SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

১৯ ডিসেম্বরেই ছুটবে বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ মেট্রো! অরেঞ্জে জুড়ছে এবার গৌরকিশোর ঘোষ, নলবন এবং...

Beleghata to Sector V Metro News: মহানগরের মেট্রো-মুকুটে নয়া পালক! শহরের বর্তমান মেট্রো-রুটে যোগ হচ্ছে আরও ৪.৫ কিলোমিটার নয়া মেট্রো-পথ! কবি সুভাষ থেকে কলকাতা বিমানবন্দর মোট ২৯.৮৭ কিলোমিটার মেট্রো-পথের মধ্যে বর্তমানে পরিষেবা চালু কবি সুভাষ থেকে বেলেঘাটা পর্যন্ত, মোট ৯.৯ কিলোমিটার পথে। এবার চালু হচ্ছে বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ রুট। কবে?

Written By Soumitra Sen
Published: Oct 30, 2026, 08:48 AM IST | Updated: Oct 30, 2026, 08:51 AM IST
Join

অয়ন ঘোষাল: মেট্রো সূত্রে খবর, বড়দিনের আগেই, ১৯ ডিসেম্বর আনুষ্ঠানিক ভাবে বাণিজ্যিক যাত্রী পরিষেবা চালু হতে চলেছে অরেঞ্জ লাইন মেট্রোর বেলেঘাটা স্টেশন থেকে আইটি সেন্টার অর্থাৎ, সেক্টর ফাইভ পর্যন্ত। সম্প্রতি সাঁতরাগাছিতে রেলের এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের কাছে এই মর্মে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানানোর প্রস্তাব দিয়েছেন।

৪.৫ কিমি নয়া মেট্রো-পথ

কবি সুভাষ থেকে কলকাতা বিমানবন্দর মোট ২৯.৮৭ কিলোমিটার মেট্রো-পথের মধ্যে বর্তমানে পরিষেবা চালু আছে কবি সুভাষ থেকে বেলেঘাটা পর্যন্ত, মোট ৯.৯ কিলোমিটার পথে। বেলেঘাটা থেকে আইটি সেন্টার অর্থাৎ, সেক্টর ফাইভ পর্যন্ত আরও ৪.৫ কিলোমিটার মেট্রো পথ ডিসেম্বরের ১৯ তারিখেই চালু হচ্ছে বলে খবর। যদিও নিউটাউনের মধ্যে দিয়ে বাকি কাজ এখনও চলছে। যা শেষ করতে আরও কমপক্ষে দু’বছর সময় লাগবে বলেই রেল বিকাশ নিগম লিমিটেডের তরফে জানানো হয়েছে।

আনুষঙ্গিক কাজ

বেলেঘাটা থেকে আইটি সেন্টার পর্যন্ত মেট্রো চালুর আগে আনুষঙ্গিক কাজগুলি সেরে ফেলার প্রক্রিয়া শুরু করল আরসিএনএল। গতকাল রাত ১০ টা থেকে আজ ভোর ৬ টা পর্যন্ত ইস্টার্ন বাইপাসে প্রয়োজনীয় রাস্তা ব্লক করে সায়েন্স সিটি থেকে চিংড়িঘাটামুখী রাস্তার উপর বসানো হল ফুটওভার ব্রিজের কাঠামো। একইভাবে আজ রাত ১০ টা থেকে আগামীকাল ভোর ৬ টা পর্যন্ত চিংড়ি ঘাটা থেকে সায়েন্সসিটিমুখী রাস্তায় বসানো হবে ফুটওভার ব্রিজের কাঠামো। ফলে বাইপাসের বিভিন্ন দিক থেকে প্ল্যাটফর্ম পর্যন্ত যাতায়াত করতে পারবেন যাত্রীরা।

