চিকেন নেক দিয়ে বিলুপ্তপ্রায় প্যাঙ্গোলিনের ২.৫ কেজি আঁশ পাচার? বড়সড় ছক বানচাল! ধৃত ১
Siliguri Corridor smuggling: ভূ-কৌশলগত দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই শিলিগুড়ি করিডোর বা চিকেন নেক অঞ্চলটি নেপাল, ভূটান ও বাংলাদেশ সীমান্তের কাছাকাছি হওয়ায় এটি আন্তর্জাতিক পাচারকারীদের পছন্দের রুট হয়ে উঠছে কি না, সে বিষয়ে কড়া নজর রাখছেন গোয়েন্দারা। ধৃতের বিরুদ্ধে সালের অস্ত্র আইন এবং বন্যপ্রাণী সংরক্ষণ আইনে মামলা রুজু করা হয়েছে।
নারায়ণ সিংহ রায়: আন্তর্জাতিক সীমান্তঘেঁষা অত্যন্ত স্পর্শকাতর ভূ-রাজনৈতিক এলাকা 'চিকেন নেক' বা শিলিগুড়ি করিডোরকে ব্যবহার করে বেআইনি অস্ত্র ও বন্যপ্রাণীর অঙ্গপ্রত্যঙ্গ পাচারের ছক ভেস্তে দিল বন বিভাগ। সুকনায় আগ্নেয়াস্ত্র ও প্যাঙ্গোলিনের আঁশ-সহ গ্রেপ্তার এক। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে সোমবার রাতে অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ প্যাঙ্গোলিনের আঁশ সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে সুকনা রেঞ্জের স্পেশাল ইউনিট। ধৃতের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। এই ঘটনার জেরে চিকেন নেক বা শিলিগুড়ি করিডোরে বাড়ছে নজরদারি।
বন দপ্তর সূত্রে জানা গিয়েছে, সোমবার মাঝরাতে শিলিগুড়ি খাপরাইল এলাকায় এই অভিযান চালানো হয়। সুকনা রেঞ্জের বিশেষ টিমের অভিযানে উদ্ধার হয়েছে একটি বন্দুক (SBBL gun), ৩ রাউন্ড কার্তুজ এবং প্রায় ২.৫ কেজি বিলুপ্তপ্রায় পঙ্গোলিনের আঁশ। ঘটনায় মূল অভিযুক্ত মাটিগাড়ার ফুলবাড়ি অঞ্চলের বাসিন্দা ৫৫ বছর বয়সী দীলিপ দর্জিকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতের বিরুদ্ধে সালের অস্ত্র আইন এবং বন্যপ্রাণী সংরক্ষণ আইনে মামলা রুজু করা হয়েছে।
ভূ-কৌশলগত দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই শিলিগুড়ি করিডোর বা চিকেন নেক অঞ্চলটি নেপাল, ভূটান ও বাংলাদেশ সীমান্তের কাছাকাছি হওয়ায় এটি আন্তর্জাতিক পাচারকারীদের পছন্দের রুট হয়ে উঠছে কি না, সে বিষয়ে কড়া নজর রাখছেন গোয়েন্দারা। উদ্ধার হওয়া অস্ত্র ও পঙ্গোলিনের আঁশ প্রতিবেশী কোনও দেশে পাচারের উদ্দেশ্যে এখানে আনা হয়েছিল কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে। ধৃত অভিযুক্তকে মঙ্গলবার কার্শিয়াং আদালতে তোলা হলে আদালত তার জামিনের আবেদন খারিজ করে দেয় এবং তিনদিনের বিচার বিভাগীয় হেফাজতে পাঠায়। এই চক্রের পেছনে আন্তর্জাতিক বা আন্তঃরাজ্য পাচারকারী দলের যোগসূত্র খুঁজে বের করতে পরবর্তীতে ধৃতকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে বন বিভাগ।
এই বিষয়ে টেলিফোনে সুকনার রেঞ্জার দীপক রসেইলি জানান, "চিকেন নেক সংলগ্ন এই এলাকা কৌশলগতভাবে অত্যন্ত সংবেদনশীল। আমরা গোপন সূত্রে খবর পাই যে শিলিগুড়ি খাপরাইল এলাকায় বেআইনি অস্ত্রসহ বন্যপ্রাণীর দেহাংশ পাচারের উদ্দেশ্যে জড়ো করা হয়েছে। খবর পাওয়া মাত্রই আমাদের একটি টিম দ্রুত সেখানে হানা দিয়ে অভিযুক্তকে ধরে ফেলে। প্রাথমিক তদন্তে আমাদের অনুমান, এই গ্যাংয়ের সাথে আরও কয়েকজন যুক্ত রয়েছে। আন্তর্জাতিক সীমান্ত পার করার কোনো ছক ছিল কি না, আমরা পুরো বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করে দেখছি। খুব শীঘ্রই এই চক্রের বাকি সদস্যদেরও ধরা সম্ভব হবে বলে আশাবাদী।" ইতিমধ্যেই এই ঘটনার তদন্ত শুরু করেছে বন বিভাগ। করিডোর সংলগ্ন বিস্তীর্ণ বনভূমি ও সীমান্ত লাগোয়া এলাকাগুলোতে নজরদারি আরও জোরদার করা হয়েছে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)