কৃষ্ণনবমীতেই শুরু হল চাঁচল রাজবাড়ির পুজো! ৩৭৫ বছরের ঐতিহ্যে আজও অমলিন পাহাড়পুর
Durga Puja 2026: পুজোর পাশাপাশি রোজ সন্ধেয় হবে চণ্ডীপাঠ। পাহাড়পুরের দেবী চতুর্ভুজা সিংহবাহিনী
রণজয় সিংহ: এখনও বেশ কয়েক দিনের অপেক্ষা। তবে তার আগেই রবিবার কৃষ্ণনবমীর তিথিতে শুরু হয়ে গেল মালদার চাঁচল রাজবাড়ির ঐতিহ্যবাহী পুজো। চাঁচল থেকে প্রায় দু’কিলোমিটার দূরে পাহাড়পুরের চণ্ডীমণ্ডপে প্রথা মেনেই শুরু হল দেবীর আরাধনা।
কৃষ্ণনবমীর সকালে মরা মহানন্দার সতীঘাট থেকে তামার কলসে জল ভরে ঘট প্রতিষ্ঠার মধ্য দিয়ে শুরু হয় গেল পুজো। পুরোহিত সৌমিত্র চক্রবর্তী, অচিন্ত মিশ্র, টিটু বন্দ্যোপাধ্যায় ও সুরজিৎ বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে সম্পন্ন হয় পুজোর প্রাথমিক আচার। ষষ্ঠীর সন্ধ্যায় চণ্ডীমণ্ডপে আনা হবে দেবীর মূর্তি। তার আগে পর্যন্ত প্রতিদিন নিয়ম মেনে ঘটেই চলবে পুজো।
শুধু পুজো নয়, প্রতিদিন সন্ধ্যায় হবে চণ্ডীপাঠ। ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত দেবীর বিসর্জনের আগে পর্যন্ত চলবে এই রীতি। পাহাড়পুরের এই চণ্ডীমণ্ডপের দেবী চতুর্ভুজা সিংহবাহিনী। স্থানীয়দের কাছে এটি শুধুমাত্র একটি পুজো নয়,বরং দীর্ঘদিনের ঐতিহ্য,আবেগের। নিষ্ঠা ও বিশ্বাসের সঙ্গে জড়িয়ে রয়েছে এই পুজো।
কথিত আছে, ষোড়শ শতাব্দীর শেষভাগে চাঁচলের রাজা রামচন্দ্র রায় চৌধুরীর হাত ধরে এই পুজোর সূচনা। প্রায় ৩৭৫ বছরেরও বেশি সময় ধরে সেই পুজো চলে আসছে একই রীতিনীতি মেনে। চাঁচল রাজবাড়ির পুজো হিসেবেই পরিচিত পাহাড়পুরের এই পুজো।
আরও পড়ুন-
স্থানীয়দের বিশ্বাস, পাহাড়পুর চণ্ডীমণ্ডপের দেবী গোটা এলাকাকে সুরক্ষিত রাখেন। সেই বিশ্বাস আর আবেগের টানেই পুজোর দিনগুলিতে একবার হলেও চণ্ডীমণ্ডপে হাজির হন চাঁচল ও আশপাশের এলাকার মানুষ।
তবে সময় বদলেছে। নেই রাজা, নেই রাজপাট। বিক্রি হয়ে গিয়েছে রাজবাড়িও। অথচ ইতিহাসের সাক্ষী হয়ে আজও টিকে রয়েছে রাজবাড়ির পুজো। দুর্মূল্যের বাজারে বর্তমানে ট্রাস্টি বোর্ডের বরাদ্দ মাত্র ৯ হাজার টাকা। ফলে পুজোর ভার অনেকটাই কাঁধে তুলে নিয়েছেন স্থানীয় বাসিন্দারাই।
পাহাড়পুর, গিলাবাড়ি-সহ চাঁচলের সাধারণ মানুষের সাহায্য ও সহযোগিতাতেই এখনও জাঁকজমক করে পালিত হয় এই প্রাচীন পুজো। রাজপরিবারের জৌলুস হয়তো নেই, কিন্তু কয়েকশো বছরের ঐতিহ্য আর মানুষের আবেগে আজও অমলিন পাহাড়পুর চণ্ডীমণ্ডপের পুজো।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)