নারায়ণ সিংহরায়: বাড়ি থেকে চলছিল জাল আধার কেন্দ্র। সুকনা আর্মি ইন্টেলিজেন্স ও মাটিগাড়া পুলিসের যৌথ অভিযানে পর্দাফাঁস। দুই অবৈধ বাংলাদেশি নাগরিক-সহ গ্রেফতার কেন্দ্রের মালিকের স্ত্রী। পলাতক কেন্দ্রের মালিক রিপন রায়।
শিলিগুড়ির মাটিগাড়া থানার শীশাবাড়ি এলাকায় বাড়ি থেকে চলা একটি জাল আধার কেন্দ্রের পর্দাফাঁস করল সুকনা আর্মি ইন্টেলিজেন্স ও মাটিগাড়া থানার সাদা পোশাকের পুলিস। অভিযানে জাল আধার কার্ড তৈরি করতে আসা দুই অবৈধ বাংলাদেশি নাগরিক সুশীল রায় (৪৫) ও লিটু মহন্ত (৪৫)-কে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি জাল আধারকেন্দ্রের মালিক রিপন রায়ের স্ত্রী পবিত্রা রানি রায়কেও গ্রেফতার করেছে পুলিস। তবে অভিযানের খবর পেয়ে রিপন রায় পালিয়ে যায়।
পুলিস সূত্রে জানা গিয়েছে, বৈধ নথিপত্র ছাড়াই আধার কার্ড তৈরি করে দেওয়ার জন্য রিপন রায় ১০ হাজার টাকা করে নিত বলে অভিযোগ। অভিযানের সময় তার বাড়িতে তল্লাশি চালিয়ে ৮টি জাল আধার কার্ড, জাতিগত শংসাপত্র, আধার কার্ডের ফর্ম-সহ বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস উদ্ধার করা হয়েছে। ধৃত ৩ জনকে শিলিগুড়ি আদালতে পেশ করা হবে। পলাতক রিপন রায়ের খোঁজে তল্লাশি চলছে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)