SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

ছুটির দিনেও তালা বন্ধ নয় স্কুলের! বস্তির খুদেদের ভবিষৎ গড়তে পুজোর ছুটিতেও ‘মসিহা’ প্রধান শিক্ষক

স্কুলের ছুটি থাকলেও বন্ধ নেই পড়াশোনা! শিলিগুড়ির বস্তির শিশুদের ভবিষ্যৎ গড়তে নিজ উদ্যোগে ছুটি ও পুজোর দিনেও বিশেষ পাঠদান ও টিফিনের ব্যবস্থা করছেন প্রধান শিক্ষক।

Written By Sudeshna Paul Saha
Published: Nov 09, 2026, 03:00 PM IST | Updated: Nov 09, 2026, 03:07 PM IST
Join

নারায়ণ সিংহ রায়: স্কুল বন্ধ, তবুও থামেনি শিক্ষার পাঠ! ছুটির দিনেও বস্তির শিশুদের জন্য খোলা স্কুলের দরজা, শিক্ষকের ইচ্ছে শক্তিতে জ্বলছে শিক্ষার আলো। ক্যালেন্ডারের পাতায় ছুটি। স্কুলের নিয়মিত পঠনপাঠন বন্ধ। চারদিকে উৎসবের মরশুম, আনন্দ আর উদযাপনের আবহ। কিন্তু সেই ছুটির আমেজের মধ্যেও প্রতিদিন সকাল হলেই বই-খাতা হাতে স্কুলের পথে পা বাড়াচ্ছে একদল খুদে পড়ুয়া। কারণ, তাদের কাছে স্কুল মানে শুধুমাত্র পড়াশোনার জায়গা নয়, বরং শেখার পাশাপাশি ভবিষ্যৎ গড়ার অন্যতম ভরসা। আর সেই ভরসার জায়গাটুকু যাতে দীর্ঘ ছুটির কারণে হারিয়ে না যায়, সেই দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন দক্ষিণ শান্তিনগর হিন্দি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক চিত্তরঞ্জন সরকার।

সাধারণত স্কুলের ছুটি মানেই পড়ুয়াদের কাছে আনন্দ, খেলাধুলো আর পরিবারের সঙ্গে সময় কাটানোর সুযোগ। কিন্তু শিলিগুড়ির দক্ষিণ শান্তিনগরের এই বিদ্যালয়ের একদল পড়ুয়ার কাছে ছুটির সকালটা যেন অন্যরকম। নির্ধারিত ছুটি থাকা সত্ত্বেও প্রতিদিন নির্দিষ্ট সময়ে তারা হাজির হচ্ছে স্কুলের বারান্দায়। সেখানে নেই কোনও আনুষ্ঠানিক ক্লাসরুমের পরিবেশ, নেই স্কুলের ঘণ্টা কিংবা নিয়মিত ক্লাসের বাধ্যবাধকতা। রয়েছে কয়েকটি বেঞ্চ, বই-খাতা আর একজন শিক্ষকের আন্তরিক প্রচেষ্টা। আর এই সামান্য আয়োজনেই তৈরি হয়েছে এক ব্যতিক্রমী পাঠশালা।

আসলে শিলিগুড়ির বস্তি অধ্যুষিত এলাকার এই বিদ্যালয়ের অধিকাংশ পড়ুয়াই প্রথম প্রজন্মের শিক্ষার্থী। পরিবারের অনেকের পক্ষেই বাড়িতে পড়াশোনার উপযুক্ত পরিবেশ তৈরি করে দেওয়া সম্ভব হয় না।  স্কুলে নিয়মিত পঠনপাঠন বন্ধ থাকলে অনেক পড়ুয়ারই পড়াশোনার সঙ্গে যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন হয়ে যাওয়ার আশঙ্কা থাকে। বিশেষ করে দীর্ঘ পুজোর ছুটিতে সেই সমস্যা আরও বাড়তে পারে। তাই পড়ুয়াদের কথা মাথায় রেখেই এক অভিনব উদ্যোগ নেন প্রধান শিক্ষক চিত্তরঞ্জন সরকার। দশমীর পরের দিন থেকেই শুরু করেন বিশেষ পাঠদানের ব্যবস্থা। নিজের উদ্যোগে, সম্পূর্ণ বিনামূল্যে ছুটির মধ্যেও শিশুদের পড়াশোনার ধারাবাহিকতা বজায় রাখার চেষ্টা করছেন তিনি।

