিলতি, প্রয়োজনীয় সতর্কবার্তা না পাঠানো, জালিয়াতির অভিযোগ পাওয়ার পর দ্রুত ব্যবস্থা না নেওয়া কিংবা ব্যাঙ্কের সিস্টেমে সমস্যা বা নিরাপত্তা ভাঙনের কারণে প্রতারণা হলে তা ব্যাঙ্কের গাফিলতি হিসেবে বিবেচিত হতে পারে। ব্যাংক কর্মী বা তাদের নিযুক্ত কোনও তৃতীয় পক্ষের যোগসাজশে জালিয়াতি হলেও দায়ের বিষয়টি খতিয়ে দেখা হবে। তবে প্রতিটি জালিয়াতির ঘটনাতেই স্বয়ংক্রিয়ভাবে ব্যাংককে দায়ী করা হবে না। ব্যাংকের গাফিলতির সঙ্গে প্রতারণার যোগ থাকতে হবে।
কবে থেকে চালু হতে পারে নতুন নিয়ম?
RBI-এর এই প্রস্তাবগুলি এখনও খসড়া নির্দেশিকার পর্যায়ে রয়েছে। বাণিজ্যিক ব্যাংকগুলির ক্ষেত্রে বেশিরভাগ সুরক্ষাব্যবস্থা ১ জুলাই, ২০২৭ থেকে কার্যকর করার প্রস্তাব দেওয়া হয়েছে। অন্যদিকে, ব্যাংকের গাফিলতি সংক্রান্ত কিছু সংশোধিত বিধান ১ জানুয়ারি, ২০২৭ থেকে কার্যকর করার কথা বলা হয়েছে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)