অরূপ বসাক: দীর্ঘদিনের দাবি অবশেষে পূরণ হতে চলেছে ডুয়ার্সবাসীর। আগামী ৯ অক্টোবর থেকে ডুয়ার্সের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা হয়ে কলকাতা রুটে চালু হতে চলেছে সরকারি এসি স্লিপার বাস পরিষেবা। ইতিমধ্যেই বাসটির ট্রায়াল রান সম্পন্ন হয়েছে। কলকাতা থেকে শিলিগুড়ি হয়ে ডুয়ার্সের ওদলাবাড়িতে পৌঁছয় ঝাঁ-চকচকে নতুন এই এসি স্লিপার বাস। সেখানে স্থানীয় বাসিন্দাদের পক্ষ থেকে বাসের কর্মীদের ফুলের তোড়া দিয়ে স্বাগত জানানো হয়। পাশাপাশি খাদা পরিয়ে ও মিষ্টিমুখ করিয়ে তাঁদের অভ্যর্থনা জানান স্থানীয়রা।
স্থানীয়দের দীর্ঘদিনের দাবি ছিল, ডুয়ার্সের বিভিন্ন এলাকা থেকে সরাসরি কলকাতা যাওয়ার জন্য সরকারি বাস পরিষেবা চালু করা হোক। কারণ, সবসময় ট্রেনে টিকিট পাওয়া সম্ভব হয় না। অথচ ডুয়ার্সের উপর দিয়ে কলকাতাগামী কোনও সরকারি বাস পরিষেবা এতদিন ছিল না। জানা গিয়েছে, আগামী ৯ অক্টোবর থেকে সরকারি এই বাসটি জয়গাঁ, হাসিমারা, মাদারিহাট, তেলিপাড়া, বিন্নাগুড়ি, বানারহাট, নাগরাকাটা, চালসা, মালবাজার, ডামডিম, ওদলাবাড়ি, গজলডোবা ও শিলিগুড়ি হয়ে কলকাতায় যাবে।
প্রতিদিন দুটি বাস আপ-ডাউন করবে বলে জানা গিয়েছে। যাত্রীদের সুবিধার জন্য মালবাজার থেকে টিকিট বুকিংয়ের ব্যবস্থা থাকবে। পাশাপাশি অনলাইনেও টিকিট পাওয়া যাবে বলে জানা গিয়েছে। স্থানীয় সূত্রে খবর, সাধারণ যাত্রীদের কথা মাথায় রেখে এই পরিষেবার ভাড়াও তুলনামূলকভাবে কম রাখা হয়েছে। দীর্ঘদিনের দাবি পূরণ হতে চলায় নতুন এই বাস পরিষেবা নিয়ে স্বাভাবিকভাবেই খুশি ডুয়ার্সের বাসিন্দারা।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)