সুইস স্ত্রী, দাদার সঙ্গে সংঘাতে দেশছাড়া! মমতার টানে কংগ্রেস-তৃণমূলে যোগ, প্রয়াত প্রাক্তন TMC বিধায়ক
Abu Naser Khan Choudhury death: প্রধানমন্ত্রীর দফতরে নালিশ জানানোর রাতেই কোনও কারণ না দেখিয়ে আবু নাসের ও তাঁর স্ত্রী এস্থারকে ভারত ছাড়ার নির্দেশ দেওয়া হয়। গণি খান চৌধুরীর মৃত্যুর (২০০৬) পর আবু নাসের খান চৌধুরী মালদায় ফিরে আসেন। ২০১৫ সালে তিনি ভারতীয় জাতীয় কংগ্রেস ছেড়ে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসে যোগ দেন।
রণজয় সিংহ: প্রয়াত হলেন মালদার কৌতুয়ালী বাড়ির সদস্য তথা সুজাপুর বিধানসভার প্রাক্তন তৃণমূল বিধায়ক আবু নাসের খান চৌধুরী(লেবু)। দীর্ঘদিন ধরে বয়স্কজনিত রোগে অসুস্থ ছিলেন তিনি। কলকাতার এক বেসরকারি নাসিংহোমে ভর্তি ছিলেন। মৃত্যুকালে প্রাক্তন বিধায়কের বয়স হয়েছিল ৯২বছর।
আবু নাসের খান চৌধুরীর পরিচয়
১৯৫১ সাল মালদা কলেজ থেকে ম্যাট্রিকুলেশন এবং ১৯৫৬ সালে মালদা কলেজ থেকে স্নাতক হন আবু নাসের খান চৌধুরী। এরপর বিদেশে চলে যান তিনি। ১৯৬৫ সালে লিভারপুল বিশ্ববিদ্যালয় থেকে তাঁর প্রাথমিক স্নাতকোত্তর অধ্যায়ন এবং ইংল্যান্ডের লিসেস্টার বিশ্ববিদ্যালয় থেকে ১৯৭৬ সালে এমফিল সম্পন্ন করেন। তিনি ১৯৮৬ সালে সুইজারল্যান্ডের জুরিখ বিশ্ববিদ্যালয় থেকে তার ডক্টরেট ডিগ্রি অর্জন করেন।
সুইস মহিলাকে বিয়ে এবং ভাইয়ের সঙ্গে সম্পর্কে ফাটল
প্রয়াত কংগ্রেস নেতা তথা মালদার রূপকার এবি গণি খান চৌধুরীর ছোট ভাই ছিলেন। আবু নাসের খান চৌধুরী সুইজারল্যান্ডে পড়াশোনা ও বসবাস করতেন। তিনি এস্থার (Esther) নামক একজন সুইস মহিলাকে বিয়ে করেছিলেন। যিনি পূর্বে গণি খান চৌধুরীর স্ত্রী ছিলেন। এই বিষয়ে দুই ভাইয়ের সম্পর্কে গভীর ফাটল হয়। ১৯৮৬ সালে আবু নাসের যখন মালদায় ফিরে আসেন। তখন পৈতৃক সম্পত্তির উত্তরাধিকার নিয়ে দুই ভাইয়ের মধ্যে চরম বিবাদ শুরু হয়। আবু নাসেরের রিট পিটিশন (Writ Petition) অনুযায়ী, ১৯৮৬ সালের ৩ আগস্ট তৎকালীন কেন্দ্রীয় মন্ত্রী গণি খান চৌধুরী পিস্তল দেখিয়ে তাঁকে ও তাঁর স্ত্রীকে বাড়ি ছেড়ে চলে যাওয়ার হুমকি দিয়েছিলেন।পারিবারিক এই বিবাদ এক পর্যায়ে রাষ্ট্রীয় ক্ষমতার ব্যবহারের অভিযোগ পর্যন্ত গড়ায়।
দেশছাড়া হন আবু নাসের
১৯৮৬ সালের অগাস্ট মাসে আবু নাসের তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু এবং দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বুটা সিং ও প্রধানমন্ত্রীর দফতরে এ বিষয়ে অভিযোগ জানান। প্রধানমন্ত্রীর দফতরে নালিশ জানানোর রাতেই কোনও কারণ না দেখিয়ে আবু নাসের ও তাঁর স্ত্রী এস্থারকে ভারত ছাড়ার নির্দেশ দেওয়া হয়। মাত্র আধা ঘণ্টা সময় দিয়ে পরদিন সকালে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে তাঁদের লন্ডনে পাঠিয়ে দেওয়া হয় এবং ভারতে পুনঃপ্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়। আবু নাসের অভিযোগ করেছিলেন, গণি খান চৌধুরী তাঁর মন্ত্রিত্বের প্রভাব খাটিয়ে তাঁকে নিজের দেশ ও পৈতৃক ভিটে থেকে উচ্ছেদ করেছেন। পরবর্তীতে দীর্ঘ আইনি লড়াইয়ের মাধ্যমে তিনি দেশে ফেরার অধিকার পান।
আবু নাসেরের দেশে প্রত্যাবর্তন
গণি খান চৌধুরীর মৃত্যুর (২০০৬) পর আবু নাসের খান চৌধুরী মালদায় ফিরে আসেন। বছর তিনেক পর সক্রিয় রাজনীতির ময়দানে নামেন। জাতীয় কংগ্রেস টিকিটে সুজাপুর বিধানসভার উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং বিধায়ক হন। ২০১১ সালেও বিধানসভা নির্বাচনে সুজাপুর থেকে জয়লাভ করেন। মমতা সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি দফতরের প্রতি মন্ত্রী হিসেবে দায়িত্ব পান।
তৃণমূলের বিধায়ক আবু নাসের আলি
২০১২ সালের সেপ্টেম্বরে কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন সরকার থেকে সমর্থন প্রত্যাহার করলে তিনি মন্ত্রিত্ব থেকে ইস্তফা দেন। ২০১৫ সালে তিনি ভারতীয় জাতীয় কংগ্রেস ছেড়ে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসে যোগ দেন। ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে তিনি তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে সুজাপুর থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন। তবে কংগ্রেস প্রার্থী ঈশা খান চৌধুরীর কাছে পরাজিত হন। এরপর থেকে কার্যত রাজনৈতিক মাঠ থেকে দূরে সরে যেতে থাকেন।
আরও পড়ুন: কোটি টাকার রহস্যভেদে মধ্যরাতে অ্যাকশন! TMC বিধায়কের বাড়িতে CID, কোথায় শামিম আহমেদ?
আবু নাসের খান চৌধুরীর স্ত্রী এস্থারের মৃত্যুর পর মালদায় আবার বিয়ে করেছিলেন। শেষ বয়সে দ্বিতীয় স্ত্রীর সঙ্গেই ছিলেন তিনি। ঈষা খান চৌধুরী জানান, তাঁর জেঠুর মৃত্যুতে শোকাহত ও মর্মাহত। মৌসম বেনজির নুর বলেন, 'আমার মামার মৃত্যুতে শোকাহত ও মর্মাহত। আমাদের পরিবারের সদস্য ছিলেন তিনি।' কৌতুয়ালিতে তাঁর শেষকর্ম করা হবে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)