SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

পুজোয় সিপিএমের বুকস্টল মামলায় বিরাট ধাক্কা: সব স্টল সরিয়ে দিন, প্রধান বিচারপতির কড়া নির্দেশ

CPIM Bookstall Case in Durgapuja 2026: প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ জানিয়েছে, বিগত দিনে আইন কার্যকর না হলেও এখন যদি কোনও নতুন নিয়ম বা নীতি প্রণয়ন করা হয়, তবে তা সকলের জন্যই সমানভাবে প্রযোজ্য হবে।

Written By Nabanita Sarkar Edited By Nabanita Sarkar
Published: Oct 16, 2026, 04:14 PM IST | Updated: Oct 16, 2026, 04:41 PM IST
Image Credit: সিপিআইএমের বুকস্টল বিতর্ক
Join

অর্ণবাংশু নিয়োগী: বনগাঁয় সিপিআইএমের বুকস্টল সংক্রান্ত মামলায় কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) ডিভিশন বেঞ্চের রায়ে বড় ধাক্কা সিপিআইএমের (CPIM)। বিচারপতি সৌগত ভট্টাচার্যের (Justice Sougata Bhattacharya) একক বেঞ্চের আগের নির্দেশ খারিজ করে দিয়েছেন প্রধান বিচারপতি (Chief Justice)। এই মামলা মূলত জমি সংক্রান্ত হওয়ায় তা কখনই একক বেঞ্চের বিচার্য বিষয় (Jurisdiction) ছিল না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে উচ্চ আদালত।

সিপিআইএমের আবেদন ও আদালতের পর্যবেক্ষণ

বনগাঁয় রাস্তা বা ফুটপাথ দখল করে বুকস্টল করার বিরোধ নিয়ে এই আইনি লড়াই শুরু। সিপিআইএমের তরফ থেকে দাবি করা হয়েছিল যে, ঐতিহ্যগতভাবে দীর্ঘদিন ধরে তাঁরা ওই স্থানে বই বিক্রির অনুমতি পেয়ে আসছেন এবং পুলিসি নিরাপত্তায় (Police Protection) তাঁদের স্টল বসানোর অনুমতি দেওয়া হোক। তবে রাজ্য সরকারের অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল বিল্বদল ভট্টাচার্য (Additional Advocate General) সওয়াল করেন যে, যথাযথ অনুমতি (Permission) ছাড়াই এই জবরদখল করা হয়েছে এবং একক বেঞ্চ বেআইনি কাজে প্রশ্রয় দেওয়ার নির্দেশ দিয়েছে।

প্রধান বিচারপতির জিগ্গেস করেন, 'ওই বুক স্টলে কি হবে ? বই বিক্রি হবে। সেটা যেকোনও বই হতে পারে। গীতা হতে পারে, বাইবেল হতে পারে, কোরান হতে পারে, বা অন্য যেকোনও বই হতে পারে। ৫ দিন বই বিক্রি হবে। তারপর সব তুলে নিয়ে চলে যাবেন। যদি এবছর বই বিক্রি করতে না দিই এবং যদি তিনমাস পরে মামলার নিষ্পত্তি করে মামলার ফলাফল সিপিআইএম এর দিকে যায় তাহলে এবছরের ক্ষতিপূরণ কি করে হবে'?

'সিপিআইএম স্টল করার জন্য কোনও অনুমতি নেয়নি' - সওয়ালে রাজ্য বলেন।
'আপনারা কি অনুমতি নিয়েছেন'? - সিপিআইএম কে প্রশ্ন করেন প্রধান বিচারপতি

উত্তরে সিপিআইএম জানায়-- 'না, আমরা SDO কে জানিয়েছিলাম, মামলা দাখিল করার দিনই আমরা ইমেল মারফত PWD কে জানিয়েছিলাম'

'প্রতিবছর ওখানে কমপক্ষে একশো স্টল বসে, কখনও কোনও অনুমতি নেওয়ার দরকার পড়েনি'- সওয়াল সিপিআইএময়ের ।

'চল্লিশ বছর ধরে কোনও অনুমতির প্রয়োজন ছিল না। এবছর হঠাৎ করে এই নিয়ম চালু করা হয়েছে'-- - সওয়াল সিপিআইএম।

যদি এই নিয়ম চালু হয়ে থাকে তাহলে সেটা সবার জন্য প্রযোজ্য হবে, যার অনুমতি থাকবে না তার স্টলও থাকবে না। - মন্তব্য প্রধান বিচারপতির।

হিন্দু জাগরণ মঞ্চ কি অনুমতি নিয়েছে ? - রাজ্যকে প্রশ্ন প্রধান বিচারপতির.
একজনের বাড়ির সামনে অন্য কেউ কিভাবে স্টল তৈরি করতে পারে ? - প্রশ্ন প্রধান বিচারপতির।

'সব স্টল সরিয়ে দিন, আমাদের কোনও অসুবিধা নেই' - রাজ্যকে উদ্দেশ করে মন্তব্য প্রধান বিচারপতির