গৌরকিশোর ঘোষ, নলবন, আইটি সেন্টার 

গত ১০ অক্টোবর, মহালয়ার দিন বেলেঘাটা থেকে আইটি সেন্টার পর্যন্ত খালি রেক দিয়ে পরীক্ষামূলক যাত্রা ইতিমধ্যেই কমিশনার অফ রেলওয়ে সেফটি ছাড়পত্র পাওয়ার পথে। এই অংশে পরিষেবা চালু হলে অরেঞ্জ লাইনে যুক্ত হবে গৌরকিশোর ঘোষ, নলবন এবং আইটি সেন্টার স্টেশন।

লহমায় সল্টলেকে

ফলে দক্ষিণ কলকাতার নিউ গড়িয়া ও ইএম বাইপাস সংলগ্ন এলাকা থেকে সল্টলেকের তথ্যপ্রযুক্তি কেন্দ্রে মেট্রোয় পৌঁছনো সহজ হবে। সেক্টর ফাইভে অরেঞ্জ লাইনের আইটি সেন্টার স্টেশনটি ইস্ট-ওয়েস্ট মেট্রোর গ্রিন লাইনের স্টেশনের সঙ্গে সংযোগ তৈরি করবে। এর ফলে যাত্রীরা দক্ষিণ কলকাতা থেকে গ্রিন লাইন ধরে সল্টলেক ও হাওড়ার দিকে যাতায়াতের সুবিধা পাবেন। নতুন অংশ চালু হলে সড়কপথে চিংড়িঘাটার কুখ্যাত যানজট এড়িয়ে সেক্টর ফাইভের অফিসপাড়ায় পৌঁছনো আরও সহজ হবে। বিশেষ করে তথ্যপ্রযুক্তি সংস্থায় কর্মরত মানুষ এবং ইএম বাইপাস সংলগ্ন এলাকার যাত্রীরা উপকৃত হতে পারেন।

উৎসব এবং সম্মেলনের আগেই

ডিসেম্বরে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব এবং পরবর্তী সময়ে প্রবাসী ভারতীয় সম্মেলন ও বিশ্ব এনার্জি উইকের মতো অনুষ্ঠান রয়েছে। এই সময়ের আগেই মেট্রো পরিষেবা চালুর আবেদন জানিয়েছেন মুখ্যমন্ত্রী। ট্রায়াল রান এবং কমিউনিকেশন বেসড ট্রেন কন্ট্রোল (CBTC) সিগন্যালিং ব্যবস্থার পরীক্ষা সম্পূর্ণ করার পর কমিশনার অব রেলওয়ে সেফটির (CRS) পরিদর্শন ও প্রয়োজনীয় ছাড়পত্র লাগবে। তাই ডিসেম্বরের মধ্যে পরিষেবা চালুর লক্ষ্য থাকলেও চূড়ান্ত দিনক্ষণ নির্ভর করছে পরীক্ষার ফল, নিরাপত্তার ছাড়পত্র এবং উদ্বোধনের সূচির উপর।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)
 

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

পেশায় দীর্ঘদিন। প্রিন্ট মিডিয়ায় শুরু। ওপিনিয়ন পেজ এবং ফিচারই সবচেয়ে পছন্দের। পাশাপাশি ভ্রমণসাহিত্য, সংগীত ও ছবির মতো চারুকলার জগৎও। অধুনা ডিজিটাল প্ল্যাটফর্মে সেসবের সঙ্গে যুক্ত হয়েছে অ্যাস্ট্রো, লাইফস্টাইল, পপুলার সায়েন্স ও ইতিহাস-অ্যানথ্রোপলজিক্যাল বিষয়পত্তরও। আদ্যন্ত কবিতামুগ্ধ. তবু বিভিন্ন ও বিচিত্র বিষয়ের লেখালেখিতে আগ্রহী। সংবাদের অসীম দুনিয়ায় উঁকি দিতে-দিতে যিনি তাই কখনও-সখনও বিশ্বাস করে ফেলেন-- 'সংবাদ মূলত কাব্য'!

ZEENEWS TRENDING STORIES