ভুয়ো বিল তৈরি কলেজের টাকা তছরুপ! অধ্যক্ষের ঘরের সামনে বিক্ষোভ ABVP-র
মালদহের গৌড় মহাবিশ্ববিদ্যালয়ে আর্থিক তছরুপের অভিযোগ। অধ্যক্ষের ঘরের সামনে বিক্ষোভ ABVP-র। নিরপেক্ষ তদন্ত ও প্রয়োজনী ব্য়বস্থা নেওয়ার দাবি তুলেছেন বিক্ষোভকারীরা।
রণজয় সিংহ: স্রেফ কলেজের তহবিল তছরুপ নয়, সঙ্গে আবার ভুয়ো বিলও! পুরাতন মালদহের গৌড় মহাবিদ্যালয়ের অধ্যক্ষের ঘরের সামনে বিক্ষোভ দেখালেন AVBP-র সদস্যরা। নিরপেক্ষ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছেন তাঁরা। মুখ কুলুপ অধ্যক্ষের।
আগে ছিল উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীনে। এখন গৌড় মহাবিদ্যালয় বা কলেজটির গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীনে। অভিযোগ, চলতি অর্থবর্ষে ১৫ অগাস্ট ও শিক্ষক দিবসের অনুষ্ঠানের জন্য অধ্যক্ষের স্বাক্ষর ছাড়া প্রায় ৫০ হাজার টাকার ভুয়ো বিল তৈরি করে কলেজ ফান্ড থেকে টাকা তোলা হয়েছে। বস্তুত, আগেও নাকি একই কায়দায় কলেজের টাকা তছরূপ করা হয়েছে!
ABVP-র মালদা জেলার নেতা রিপন ঘোষের দাবি, কলেজে ফান্ডের টাকার থেকে যা খরচ করা হয়েছে, তার হিসেব প্রকাশ করতে হবে। হিসেবে গরমিল থাকলে নিরপক্ষে তদন্ত করে ব্যবস্থা নিতে হবে। যদিও ছাত্র সংগঠনের দাবি নিয়ে কোন মন্তব্য করতে চাননি গৌড় মহাবিদ্যালয়ের অধ্যক্ষ।
এদিকে ছাত্র পরিষদের ডেপুটেশনকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল মালদা কলেজে। এদিন মালদা দক্ষিণের কংগ্রেস সাংসদ ঈসা খান চৌধুরী নেতৃত্বে কলেজে ডেপুটেশন দিতে যান ছাত্র পরিষদের সদস্যরা। কিন্তু গেটের সামনে তাঁদের ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে শুরু করেন ABVP সদস্য়। দু'পক্ষে স্লোগান-পালটা স্লোগানে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। কলেজে মোতায়েন পুলিস ও কেন্দ্রীয় বাহিনী।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)