চোরবাগান বিপর্যয়ের পর জারি ১৬৩ ধারা! ৩ দিন কোন কোন রাস্তা বন্ধ?
চোরবাগান দুর্গাপুজো মণ্ডপে পদপিষ্টের ঘটনার পর আইনশৃঙ্খলা বজায় রাখতে কলকাতার নির্দিষ্ট এলাকায় জমায়েত, মিছিল, সভা ও বিক্ষোভে নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিস। ১৮ থেকে ২০ অক্টোবর পর্যন্ত এই নির্দেশ কার্যকর থাকবে। BNSS-এর ১৬৩ নম্বর ধারায় নির্দেশ জারি করেছেন পুলিস কমিশনার অজয় নন্দ।
পিয়ালি মিত্র: চোরবাগান সর্বজনীনে সপ্তমীর সন্ধ্যায় ভয়াবহ দুর্ঘটনা। মুহূর্তে মণ্ডপ পরিণত মৃত্যুকূপে। পদপিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত ১৭। পরে আরও ২ জনের মৃত্য়ু। এরপরই কড়া নিরাপত্তায় শহর। পদপিষ্টের ঘটনার পর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং শান্তিশৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে শহরের নির্দিষ্ট এলাকায় জমায়েত, মিছিল ও বিক্ষোভের উপর নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিস।
কলকাতা পুলিসের কমিশনার অজয় নন্দের নির্দেশে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা (BNSS), ২০২৩-এর ১৬৩ নম্বর ধারায় এই নির্দেশ জারি হয়েছে। ১৮ অক্টোবর থেকে ২০ অক্টোবর, ২০২৬ পর্যন্ত তিন দিন এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। পরবর্তী নির্দেশ জারি না হওয়া পর্যন্তও তা বলবৎ থাকতে পারে।
কী কী বিষয়ে নিষেধাজ্ঞা?
পুলিসের নির্দেশ অনুযায়ী, বউবাজার থানার অধীন নির্দিষ্ট এলাকায় পাঁচ বা তার বেশি ব্যক্তির বেআইনি জমায়েত করা যাবে না। পাশাপাশি লাঠি, ধারালো অস্ত্র বা অন্য কোনও বিপজ্জনক অস্ত্র বহনেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। শান্তি ও জনশৃঙ্খলা বিঘ্নিত করতে পারে, এমন কোনও কাজ করা যাবে না। একই সঙ্গে মিছিল, সভা, শোভাযাত্রা, ধর্না ও বিক্ষোভের উপরও বিধিনিষেধ আরোপ করা হয়েছে।
কোন কোন এলাকায় জারি নিষেধাজ্ঞা?
কলকাতা পুলিসের নির্দেশ অনুযায়ী, বউবাজার থানার অধীন এলাকাগুলি মূলত এই নিষেধাজ্ঞার আওতায় রয়েছে- কলেজ স্ট্রিট ও কলোটোলা স্ট্রিট থেকে ইডেন হাসপাতাল রোড পর্যন্ত নির্দিষ্ট এলাকা। সি আর অ্যাভিনিউ ও কলুটোলা স্ট্রিট থেকে ইডেন হাসপাতাল রোড পর্যন্ত নির্দিষ্ট এলাকা। কলেজ স্ট্রিট থেকে সি আর অ্যাভিনিউ পর্যন্ত কলোটোলা স্ট্রিট। সি আর অ্যাভিনিউ পর্যন্ত ইডেন হাসপাতাল রোড।
কেন এই পদক্ষেপ পুলিসের?
চোরবাগান দুর্গাপুজো মণ্ডপে পদপিষ্টের ঘটনার পর যাতে কোনও অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয় এবং এলাকায় শান্তিশৃঙ্খলা বজায় থাকে, সেই লক্ষ্যেই এই নির্দেশ বলে জানানো হয়েছে। পরিস্থিতির উপর নজর রাখছে কলকাতা পুলিস। প্রসঙ্গত, এদিন পদপিষ্ট হয়ে এবং দমবন্ধ হয়ে মৃত্যু হয়েছে অন্তত ১৯ জনের। আহত হয়েছেন বহু মানুষ, যাঁদের মধ্যে অনেকেরই অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। এমনকি ভিড়ের চাপে কর্তব্যে থাকা এক পুলিস আধিকারিকও সংজ্ঞা হারিয়ে ফেলেন।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)