অয়ন ঘোষাল: পুজোর শপিংয়ের জন্য বাড়ছে ভিড়। যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে পুজোর আগে ৪ দিন অতিরিক্ত মেট্রো চালানোর সিদ্ধান্ত নিল কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ। পুজোর আগের দুই সপ্তাহে শনিবার ও রবিবার অতিরিক্ত মেট্রো চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ব্লু, গ্রিন এবং ইয়েলো লাইনে বাড়তি মেট্রো চলবে বলে জানিয়েছে মেট্রো রেল।
শনিবার কতগুলি মেট্রো চলবে?
৩ ও ১০ অক্টোবর, শনিবার ব্লু লাইনে ২৫২টির জায়গায় ২৭২টি মেট্রো চলবে। ১৩৬টি করে আপ ও ডাউন ট্রেন।
গ্রিন লাইনে ২১২টির পরিবর্তে ২৩৬টি মেট্রো চালানো হবে। এর মধ্যে ১১৮টি আপ এবং ১১৮টি ডাউন ট্রেন।
ইয়েলো লাইনে ৯২টি চলে, সেই জায়গায় ১২০টি মেট্রো চলবে
তিনটি লাইনের ক্ষেত্রেই প্রথম ও শেষ মেট্রোর সময়ে কোনও পরিবর্তন হচ্ছে না।
রবিবার কতগুলি মেট্রো চলবে?
৪ ও ১১ অক্টোবর, রবিবার ব্লু লাইনে ১৫২টির বদলে ১৮৮টি মেট্রো চলবে।
গ্রিন লাইনে ১৪টি বেড়ে ১২৫টি মেট্রো চালানো হবে। ৬২টি আপ এবং ৬৩টি ডাউন ট্রেন।
ইয়েলো লাইনে স্বাভাবিক সূচি অনুযায়ী ৭৮টি মেট্রো চলবে।
রবিবার ব্লু, গ্রিন ও ইয়েলো লাইনে প্রথম এবং শেষ মেট্রোর সময়ে বদল হচ্ছে না।
উল্লেখ্য, অন্যদিকে ১০ অক্টোবর থেকে শুরু হচ্ছে চিংড়িঘাটা থেকে সেক্টর ফাইভ অরেঞ্জ লাইনের মেট্রোর ট্রায়াল রান। অরেঞ্জ লাইনের নিউ গড়িয়া থেকে বিমানবন্দর করিডরের বেলেঘাটা থেকে আইটি সেন্টার পর্যন্ত অংশে ১০ অক্টোবর সকাল থেকে দফায় দফায় ট্রায়াল রান শুরু হচ্ছে বলে মেট্রো সূত্রে খবর। বদলের বাংলায় দীর্ঘদিনের বাধা কাটিয়ে চিংড়িঘাটা মোড়ে ৩৬৬ মিটার ভায়াডাক্টের অসম্পূর্ণ অংশের কাজ শেষ হওয়ার ঝড়ের বেগে করিডোর তৈরি এবং লাইন পাতার কাজ শেষ হয়েছে। চলতি সপ্তাহে শুরু হচ্ছে থার্ড লাইনের বিদ্যুৎ সংযোগ এবং সিগন্যাল ব্যবস্থা ইনস্টল করার কাজ। যে কাজ অক্টোবরের প্রথম সপ্তাহে শেষ হওয়ার কথা।
বেলেঘাটা (মেট্রোপলিটন) থেকে আইটি সেন্টার স্টেশন পর্যন্ত সফলভাবে হয়েছে ‘পুশ ট্রলি’ দিয়ে ট্র্যাক পরিদর্শন। নতুন অংশে যুক্ত হবে গৌরকিশোর ঘোষ, নলবন ও আইটি সেন্টার নামের তিনটি স্টেশন। তারপর অরেঞ্জ লাইনের অ্যাক্টিভ করিডর বেড়ে ১৪ কিলোমিটার হবে।
মেট্রো কর্তৃপক্ষের লক্ষ্য, ২৫ ডিসেম্বর ২০২৬-এর মধ্যে যাত্রী পরিষেবা চালু করা। সেক্টর ফাইভ গ্রিন লাইনের সঙ্গে সরাসরি সংযোগ হলে নিউ গড়িয়া থেকে শহরের আইটি হাবে যাতায়াতের সময় ব্যস্ত সময়ে প্রায় ৯০ মিনিট থেকে কমে ৩৫ মিনিট হতে পারে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)