মা উড়ালপুলে বড় বদল! যানজটের ভোগান্তি কাটাতে বসছে ডিজিট্যাল সাইনেজ ডিসপ্লে বোর্ড
Maa Flyover: মা উড়ালপুলের মুখে বসছে ডিজিটাল সাইনেজ বোর্ড। সেতুতে যানজট আছে কি না, ওঠার আগেই তা দেখা যাবে। ফলে চালকেরা আগেই বিকল্প রাস্তা বেছে নেওয়ার সুযোগ পাবেন। সেতুতে আটকে পড়া গাড়ি ঘোরাতে মিডিয়ান কাট-আউট ৩টি থেকে বাড়িয়ে ৬টি করা হচ্ছে।
অয়ন ঘোষাল: মা উড়ালপুলে সোমবার থেকে ডিজিট্যাল সাইনেজ ডিসপ্লে বোর্ড বসছে। এর ফলে উড়ালপুলে ওঠার আগেই দেখা যাবে সেতুর ওপর কোনও যানজট আছে কিনা। সেই অনুযায়ী গাড়ির চালক সিদ্ধান্ত নিতে পারবেন তিনি সেতুতে উঠবেন নাকি নিচের বিকল্প রাস্তা ধরে যাবেন।
কলকাতা ট্রাফিক পুলিস এই ডিজিট্যাল সাইনেজ ডিসপ্লে বসাচ্ছে। রোড ক্লোজড ওর কনজেস্টেড অ্যাহেড অথবা রোড ক্লিয়ার অপশন সেতুতে ওঠার আগের ডিভাইডার কাটিংয়ে দেখতে পাবেন গাড়ির চালক। প্রয়োজনে তাড়া থাকলে তিনি ওই ডিসপ্লে দেখার পর পরিবর্তিত সিদ্ধান্ত নিতে পারবেন। পাশাপাশি যানজট রুখতে মা উড়ালপুলে মিডিয়ান কাট আউটের সংখ্যা বাড়ছে।
এই উড়ালপুল উত্তর এবং দক্ষিণ কলকাতার সঙ্গে সল্টলেক এবং বিমানবন্দরের লাইফ লাইন। অথচ সেতুতে ওঠার পর কিছুদূর গিয়েই গাড়ি ফেঁসে যায় জ্যামে। কখনও হঠাৎ বিকল হওয়া গাড়ি, কখনও ছোট বড় দুর্ঘটনা। কিন্তু সেই জ্যামে ফেঁসে যাওয়ার আগে নীচের রাস্তা থেকে ঘুণাক্ষরেও টের পাওয়া যায়না সেতুর ওপর গাড়ির কি অবস্থা।
যদি সেতুতে ওঠার পরেও এরকম পরিস্থিতি হয়, তাহলে আর গাড়ি উল্টো মুখে ঘুরিয়ে সেতু থেকে নামার উপায় থাকে না। কারণ এত দীর্ঘ উড়ালপুলে মিডিয়ান কাট আউট মাত্র ৩ টি। এবার সেই কাট আউটের সংখ্যা বেড়ে হবে ৬। ফলে প্রয়োজনে সেই কাট আউট ব্যবহার করে কর্তব্যরত ট্রাফিক পুলিস ফেঁসে যাওয়া গাড়িকে বিপরীত দিকের লেন দিয়ে উল্টো দিকে ঘুরিয়ে নীচে নামিয়ে দেওয়ার ব্যবস্থা করতে পারবেন।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)