উল্লেখযোগ্য বিষয়, এই উদ্যোগ শুধুমাত্র তাঁর নিজের বিদ্যালয়ের পড়ুয়াদের মধ্যেই সীমাবদ্ধ নেই। পার্শ্ববর্তী হিন্দি জুনিয়র হাইস্কুলের ছাত্রছাত্রীরাও এই বিশেষ ক্লাসে অংশ নিচ্ছে। প্রতিদিন সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত সপ্তাহে ছয় দিন চলে এই বিশেষ পাঠদান। স্কুলের খোলা বারান্দাতেই বেঞ্চ পেতে বসে পড়ুয়ারা। কারও হাতে বাংলা বা হিন্দি বই, কারও হাতে অঙ্কের খাতা, আবার কেউ মন দিয়ে ইংরেজির অনুশীলনে ব্যস্ত। পড়ুয়াদের শিক্ষাগত মান এবং তাদের প্রয়োজন বুঝে নিজেই তৈরি করছেন বিভিন্ন প্রশ্নপত্র। সেই প্রশ্নপত্র ফটোকপি করে শিশুদের হাতে তুলে দেওয়া হচ্ছে। এরপর তাদের দিয়ে নিয়মিত অনুশীলন করানো হচ্ছে। কোথায় ভুল হচ্ছে, কোন বিষয়ে দুর্বলতা রয়েছে, কোন জায়গায় আরও বেশি চর্চার প্রয়োজন—প্রতিটি বিষয় আলাদাভাবে খতিয়ে দেখছেন প্রধান শিক্ষক।

শুধু বইয়ের পাঠ শেষ করাই নয়, বরং প্রতিটি বিষয় যেন পড়ুয়ারা ভালোভাবে বুঝতে পারে, সেই লক্ষ্যেই চলছে পাঠদান। সামনে বার্ষিক পরীক্ষা। ফলে ছুটির সময়টুকুকে কাজে লাগিয়ে পরীক্ষার প্রস্তুতিও এগিয়ে রাখার চেষ্টা চলছে। তবে এই উদ্যোগের সবচেয়ে উল্লেখযোগ্য দিক শুধুমাত্র শিক্ষাদানের মধ্যে সীমাবদ্ধ নয়। কারণ, প্রধান শিক্ষক চিত্তরঞ্জন সরকার বুঝেছেন, এই এলাকার অনেক শিশুর কাছে স্কুলের মিড ডে মিলও অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্কুল বন্ধ থাকায় সেই খাবার থেকেও তারা আপাতত বঞ্চিত। তাই পড়াশোনার পাশাপাশি শিশুদের জন্য নিজের উদ্যোগে টিফিনের ব্যবস্থাও করেছেন তিনি। কখনও কেক-বিস্কুট, কখনও মিষ্টি, আবার কোনও দিন পাউরুটি আবার কোনো দিন ছাত্র-ছাত্রীদের প্রিয় লিট্টি চোখার ব্যবস্থাও নিজের সামর্থ্য অনুযায়ী চেষ্টা করে থাকেন।  ফলে প্রতিদিনের এই দু'ঘণ্টার ক্লাস শিশুদের কাছে হয়ে উঠেছে পড়াশোনার পাশাপাশি আনন্দেরও একটি জায়গা। বই-খাতার সঙ্গে জুড়েছে সামান্য টিফিন আর শিক্ষকের স্নেহ-ভালোবাসা।

