রণজয় সিংহ: বর্ষা বিদায় নিতেই প্রকৃতির রং বদলেছে আদিনায়। সবুজে মোড়া জঙ্গলের আনাচে-কানাচে এখন শোনা যাচ্ছে ডানা ঝাপটানোর শব্দ আর পাখিদের কিচিরমিচির। মালদহের গাজোলের আদিনা ডিয়ার ফরেস্ট যেন ধীরে ধীরে পরিণত হয়েছে পরিযায়ী পাখিদের ঠিকানায়। শীতের মরশুম পুরোপুরি শুরু না হলেও ইতিমধ্যেই দক্ষিণ ভারত-সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা পরিযায়ী পাখিদের আনাগোনায় মুখর হয়ে উঠেছে এলাকা।
আর পাখিদের এই মেলা দেখতে ভিড় বাড়ছে পর্যটক ও পাখিপ্রেমীদেরও। এবার তৎপর বনদফতর পাখিদের এই আগমন ঘিরেই। ইতিমধ্যেই শুরু হয়েছে পরিযায়ী পাখি গণনার কাজ। বনদফতরের অভিজ্ঞ কর্মী ও আধিকারিকদের একটি বিশেষ দল বৈজ্ঞানিক পদ্ধতিতে পাখিদের সংখ্যা নথিভুক্ত করছেন। দূরবীন ও ক্যামেরা হাতে জঙ্গলের বিভিন্ন প্রান্তে চলছে পর্যবেক্ষণ ও গণনা।
বনদফতর সূত্রে আশা করা হচ্ছে, গত বছরের তুলনায় এ বছর আদিনা ডিয়ার ফরেস্টে পরিযায়ী পাখির সংখ্যা আরও বাড়তে পারে। বনদফতরের এক আধিকারিক জানান, রায়গঞ্জের কুলিক ফরেস্টের পর মালদার আদিনা ডিয়ার ফরেস্টও পরিযায়ী পাখির বিচরণে নতুন রেকর্ড গড়ার সম্ভাবনা তৈরি করেছে। অনুকূল পরিবেশের কারণেই এবার বেশি সংখ্যক পাখির আগমন ঘটেছে বলে মনে করা হচ্ছে।
তবে ঠিক কত সংখ্যক পরিযায়ী পাখি এবছর আদিনায় এসেছে, তা জানতে এখনও চলছে গণনার কাজ। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই এই পাখিরা ফের নিজেদের আবাসস্থলের উদ্দেশে পাড়ি দেবে। তার আগেই আদিনায় আসা পাখিদের চূড়ান্ত সংখ্যা নথিভুক্ত করতে ব্যস্ত বনদফতর। শীতের ছুটিতে আদিনার এই পাখির মেলা দেখতে ইতিমধ্যেই পর্যটক ও পাখিপ্রেমীদের আনাগোনা শুরু হয়েছে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)