মৌমিতা চক্রবর্তী: জন্মশতবার্ষিকীতে ফের সিলেবাসে সুকান্ত ভট্টাচার্য? পাঠ্যপুস্তকে কিশোর কবির 'রবীন্দ্রনাথের প্রতি'ও ‘আঠারো বছর বয়স’ কবিতা দুটি অন্তর্ভুক্তির দাবি জানিয়ে মু্খ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে চিঠি দিল পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক লেখক শিল্পী সংঘ।
'এ বয়স জেনো ভীরু, কাপুরুষ নয়/ পথ চলতে এ বয়স যায় না থেমে,/ এ বয়সে তাই নেই কোনো সংশয়-/ এ দেশের বুকে আঠারো আসুক নেমে'। তৃণমূল আমলে গোড়ার দিকেই উচ্চমাধ্যমিক স্তরের সিলেবাসে ছিল সুকান্ত ভট্টাচার্যের 'আঠেরো বছর বয়স' কবিতাটি। সঙ্গে আরও একটি কবিতা, 'রবীন্দ্রনাথের প্রতি'-ও। কিন্তু ২০১৪ সালে যখন সিলেবাস বদল করা হয়, তখন উধাও হয়ে যায় দুটি কবিতাই। এরপর কার্যত 'ব্রাত্য'-ই থেকে গিয়েছে কিশোর কবি। তাঁর লেখা কবিতার আর জায়গা হয়নি সিলেবাস।
এখন জমানা বদলেছে। তার উপর এবছর আবার সুকান্ত জন্মশতবর্ষ। এই পরিস্থিতিতে ক্লাস নাইন ও টেনে পাঠ্যপুস্তকে ‘রবীন্দ্রনাথের প্রতি’ আর ইলেভেন-টুয়েলভে ‘আঠারো বছর বয়স’ অন্তভুক্ত করার দাবি তুলল পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক লেখক শিল্পী সংঘ। সংস্থার তরফে আবেদন জানানো হয়েছে মুখ্যমন্ত্রীকে।
এদিকে গত প্রায় এক দশক ধরে অষ্টম শ্রেণির ইতিহাস পাঠ্যবইয়ে থাকা 'সিঙ্গুর আন্দোলন'-এর অংশটি এবার বাদ দেওয়া হচ্ছে। তার পরিবর্তে সেখানে ভারতীয় স্বাধীনতা সংগ্রামের গুরুত্বপূর্ণ কিছু অধ্যায় যুক্ত করা হবে। পাঠ্যক্রমে বিশেষ মর্যাদা দেওয়া হচ্ছে ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের অবদানকেও। তারকেশ্বরের ঐতিহাসিক সভা, ঐতিহাসিক কাশ্মীরযাত্রা এবং পশ্চিমবঙ্গ গঠনে তাঁর অবিসংবাদিত ভূমিকার স্পষ্ট ও সুনির্দিষ্ট তথ্য নতুন পাঠ্যে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)