উৎসবের মাঝেই গড়িয়ায় হাড়হিম কাণ্ড! লিভ-ইন পার্টনারকে নৃশংস খুন, গ্রেফতার প্রেমিকা ও তার মা
Garia Incident: সঞ্চালিকা বসুর সঙ্গে গড়িয়ার ফর্তাবাদ এলাকার একটি ফ্ল্যাটে ভাড়া থাকতেন সার্থক। গুরুতর জখম অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। ঘটনায় অভিযুক্ত তরুণী সঞ্চালিকা বসু এবং তাঁর মা মৌমিতা বসুকে গ্রেফতার করেছে পুলিস।
তথাগত চক্রবর্তী: উত্সবের আলোয় শহরজুড়ে আনন্দে মেতে উঠেছে সকলে। সেই আবহেই গড়িয়ায় ঘটে গেল গা শিউরে ওঠা ঘটনা। লিভ ইন পার্টনারকে কুপিয়ে খুন। গ্রেফতার প্রেমিকা।
লিভ-ইন পার্টনারকে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের অভিযোগ উঠল এক তরুণীর বিরুদ্ধে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে শনিবার রাতে গড়িয়ার ফর্তাবাদ এলাকার একটি ভাড়ার ফ্ল্যাটে। মৃত যুবকের নাম সার্থক সরকার (২৫)। তাঁর বাড়ি উত্তর ২৪ পরগনার বারাসতে। এই ঘটনায় অভিযুক্ত তরুণী সঞ্চালিকা বসু এবং তাঁর মা মৌমিতা বসুকে গ্রেফতার করেছে পুলিস।
আরও পড়ুন: অভিষেকের বাড়ির সামনে ফের তুলকালাম, মাইক হাতে মমতার হুমকি, 'জনরোষের বিস্ফোরণ যদি ঘটে...'
পুলিস সূত্রে জানা গিয়েছে, সঞ্চালিকা বসুর সঙ্গে গড়িয়ার ফর্তাবাদ এলাকার একটি ফ্ল্যাটে ভাড়া থাকতেন সার্থক। গত শনিবার রাতে ওই ফ্ল্যাটেই দু'জনের মধ্যে অশান্তি বাঁধে। অভিযোগ, বচসা চলাকালীন আচমকাই ধারাল অস্ত্র দিয়ে সার্থকের কাঁধে আঘাত করেন সঞ্চালিকা। গুরুতর জখম অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন।
ঘটনার তদন্তে নেমে অভিযুক্ত তরুণীকে গ্রেফতার করে পুলিস। পাশাপাশি এই ঘটনায় তাঁর মা মৌমিতা বসুরও জড়িত থাকার সন্দেহে তাঁকে গ্রেফতার করা হয়েছে।
তবে ঠিক কী কারণে লিভ-ইন পার্টনারদের মধ্যে অশান্তি বাঁধল? সামান্য বচসা থেকেই কী এমন মর্মান্তিক পরিণতি, নাকি ঘটনার নেপথ্যে রয়েছে অন্য কোনও কারণ? খুনের ঘটনায় অভিযুক্ত তরুণীর মায়ের ভূমিকাই বা কী ছিল? একাধিক প্রশ্নের উত্তর খুঁজছেন তদন্তকারীরা। ধৃত দু'জনকে জিজ্ঞাসাবাদ করে ঘটনার প্রকৃত কারণ জানার চেষ্টা করছে পুলিস।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)