শ্রেয়সী গঙ্গোপাধ্যায়: বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনের চিরাচরিতভাবে দেখা যায় সেই লম্বা গাউন, মাথায় বিদেশি টুপি। এই কলোনিয়াল হ্যাংওভার আর নয়। বিশ্ববিদ্যালয়গুলিতে এবার দেশের ঐতিহ্য মেনে ও হ্যান্ডলুমের উপরে জোর দিয়েই হোক সমাবর্তনের পোশাক। রাজ্যের সব বিশ্ববিদ্যালকে চিঠি পাঠাল উচ্চশিক্ষা দফতর।
সম্প্রতি গাউনের বিরুদ্ধে সওয়াল করেছিলেন উচ্চ শিক্ষামন্ত্রী। তার পরেই ইউজিসির একাধিক ধারা উল্লেখ করে বিশ্ববিদ্যালগুলিকে চিঠি দিল রাজ্যের উচ্চশিক্ষা দফতর। কী ধরনের পোশাক পরতে হবে তার কোনও উল্লেখ করা হয়নি চিঠিতে। তবে হ্যান্ডলুম নির্ভর পোশাক পরারই পরামর্শ দেওয়া হয়েছে ওই চিঠিতে। উচ্চ শিক্ষামন্ত্রী পোশাক পরিবর্তন ও উত্তরীয়র কথা বলেছিলেন। হ্যান্ডলুমের উপরে জোর দেওয়ার কথা তাঁর বক্তব্যে স্পষ্ট হয়েছিল।
উচ্চশিক্ষা দফতরের ওই চিঠিতে বলা হয়েছে, সমাবর্তনে পোশাক হিসেবে যে রোব থাকে তার পরিবর্তে ভারতীয় পোশাকের উপরে জোর দেওয়া হয়েছে। ইউজিসির ৩টি নির্দেশিকা উল্লেখ করা হয়েছে ওই চিঠিতে। রোব ডিজাইনের ক্ষেত্রে ভারতীয় পরম্পরার কথা মাথায় রাখতে বলা হয়েছে।
কী বলেছিলেন উচ্চশিক্ষা মন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়? গত ২০ নভেম্বর জগন্নাথ চট্টোপাধ্যায় বলেন, ভারতীয় মূল্যবোধ থেকে তৈরি, ভারতের শিক্ষা ব্যবস্থায় প্রয়োগের কথা বলছি। তাই এখনও কেন রোব বা হুড পরে সমাবর্তনে আসতে হবে? কোনও আইআইটি বা কোনও এনআইটিতে রোব পরা হয় না। আমরা সেটাই বলার চেষ্টা করছি।
বিশিষ্ট শিক্ষাবিদ পবিত্র সরকার এনিয়ে বলেন, ইউজিসি নামটা বদলে যাক। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন হিন্দিতে রয়েছে। ইংরোজি নামটা ছেড়ে দেওয়া হোক। সমাবর্তনের ধারনাটাই তো বিদেশি ধারনা। সারা পৃথিবীতে বিশ্ববিদ্যালয়গুলিতে যে পোশাক পরে সমাবর্তন হয় তা দেশিকরণের কী আছে? যাদের খেয়াল হয়েছে তা করুক। মানুষের মৌলিক জীবনধারনের পরিবর্তন এতে হবে না। এগুলো আলঙ্কারিক পরিবর্তন, দেখনদারী ব্যাপার। এনিয়ে আমি খুব দুর্ভাবনা করি না।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)