প্রধান শিক্ষক চিত্তরঞ্জন সরকারের বক্তব্য, স্কুল খুললেই বার্ষিক পরীক্ষা শুরু হবে। দীর্ঘদিন পড়াশোনার বাইরে থাকলে অনেক পড়ুয়াই আগের শেখা বিষয় ভুলে যেতে পারে। বিশেষ করে যেসব শিশুর বাড়িতে নিয়মিত পড়াশোনার পরিবেশ নেই, তাদের ক্ষেত্রে এই সমস্যা আরও বেশি। সেই কারণেই ছুটির মধ্যেও পড়ুয়াদের সঙ্গে যোগাযোগ রেখে তাদের পড়াশোনার অভ্যাস বজায় রাখার চেষ্টা করছেন তিনি। অঙ্ক ও ইংরেজির উপর বিশেষ নজর দেওয়া হচ্ছে, যাতে বার্ষিক পরীক্ষার আগে তারা নিজেদের আরও ভালোভাবে প্রস্তুত করতে পারে। সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগেই চলছে এই বিশেষ ক্লাস।

অন্যদিকে, প্রধান শিক্ষকের এই উদ্যোগে খুশি পড়ুয়া এবং অভিভাবকরাও। কারণ, ছুটির দিনগুলিতে শিশুরা শুধুমাত্র বাড়িতে বসে সময় কাটাচ্ছে না, বরং নিয়মিত পড়াশোনার সঙ্গে যুক্ত থাকছে। একই সঙ্গে একজন শিক্ষকের কাছ থেকে পাচ্ছে বাড়তি যত্ন এবং প্রয়োজনীয় পরামর্শ। বর্তমান সময়ে শিক্ষার প্রসার নিয়ে নানা আলোচনা হয়। সরকারি উদ্যোগ, পরিকাঠামো উন্নয়ন, বিভিন্ন প্রকল্প—সবকিছুর মধ্যেই শিক্ষার মূল লক্ষ্য হল সমাজের প্রতিটি শিশুর কাছে শিক্ষার সুযোগ পৌঁছে দেওয়া। কিন্তু বাস্তবের মাটিতে সেই লক্ষ্য পূরণে অনেক সময় ব্যক্তিগত উদ্যোগও অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। দক্ষিণ শান্তিনগরের এই ঘটনা যেন তারই একটি উদাহরণ।

স্কুলের ঘণ্টা বাজছে না, নিয়মিত ক্লাসরুমও আপাতত বন্ধ। তবুও  বিদ্যালয়ের বারান্দায় প্রতিদিন চলছে শিক্ষার পাঠ। একদিকে বার্ষিক পরীক্ষার প্রস্তুতি, অন্যদিকে শিশুদের মুখে হাসি ফোটানোর ছোট্ট প্রয়াস। আর এই সমস্ত কিছুর নেপথ্যে রয়েছেন শিক্ষক চিত্তরঞ্জন সরকার। তাঁর এই উদ্যোগ আরও একবার প্রমাণ করল, শিক্ষার আলো ছড়ানোর জন্য সবসময় বড় পরিকাঠামো কিংবা বিশেষ আয়োজনের প্রয়োজন হয় না। প্রয়োজন হয় সদিচ্ছা, আন্তরিকতা এবং নিজের দায়িত্বের প্রতি নিষ্ঠা। স্কুল বন্ধ থাকতে পারে, কিন্তু একজন শিক্ষকের দায়িত্ববোধ যখন জেগে থাকে, তখন শিক্ষার দরজা কখনও বন্ধ হয় না।

আরও পড়ুন, নাগরিকত্ব পাওয়ার দিনগোনা শুরু! নকশালবাড়িতে বাংলাদেশি হিন্দুদের নথিপত্র যাচাই শুরু প্রশাসনের

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

টেলিভিশনে হাতেখড়ি। প্যাশন ডিজিটাল। অনলাইন সাংবাদিকতা মানে শুধু অনলাইনে খবর লেখা নয়, ডিজিটাল মানে ডেটা নিয়ে 'খেলা'! সংখ্যাতত্ত্বের সাংবাদিকতা! অন সেকেন্ড ডেটার চুলচেরা বিশ্লেষণে নেওয়া ডিজিটাল স্ট্র্যাটেজি। ১২ বছর ধরে মিলিয়ে যাচ্ছি লেখা আর ডেটার খেলা। রাজ্য থেকে দেশ, বিশ্ব থেকে বিবিধ, রাজনীতি থেকে কূটনীতি- সংবাদ নিয়ে সংখ্যাতত্ত্বের 'খেলা'ই আমার ফোকাস।

ZEENEWS TRENDING STORIES