'আদালত নির্দেশ দিলে আমরা খতিয়ে দেখব যে হিন্দু জাগরণ মঞ্চের অনুমতি আছে কিনা? আদালত নির্দেশ দিলে আমরা আইন অনুযায়ী পদক্ষেপ করব। আর কর্তৃপক্ষের ঠিকানাও ঠিক করে জানা নেই'  - সওয়াল রাজ্যের।

তাহলে হিন্দু জাগরণ মঞ্চের ওই স্টল এখন পর্যন্ত অনাথ ? - প্রশ্ন প্রধান বিচারপতির

প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ জানিয়েছে, বিগত দিনে আইন কার্যকর না হলেও এখন যদি কোনও নতুন নিয়ম বা নীতি প্রণয়ন করা হয়, তবে তা সকলের জন্যই সমানভাবে প্রযোজ্য হবে। আদালত প্রশ্ন তোলে, হিন্দু জাগরণ মঞ্চ (Hindu Jagran Manch) বা সিপিআইএম-- কারও পক্ষেই কি আইনসম্মত কোনও অনুমতি নেওয়া হয়েছিল? খোলা রাস্তায় বা ব্যস্ত এলাকায় অনুমতি ছাড়া এই ধরনের স্টল বসানো নিয়ে ক্ষোভ প্রকাশ করে আদালত।

পুলিসি পদক্ষেপ ও বিকল্প পরামর্শ

হাইকোর্টের প্রধান বিচারপতি নির্দেশ দিয়েছেন যে, হিন্দু জাগরণ মঞ্চের স্টলের কোনও বৈধ অনুমতি আছে কি না, তা পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখবে পুলিস (Police)। যদি অনুমতি না থাকে, তবে অবিলম্বে তা অপসারণের জন্য কড়া পদক্ষেপ করতে হবে। একই সঙ্গে আদালতের পরামর্শ, রাস্তা আটকে সাধারণ মানুষের যাতায়াতে বিঘ্ন না ঘটিয়ে সংশ্লিষ্ট রাজনৈতিক দল চাইলে পার্টি অফিসের দোতলায় বা ঘরের ভেতরে বসে বই বিক্রি করতে পারে। এমনকি প্রয়োজনে উভয় পক্ষ একই স্টল ভাগাভাগি করে (Share) ব্যবহার করতে পারে কি না, সে বিষয়েও ভাবনাচিন্তা করার পরামর্শ দেওয়া হয়েছে।

সওয়ালে সিপিআইএম আত্মপক্ষ সমর্থনে জানিয়েছে, 'আমরা রাস্তা দখল করছি না। আমাদের অফিসের সামনে একটা টেবিল রেখে বই বিক্রির অনুমতি দেওয়া হোক। একটা আলো আর পাখার ব্যবস্থা করতে দিন। সম্ভব হলে মাথার ওপর একটা ছাতা'...

সিপিআইমের দাবি অনুযায়ী, যেহেতু কোনও একজন দখলদার সরকারি জায়গা দখল করেছে তাই আমাদেরও পুলিশি নিরাপত্তায় জায়গা দখল করতে দিতে হবে, এবং সিঙ্গেল বেঞ্চও সেই মর্মেই নির্দেশ দিয়েছে - সওয়াল অ্যাডিশনাল এডভোকেট জেনারেল বিল্বদল ভট্টাচার্যর। 
আমরা সিঙ্গেল বেঞ্চের নির্দেশের ওপর স্থগিতাদেশ চাইছি। - সওয়াল রাজ্যের।

এই মামলার পরবর্তী শুনানি আগামী ২১ জানুয়ারি ধার্য করা হয়েছে। আপাতত সিঙ্গেল বেঞ্চের নির্দেশের ওপর স্থগিতাদেশ (Stay Order) বজায় থাকায় সিপিআইএমের বুকস্টল সংক্রান্ত আইনি জটিলতা আরও দীর্ঘায়িত হল।

আরও পড়ুন: পার্টি অফিসের ১০০ মিটারের মধ্যেই বসবে সিপিআইএমের পুজোর বইয়ের স্টল: বড় রায় আদালতের

আরও পড়ুন: 'সিপিআইএম তো লটারির দোকান করছে না, বিরোধীদের কণ্ঠরোধ করবেন না': সিপিআইএমের বুকস্টল বিতর্কে পুলিসকে কড়া ভর্ৎসনা হাইকোর্টের, রিপোর্ট তলব

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

সাংবাদিকতায় স্নাতকোত্তর। সংবাদ মাধ্যমের পাশাপাশি রাজনৈতিক পরামর্শদাতাদাতা হিসেবে কাজের অভিজ্ঞতা। আইন-আদালত থেকে বিনোদন, দেশ থেকে দুনিয়ার হরেক খবরে শেখার চেষ্টা অবিরাম...  

ZEENEWS TRENDING STORIES