জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: '২০৩৬ সালে অভিষেক বন্দ্য়োাধ্যায়'। ফেসবুকে বিস্ফোরক দাবি কুণাল ঘোষের। তিনি লিখেছেন, 'হতে পারি আজ আমরা পরাজিত শিবিরে, জোর করে হারিয়ে দেওয়া দলে, দশরকম ষড়যন্ত্রের বিরুদ্ধে লড়তে হচ্ছে। তবু, আমরা মমতা ব্যানার্জির স্রোতের গর্বিত সৈনিক। আমরা ঘর সাজিয়ে ঠিকমত থাকলে ঘুরে দাঁড়ানো শুধু সময়ের অপেক্ষা। আগামী দিন আবার তৃণমূলের'।
ছাব্বিশে বিধানসভা ভোটের পর ভেঙে খান খান তৃণমূল। দিল্লিতে যখন সাংসদদের বেশিরভাগই চলে দিয়েছেন NCPI-তে, তখন বিধানভায় ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে জোট বেঁধেছেন সিংহভাগ বিধায়কই। এদিন ফেসবুকে দলত্যাগীদের নিশানা করে লম্বা পোস্ট দেন কুণাল। সেই পোস্টেই তাঁর দাবি, 'দুতিনবছর আগে একটি পোস্টে আমি লিখেছিলাম ২০৩৬ সালে অভিষেক ব্যানার্জি মুখ্যমন্ত্রী হবে। দিদির সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেও আমি বলছি, ওই বক্তব্যে আমি এখনও অনড় আছি। বরং, বিজেপি ও তার ধান্ধাবাজ পাল্টিবাজ এজেন্টদের কান্ডকারখানায় মানুষ এতটাই বিরক্ত, যে সময়টা আরও এগিয়ে আসতেই পারে'।
ঋত তৃণমূলের নেতা ঋজু দত্ত বলেন, 'কুনাল ঘোষের পোস্ট আমি খেয়াল করিনি। এত গুরুত্বপূর্ণ ও নয়। কিন্তু ও যদি ছত্রিশে অভিষেক বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হবে, তাহলে কুণাল ঘোষ কি কার্যত মমতা বন্দ্যোপাধ্যায়কে রাজনৈতিক সন্ন্য়াসে পাঠিয়ে দিল? কুণাল ঘোষ মেনে নিল যে, মমতা বন্দ্য়োপাধ্যায়ের আর কোনও রাজনৈতিক ভবিষ্যত্ নেই, নিজের পায়ে দাঁড়াতে পারবে না'। তাঁর স্পষ্ট দাবি, 'এতদিন বড় মালিকের পিছনে ঘুর ঘুর করত, এখন আবার ছোট মালিককে ধরার চেষ্টা করছে। আকাশ কুসুম কল্পনা সবাই করতে পারে। স্বপ্ন দেখা তো অপরাধ হয় না। দায়িত্ব নিয়ে বলছি, বিগত ১৫ বছরে মমতা বন্দ্য়োপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, কুণাল ঘোষরা যা করে গিয়েছে, তাতে আগামী দেড়শো বছরে আর বাংলায় কোনওদিন ক্ষমতায় আসবে না'।
বিজেপি নেতা রাহুল সিনহার কটাক্ষ, পারটা হচ্ছে যখন এতবড় একটা ধাক্কা খেয়েছে, ধাক্কার তো একটি পরিণাম তো হবেই। সেই ধাক্কায় দিবাস্বপ্ন দেখতে শুরু করেছেন। কোনও কারণে এই চাটুকারিতা শুরু করেছে। তবে আমি মনে করি, না পিসি না ভাইপো কারও কোনও অস্বিত্ব থাকবে না'।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)