বিতর্কে নামী বিরিয়ানি আউটলেট! 'কোনও দিন-ই মন্দির ছিল না, জমির মালিকও আমরা নই', দাবি ম্যানেজারের
Kolkata Biriyani outlet controversy: টেগোর পার্কের নামী বিরিয়ানি আউটলেট ঘিরে শুরু হয়েছে বিতর্ক। মন্দিরের জমি দখল ও রান্নাঘর সম্প্রসারণের অভিযোগ তুলেছেন বিজেপি নেতা সন্দীপ বন্দ্যোপাধ্যায়, যার বিরুদ্ধে মুখ খুলে অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন রেস্তোরাঁর ম্যানেজার।
অয়ন ঘোষাল: এখন যেখানে বিরিয়ানির দোকান, সেখানে নাকি মন্দির ছিল! মন্দির জায়গা দখল করে বিরিয়ানির দোকান বানানোর অভিযোগ উঠেছে টেগোর পার্কের নামী বিরিয়ানি আউটলেটের বিরুদ্ধে। এবার সেই বিতর্কে মুখ খুলেছেন ওই বিরিয়ানি আউটলেটেরম্যানেজার বাপি চক্রবর্তী। মন্দিরের জমি দখল করে বিরিয়ানির দোকান বানানোর দাবিকে ভিত্তিহীন বলে দাগিয়ে দিয়েছেন তিনি। একইসঙ্গে তাঁর স্পষ্ট বক্তব্য, ওই নির্মাণ কাঠামো কোনও মন্দির নয়। মন্দিরের আদলে গড়া মাত্র। কোনওদিন কোনও বিগ্রহ ছিল না।
তাঁর স্পষ্ট কথা, "এখানে কোনওদিন মন্দির ছিল না। এই জমির মালিক আমরা নয়। জমিটি লিজে নেওয়া। এই আউটলেট যিনি চালান তিনি মন্দিরের আদলে একটি ঘর ২০১৫ সালে রেস্তোরাঁ তৈরির সময় থেকেই বানিয়ে রেখেছেন। এখানে বিগ্রহ কোনওদিনই ছিল না। এটি আদৌ মন্দির নয়। মন্দিরের আদলে গড়া একটি স্ট্রাকচার। যে স্ট্রাকচার পরবর্তী সময় টেক আওয়ে বা অন্য কিছু করার কথা উনি হয়তো ভেবেছিলেন। উনি হিন্দু। এখানে স্টাফেরা সিংহভাগ হিন্দু। ৩ দিন ধরে দেখছি কিছু লোক আসছে। ভিডিও করছে। দাবি করছে এটা মন্দির। এই দাবি ভিত্তিহীন।"
প্রসঙ্গত, টেগোর পার্কে মন্দিরের জায়গা দখল করে গোডাউন ও রান্নাঘরের পরিসর বাড়ানোর অভিযোগ উঠেছে কলকাতার এক নামী ব্র্যান্ডেড বিরিয়ানি চেইনের বিরুদ্ধে। এই অভিযোগে অভিযোগ দায়ের করেছেন বিজেপি নেতা সন্দীপ বন্দ্যোপাধ্যায়। স্থানীয় বিজেপি কর্মীর সোশ্যাল মিডিয়া পোস্টের ভিত্তিতে কসবা থানা ও কলকাতা পুরসভার স্থানীয় বোরো অফিসে লিখিত অভিযোগ দায়ের করেছেন বিজেপি নেতা সন্দীপ বন্দ্যোপাধ্যায়। অভিযোগ করা হয়েছে, মন্দিরের জমি দখল করে গোডাউন বড় করা হয়েছে। মন্দিরের দেওয়াল ভেঙে রান্নাঘর সম্প্রসারণ করা হয়েছে।
অভিযোগকারী আরও দাবি, মন্দিরের পাশেই আনন্দপুর খাল। খালের ধারের যাতায়াতের রাস্তার বড় অংশে রেস্তোরাঁর সামগ্রী ও উপকরণ রাখা। ফলে ওই রাস্তা দিয়ে সাধারণ মানুষের চলাচলে সমস্যা হচ্ছে। নামকরা ব্র্যান্ডেড বিরিয়ানি চেইনের আউটলেট ঘিরে এই অভিযোগ হতেই শোরগোল পড়ে গিয়েছে। এর আগে এপ্রিল ও মে মাসে কলকাতার পার্ক স্ট্রিটে একটি রেস্তোরাঁতেও বেআইনি নির্মাণের অভিযোগ ওঠে। তখন কলকাতা পুরসভার পক্ষ থেকে অভিযান চালিয়ে ওই রেস্তোরাঁর অবৈধ অংশ ভেঙে ফেলা হয়।
এখন টেগোর পার্কের ঘটনাও তদন্ত সাপেক্ষ। অভিযোগের প্রেক্ষিতে জমির মালিকানা, নির্মাণের বৈধতা ও দখলের অভিযোগের সত্যতা যাচাইয়ের পর প্রশাসন কী পদক্ষেপ নেয়, সেদিকেই তাকিয়ে সব মহল।
আরও পড়ুন, আবাস যোজনার দ্বিতীয় কিস্তিতে ৭ লক্ষ অ্যাকাউন্টে ৪,২০১ কোটি! ভুয়ো নাম নিয়ে কড়া হুঁশিয়ারি
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)