SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

এল নিনোর 'উলট' খেল! ১২৬ বছরের রেকর্ড বুকে ৫৫৭.৪ মিমি কলকাতার বৃষ্টি

Kolkata record September rain: ১৯০০ থেকে ২০২৬ পর্যন্ত গত ১২৬ বছরে এর চেয়ে বেশি বৃষ্টির সেপ্টেম্বর এসেছে মাত্র তিন বার। এর আগে চতুর্থ স্থানে ছিল ২০০৬। সে বছর সেপ্টেম্বরে কলকাতায় ৫৪১.৮ মিমি বৃষ্টি হয়েছিল।

Written By Sudeshna Paul Saha
Published: Oct 01, 2026, 05:13 PM IST | Updated: Oct 05, 2026, 02:26 PM IST
Image Credit: কলকাতায় রেকর্ড সেপ্টেম্বর রেইন
Join

অয়ন ঘোষাল: এ যেন একেবারে উলটপুরাণ! বলা ভালো এল নিনোর 'উলট' খেল! যেখানে এল নিনোর প্রভাবে বৃষ্টি কম হওয়ার কথা, বৃষ্টিতে ঘাটতি হওয়ার কথা, সেখানে রেকর্ড বৃষ্টি। এত বৃষ্টি যে কলকাতার বৃষ্টি জায়গা করে নিল রেকর্ড বইয়ে। সেপ্টেম্বর মাসে কলকাতার বৃষ্টি জায়গা করে নিয়েছে রেকর্ড বইয়ে। আবহাওয়া দফতরের দেওয়া তথ্য অনুযায়ী, এল নিনোর চোখরাঙানি অগ্রাহ্য করে সেপ্টেম্বরে কলকাতা ৫৫৭.৪ মিমি বৃষ্টি পেয়েছে। যা কিনা রেকর্ড!

ইতিহাস বলছে, ১৯০০ থেকে ২০২৬ পর্যন্ত গত ১২৬ বছরে এর চেয়ে বেশি বৃষ্টির সেপ্টেম্বর এসেছে মাত্র তিন বার। সেই হিসেবে এ বছরের সেপ্টেম্বরকে ১২৬ বছরের চতুর্থ এবং ৫০ বছরের তৃতীয় আর্দ্রতম সেপ্টেম্বর বলা যায়। এককথায়, ১২৬ বছরের রেকর্ড বুকে ৫৫৭.৪ মিমি কলকাতার বৃষ্টি। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ট্রপিক্যাল মিটিওরোলজি (আইআইটিএম) জানাচ্ছে, আবহাওয়া দপ্তরের রেকর্ড অনুযায়ী কলকাতার আর্দ্রতম সেপ্টেম্বর এসেছিল ১৯০০–তে। সে বছর সেপ্টেম্বর মাসে শহরে ১১৫৭ মিমি বৃষ্টি হয়েছিল। আর্দ্রতার নিরিখে দ্বিতীয় ১৯৭৮–এর বন্যার সেই ভয়াবহ বছরের সেপ্টেম্বর। কলকাতায় বৃষ্টি হয়েছিল ৮৯২ মিমি। ৬১৩.৮ মিমি বৃষ্টি পেয়ে তৃতীয় আর্দ্রতম সেপ্টেম্বর ২০২১–এর। তার পরেই ২০২৬। এর আগে চতুর্থ স্থানে ছিল ২০০৬। সে বছর সেপ্টেম্বরে কলকাতায় ৫৪১.৮ মিমি বৃষ্টি হয়েছিল।

বিদায় নেওয়ার আগে শেষবেলায় বর্ষার ঝাপটায় দেশের সামগ্রিক বৃষ্টির ঘাটতিও কিছুটা কমেছে। এক সপ্তাহের মধ্যে গোটা দেশে বৃষ্টির ঘাটতি ১৫ শতাংশ থেকে কমে ১২.৬ শতাংশ হয়েছে বলে জানিয়েছে মৌসম ভবন। বঙ্গোপসাগরে পর পর তৈরি হওয়া নিম্নচাপ এবং উত্তর ভারতে সক্রিয় পশ্চিমি ঝঞ্ঝার প্রভাবেই কিছুটা ঘাটতি পূরণ হয়েছে। আবহাওয়া দপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, ১ জুন থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত দেশে মোট ৭৫৯ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এই সময়ে এমনিতে স্বাভাবিক গড় বৃষ্টির পরিমাণ ৮৬৮.৬ মিলিমিটার (বেশি বৃষ্টি এবং কম বেশির এলাকা মিলিয়ে গড়)। ২১ সেপ্টেম্বর পর্যন্ত দেশে বৃষ্টি হয়েছিল ৬৯৭ মিলিমিটার। পরের ন’দিনে ৬২ মিমি বৃষ্টি ঘাটতি কমিয়েছে প্রায় আড়াই শতাংশ।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

টেলিভিশনে হাতেখড়ি। প্যাশন ডিজিটাল। অনলাইন সাংবাদিকতা মানে শুধু অনলাইনে খবর লেখা নয়, ডিজিটাল মানে ডেটা নিয়ে 'খেলা'! সংখ্যাতত্ত্বের সাংবাদিকতা! অন সেকেন্ড ডেটার চুলচেরা বিশ্লেষণে নেওয়া ডিজিটাল স্ট্র্যাটেজি। ১২ বছর ধরে মিলিয়ে যাচ্ছি লেখা আর ডেটার খেলা। রাজ্য থেকে দেশ, বিশ্ব থেকে বিবিধ, রাজনীতি থেকে কূটনীতি- সংবাদ নিয়ে সংখ্যাতত্ত্বের 'খেলা'ই আমার ফোকাস।

ZEENEWS TRENDING STORIES