৩ হাজার ঢাক, ৪ হাজার শঙ্খধ্বনি! বদলের বাংলায় ইডেনে মহালয়ায় দুর্গাপুজোর ঐতিহাসিক সূচনা
Durga Puja 2026: মহালয়া উপলক্ষে ইডেন গার্ডেন্স ও রেড রোডে দুর্গোৎসবের বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন। উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী ও রাজ্যপাল। সঙ্গে থাকবে ঢাক-শঙ্খের সম্মিলিত ধ্বনি, লেজ়ার শো ও শোভাযাত্রা। বিজয়ার কার্নিভালের বদলে মহালয়া থেকেই কলকাতা ও বিভিন্ন জেলায় মাসব্যাপী সাংস্কৃতিক উৎসব শুরু হচ্ছে।
কমলাক্ষ ভট্টাচার্য: দুর্গোৎসবকে ঘিরে এবার রাজ্যজুড়ে সাংস্কৃতিক মহোৎসবের আয়োজন। কলকাতা থেকে উত্তরবঙ্গ, জঙ্গলমহল থেকে সমুদ্রসৈকত—এক মাসব্যাপী বিশেষ সাংস্কৃতিক কর্মসূচির পরিকল্পনা রাজ্যের তথ্য ও সংস্কৃতি দফতরের।
আজ মহালয়ায় ইডেন গার্ডেন্সে দুর্গোৎসবের বিশেষ উদ্বোধনী অনুষ্ঠান। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ও রাজ্যপাল। রেড রোড থেকে পায়ে হেঁটে ইডেনে পৌঁছবেন মুখ্যমন্ত্রী ও রাজ্যপাল। রেড রোডে বাংলার বিভিন্ন জেলার লোকশিল্প ও সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরে বিশেষ শোভাযাত্রার আয়োজন।
ঐতিহাসিক সাংস্কৃতিক অনুষ্ঠান
ইডেনে থাকছে ত্রিমাত্রিক আলোকচিত্র প্রদর্শনী, অত্যাধুনিক লেজ়ার শো, আতশবাজি ও বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান। ৩ হাজার ঢাকের বাদ্যি ও ৪ হাজার শঙ্খধ্বনিতে মহালয়ার আবহকে বিশেষ মাত্রা দেওয়ার পরিকল্পনা।
আরও পড়ুন: পুজোর মুখে দুর্যোগের মেঘ কাটল! সাগরে ফুঁসছে নিম্নচাপ, কিন্তু স্বস্তির বার্তা হাওয়া অফিসের
রেড রোডে ১২টি জেলার পৃথক সাংস্কৃতিক প্রদর্শনী। বাংলার লোকসংস্কৃতি, হস্তশিল্প ও ঐতিহ্যবাহী শিল্পকলাকে তুলে ধরার উদ্যোগ। স্থানীয় শিল্পীদের বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে সরকারি আয়োজনে।
জেলায় জেলায় বিশেষ আয়োজন
১১ থেকে ১৫ অক্টোবর দুর্গাপুর, শিলিগুড়ি, কোচবিহার, বিষ্ণুপুর, মালদহ, বহরমপুর ও নিউ দীঘায় সাংস্কৃতিক উৎসব। বিকেল পাঁচটা থেকে রাত দশটা পর্যন্ত স্থানীয় শিল্পী ও সাংস্কৃতিক সংগঠনের অংশগ্রহণে অনুষ্ঠান।
দুর্গোৎসবের আবহে সেজে উঠবে গঙ্গার দুই পাড়ও। ১০ থেকে ২৬ অক্টোবর প্রিন্সেপ ঘাট, বাবুঘাট, কুমোরটুলি ঘাট, মিলেনিয়াম পার্ক-সহ একাধিক জায়গায় বিশেষ আলোকসজ্জা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। চারটি স্থানে গঙ্গা আরতির আয়োজন।
উত্সবের নতুন গান
আগমনী ও বিসর্জন উপলক্ষে তৈরি হচ্ছে দুটি নতুন গান। বিশেষ ব্যবস্থায় সম্প্রচারিত হবে ‘মহিষাসুরমর্দিনী’। অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা একাধিক বিশিষ্ট শিল্পীর।
রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর প্রথম দুর্গোৎসবেই সরকারি সাংস্কৃতিক আয়োজনে নতুনত্ব। বিজয়ার পর রেড রোডের প্রচলিত কার্নিভালের পরিবর্তে এবার মহালয়া থেকেই জেলায় জেলায় উৎসবের আবহ ছড়িয়ে দেওয়ার উদ্যোগ।
আরও পড়ুন: উৎসবের আলোয় কাটল বঞ্চনার আঁধার! চা বাগানে বসল তাক লাগানো বিনা পয়সার বাজার
ইডেন ও রেড রোডে বিপুল জনসমাগমের সম্ভাবনা মাথায় রেখে বিশেষ নিরাপত্তার প্রস্তুতি। আধুনিক প্রযুক্তি, আলোকসজ্জা ও বাংলার চিরায়ত সংস্কৃতির মেলবন্ধনে দুর্গোৎসবকে নতুন উচ্চতায় পৌঁছে দেওয়াই লক্ষ্য রাজ্য সরকারের।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)