রণজয় সিংহ: আবাস যোজনায় বড় রকমের দুর্নীতি এবং স্বজনপোষণের অভিযোগ। ১০ হাজার টাকা কাটমানি দিয়েও মেলেনি ঘর। বিজেপি সমর্থক হওয়ার জন্য চক্রান্ত করে উপভোক্তাদের নাম বাদ দেওয়ার অভিযোগ। কাঠগড়ায় তৃণমূলের পঞ্চায়েত সদস্যা এবং তাঁর স্বামী। মুখ্যমন্ত্রী সহ জেলা প্রশাসন মহকুমা প্রশাসন এবং ব্লক প্রশাসনের কাছে অভিযোগ দায়ের। রাজ্যসড়ক অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভে ফেটে পড়লেন বঞ্চিত উপভোক্তারা।
বৃহস্পতিবার মালদার হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লকের মালিওর-১ গ্রাম পঞ্চায়েতের অর্জুনা গ্রামের এই বিক্ষোভের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বঞ্চিত উপভোক্তাদের অভিযোগ, স্থানীয় পঞ্চায়েত সদস্যা সীমা মন্ডল এবং তার স্বামী স্বপন মন্ডল আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার জন্য পরিবার পিছু ৮ থেকে ১০ হাজার টাকা করে কাটমানি নেন। কিন্তু ঘরের তালিকায় প্রথমে নাম থাকলেও পরবর্তীতে নাম বাদ দিয়ে দেওয়া হয়। তাদের কাঁচা বাড়ি থাকা সত্ত্বেও তারা আবাসের ঘর থেকে বঞ্চিত। অথচ এলাকায় যাদের পাকা বাড়ি তারা ঘর পেয়ে গেছে। এই ঘটনায় তারা পঞ্চায়েত সদস্যার স্বামীর কাছে টাকা ফেরত চাইলে মিলেছে হুমকি।
বিক্ষোভকারীদের আরও অভিযোগ তারা দীর্ঘদিন ধরে বিজেপির সঙ্গে যুক্ত। সেই কারণেই চক্রান্ত করে তাদের নাম বাদ দিয়েছে তৃণমূল। এই ঘটনায় উপযুক্ত তদন্ত এবং ঘরের দাবিতে এদিন রাস্তায় নেমে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান এলাকার মানুষ। একইসঙ্গে মুখ্যমন্ত্রী সহ প্রশাসনের কাছে সীমা মন্ডল এবং তার স্বামী স্বপন মন্ডলের বিরুদ্ধে লিখিত অভিযোগও দায়ের করেছেন বিক্ষোভকারীরা।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)