মমতাকে 'ছুরি হাতে আক্রমণ'! নিজের পাড়াতেই জনরোষের সাক্ষী প্রাক্তন মুখ্যমন্ত্রী
Mamata Banerjee Attacked: ওই মহিলা নিজেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইঝি বলেও দাবি করেন। ওই মহিলা অশ্রাব্য ভাষায় গালিগালাজ করছিলেন এবং নেশাগ্রস্ত অবস্থায় মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন। এমনকি, প্রাক্তন মুখ্যমন্ত্রীকে আঘাত করার উদ্দেশ্যে রাস্তায় শুয়েও পড়েন।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কালীঘাটে কেলেঙ্কারি। গত মঙ্গলবার ভরসন্ধ্যায় বাড়ির সামনেই প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার চেষ্টার অভিযোগ। মদ্যপ অবস্থায় এক মহিলা হামলা মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর চালানোর চেষ্টা করে বলে অভিযোগ কালীঘাট তৃণমূলের। অভিযুক্ত মহিলাকে আটক করে কালীঘাট থানার পুলিস।
গত মঙ্গলবার সন্ধ্যেবেলা কালীঘাটে মিলন সংঘের পুজোমণ্ডপ উদ্বোধন করতে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই অপ্রীতিকর পরিস্থিতির মুখে পড়েন প্রাক্তন মুখ্যমন্ত্রী। কালীঘাট তৃণমূলের অভিযোগ, ভিড়ের মধ্যে হঠাৎ করেই এক মহিলা তাঁর ওপর হামলার চেষ্টা করেন। তড়িঘড়ি মহিলাকে পাকড়াও করেন দলের নেতাকর্মীরা। তুলে দেওয়া হয় কালীঘাট থানার পুলিসের হাতে। রাতেই কালীঘাট থানার ওসি-কে এই ঘটনার কথা জানিয়ে ইমেইল করেন দোলা সেন।
আরও পড়ুন: মানুষ ও পাড়ার শক্তিতেই ৭৬ বছরের পথচলা! 'যোজনে'র সুতোয় গাঁথা মানুষ-প্রকৃতি ও মা
কে এই হামলাকারী মহিলা?
অভিযুক্ত মহিলার নাম তন্নিষ্ঠা সাহা। যিনি সিভিক ভলান্টিয়ার বলে পরিচিতি। ওই মহিলা নিজেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইঝি বলেও দাবি করেন। ঘটনার সময় তিনি পুরোপুরি নেশাগ্রস্ত অবস্থায় ছিলেন বলেও অভিযোগ।
কালীঘাট তৃণমূলের নেত্রী উপাসনা চৌধুরী জানান, ওই মহিলা হাতে ছুরি নিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রীর ওপর আক্রমণ করার চেষ্টা করেন। শুধু তাই নয়, তিনি অত্যন্ত অশালীন ও অশ্রাব্য ভাষায় লাগাতার গালিগালাজ করতে থাকেন। এমনকী নিজেকে মুখ্যমন্ত্রীর 'ভাইঝি' বলেও দাবি করতে থাকেন তিনি। একপর্যায়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা ও আঘাত করার উদ্দেশ্যে ওই মহিলা সরাসরি রাস্তার ওপর শুয়েও পড়েন। তিনি আরও অভিযোগ করেন যে, ঘটনার সময় পুলিস নীরব দর্শক ভূমিকায় ছিল।
বিষয়টা নিয়ে কড়া পদক্ষেপের দাবি জানিয়েছে কালীঘাট তৃণমূল শিবির। পাশাপাশি ঘটনার সময়ের ভিডিয়ো ফুটেজ খতিয়ে দেখারও দাবি জানানো হয়েছে।
আরও পড়ুন: বদলের বাংলায় প্রথম দুর্গাপুজো, সপ্তমীতেই শহরে সস্ত্রীক অমিত শাহ!
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)