নারায়ণ সিংহ রায়: সফলভাবে সম্পন্ন উত্তরাখণ্ডের দুর্গম লামখাগা পাস অভিযান। সাফল্যের নতুন শিখরে নর্থ বেঙ্গল এক্সপ্লোরার্স ক্লাব। ১৭,৩২০ ফুট উচ্চতায় লামখাগা পাস অভিযানে অনন্য কৃতিত্ব। নর্থ বেঙ্গল এক্সপ্লোরার্স ক্লাবের সদস্যদের এক অসাধারণ সাফল্যে গর্বিত গোটা ক্লাব সহ সমগ্র শিলিগুড়িবাসী।
উত্তরাখণ্ড ও হিমাচল প্রদেশকে সংযুক্তকারী ভারতীয় হিমালয়ের অন্যতম দুর্গম উচ্চতাজনিত ট্রেকিং রুট লামখাগা পাস (৫,২৮২ মিটার বা ১৭,৩২০ ফুট) অভিযানে অংশগ্রহণকারী সদস্যরা ছিলেন দীপঙ্কর দে, বাবলা দে, আজিমুন আখতার (সোনালী), শ্রীমতী আগমনী দত্ত, শুভেন্দু ভট্টাচার্য ও ঋতেশ কুমার কেডিয়া। গত ১৮ অক্টোবর উত্তরাখণ্ডের হর্ষিল থেকে শুরু হয় এই দুঃসাহসিক অভিযান। পরবর্তীতে ২০ অক্টোবর দলটি ১৪,৪২০ ফুট উচ্চতায় কানাতাল বেস ক্যাম্প স্থাপন করে। সেখান থেকেই শুরু হয় চূড়ান্ত অভিযানের প্রস্তুতি।

২২ অক্টোবর ভোর ৫টা ৩০ মিনিটে শুভেন্দু ভট্টাচার্য ও দীপঙ্কর দে লামখাগা পাসের উদ্দেশ্যে চূড়ান্ত আরোহণ শুরু করেন। প্রতিকূল পাহাড়ি পরিবেশ, দুর্গম পথ এবং উচ্চতার চ্যালেঞ্জকে সামনে রেখেই এগিয়ে চলেন তাঁরা। অবশেষে সকাল ৯টা ৩০ মিনিটে শুভেন্দু ভট্টাচার্য ১৭,৩২০ ফুট উচ্চতায় লামখাগা পাসের শীর্ষে পৌঁছে এক উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেন। অন্যদিকে, প্রায় ১৫,৮০০ ফুট উচ্চতা পর্যন্ত আরোহণের পর দীপঙ্কর দে শারীরিক পরিস্থিতি বিবেচনা করে বেস ক্যাম্পে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন।

এই অভিযান ছিল সহনশীলতা, সাহস, আত্মবিশ্বাস, দলগত সংহতি এবং অদম্য মানসিক শক্তির এক কঠিন পরীক্ষা। হিমালয়ের প্রতিকূল ও দুর্গম ভূখণ্ডে প্রতিটি পদক্ষেপে অভিযাত্রীরা তাঁদের দৃঢ় সংকল্প ও প্রকৃত অভিযাত্রীসুলভ মানসিকতার পরিচয় দিয়েছেন। লামখাগা পাস অভিযানে এই সাফল্য নর্থ বেঙ্গল এক্সপ্লোরার্স ক্লাবের অভিযাত্রী ঐতিহ্যকে আরও সমৃদ্ধ করল।

এই কৃতিত্ব শুধু সংশ্লিষ্ট সদস্যদের ব্যক্তিগত অর্জন নয়, বরং গোটা ক্লাবের কাছে এক গর্বের অধ্যায়। ক্লাবের ইসি কমিটির সদস্য শুভজিৎ ভদ্র জানিয়েছেন, অভিযাত্রী দলের সকলেই সুস্থ আছেন এবং দলটি আগামী ২৬ অক্টোবর, সোমবার বিকেলে শিলিগুড়ি পৌঁছাবে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)