তথ্য সংস্কৃতি দফতরে 'যৌনাচার', জিরো FIR! অবশেষে মুখ খুললেন ব্রাত্য, কী বললেন?
'আমি আইনি সহায়তা ইতিমধ্যেই নিয়েছে। আমি চাইছি, এটা তদন্ত হোক। কারা করল? কেন করল? এর প্রকৃত ছবি কী? সেটা বাইরে আসুক'।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: তৃণমূল জমানায় তথ্য-সংস্কৃতি দফতরেও পিঠে 'সংস্কৃতি'! জি ২৪ ঘণ্টা লাগাতার খবরে ইন্দ্রনীল সেন ও ব্রাত্য় বসুর বিরুদ্ধে জিরো FIR। 'অভিযোগ যে কেউ করতে পারে, সেটা প্রমাণসাপেক্ষ', চাপের মুখে অবশেষে মুখ খুললেন ব্রাত্য বসু। বললেন, 'আইন, আমি তো কোর্টে যাচ্ছি। আমি চাইছি পূর্ণাঙ্গ তদন্ত হোক, আইন আদালতের উপরে আমরা সম্পূর্ণ ভরসা আছে'।
'চিনি না, চোখে কখনও দেখিনি'
তৃণমূল জমানায় অন্যতম হেভিওয়েট মন্ত্রী ছিলেন ব্রাত্য়। তাঁর বিরুদ্ধে এবার তথ্য ও সংস্কৃতি দফতরে প্রাক্তন মহিলাদের কর্মীদের যৌন হেনস্থা অভিযোগ। ব্রাত্য়ের দাবি, 'আমাকে কেউ একটা খারাপ কথা বলতে গেলে, আমার বিরুদ্ধে অভিযোগ হয়েছে, আমি খারাপ কথা বলেছি, কুপ্রস্তাব দিয়েছি। এখন কুপ্রস্তাব দিতে গেলে তো আমায় চিনতে হবে, চোখে দেখতে হবে। আমি যাকে চিনি না, চোখে কখনও দেখিনি'। তাঁর স্পষ্ট কথা, 'আমি আইনি সহায়তা ইতিমধ্যেই নিয়েছে। আমি চাইছি, এটা তদন্ত হোক। কারা করল? কেন করল? এর প্রকৃত ছবি কী? সেটা বাইরে আসুক'।
'ওই দফতরের মন্ত্রীই ছিলাম না কোনওদিন'
ব্রাত্য় বলেন, 'যখন এতজনের নাম, প্রায় ৪০-৫০ জন। সেখানে একজনকে টার্গেট করা হচ্ছে আলাদা করে, সেটা কেন। আমার কাছে পরিষ্কার নয়। যদি বলেন মন্ত্রী, আমি তো ওই দফতরের মন্ত্রীই ছিলাম না কোনওদিন। তাহলে যে দফতর আমার হাতে নেই, সেই দফতরে কী করে আমি প্রভাব খাটাতে পারি'।
পুলিসের কাছে ব্রাত্য ও ইন্দ্রনীলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন তিন নির্যাতিতা। এরপর সেই অভিযোগকে গুরুত্ব দিয়ে দেখা এবং তদন্ত দাবিতে আরও একটি অভিযোগ করেন সমাজকর্মী রাজীব সরকার। সেই আবেদনের ভিত্তিতে তৃণমূল জমানার দুই মন্ত্রীর বিরুদ্ধে জিরো এফআইআর (FIR) দায়ের করা হয়েছে বাগুইআটি থানায়।
বিস্ফোরক নির্যাতিতা
জি ২৪ ঘণ্টাকে নির্যাতিতা জানিয়েছেন, 'উনিশ সাল থেকে আমরা প্রথম লড়াইটা শুরু করি। মাননীয়ার কাছে বহুবার গিয়েছি, আমাদের ঢুকতে দেওয়া হয়নি। বাইরে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে। পরে একবার-দু'বার আমরা একেবারে সরাসরি আমরা মাননীয়াকে জানাই, চিঠি করি'। তাঁর অভিযোগ, 'এমন লবি ছিল যে, সেই চিঠি চলে আসে রবীন্দ্র সদনের বেলতলায় যেখানে নেক্সাসটা তৈরি হত। সেখানে আমাদের ডেকে রীতিমতো থ্রে কালচার চালানো হয়েছে'।
নির্যাতিতা বলেন, 'আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। সেটা জানাতে চাই প্রশাসনকে। প্লিজ, আমাদের মতো মানুষকে সহযোগিতা করুন। না হলে তো আমি তো আমার পরিবার পর্যন্ত, ওরা সব পাবে। ওরা খুন করাতে পারে, আমাদের নামে মিথ্য়া কেস দিতে পারে। আমার পরিবারের লোককে হেনস্থা করতে পারে। আমাদের কোনও রং নেই। আমরা কর্মী, খেটে খাওয়া কর্মী'।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)