জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দিল্লিতে ভয়ংকর দূষণ! প্রতিবছরই দীপাবলির সময়টায় এটা অবশ্য একটা চেনা ছবি দিল্লির। এবারও সেটা মাত্রা-ছাড়া অবস্থায় পৌঁছেছে। দীপাবলির পরের সকালে ভয়াবহ ও বিষাক্ত ধোঁয়াশার চাদরে ঢেকেছে দিল্লি ও তার পার্শ্ববর্তী অঞ্চল। তথ্য বলছে, দীপাবলির রাতে দেদার বাজি ফাটানোর ফলে রাজধানীর বায়ুর গুণমানের ভয়ংকর পতন ঘটেছে। দিল্লির এয়ার কোয়ালিটি ইনডেক্স (AQI) গত বছরের তুলনায় প্রায় ৬৯ শতাংশ বেশি। দিল্লি-সহ নয়ডা ও গুরগাঁও অঞ্চলেও দূষণের মাত্রা মারাত্মক হওয়ায় বিপর্যস্ত সাধারণ মানুষের জনজীবন। আর এই আবহেই নতুন করে উঠে আসছে কলকাতার বায়ুদূষণের প্রসঙ্গও।
দূষণ মোকাবিলা
পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল বলেছেন, কলকাতার বায়ুদূষণের মোকাবিলায় শহরে স্প্রে করা হবে গোলাপজল। তিনি বলেছেন, 'এর ফলে একদিকে যেমন বাতাসের ধূলিকণা নিয়ন্ত্রণে আসবে, অন্যদিকে গোটা পরিবেশে ছড়িয়ে পড়বে গোলাপজলের মনোরম সুগন্ধ।' সত্যিই তো, এক ঢিলে যদি দুই পাখি মারা যায়, মন্দ কী? দূষণও কমল, আবার শহরের বাতাসে মিলল গোলাপের মিঠে সুবাস। এ বিষয়ে স্বয়ং মন্ত্রী ফেসবুকে একটি পোস্ট করেছেন। কী আছে সেই পোস্টে?
অগ্নিমিত্রার পোস্ট
অগ্নিমিত্রা পাল তাঁর পোস্টে লিখেছেন:
''কলকাতার বায়ুদূষণ নিয়ন্ত্রণে এবং শহরের পরিবেশকে আরও নির্মল রাখতে কলকাতা পুরসভার উদ্যোগে শহরের বিভিন্ন প্রান্তে, বিশেষত যে সমস্ত এলাকায় Air Quality Index (AQI) তুলনামূলকভাবে বেশি, সেখানে নিয়মিত Water Mist Spray করা হচ্ছে। এই উদ্যোগের ফলে বাতাসে ধূলিকণার পরিমাণ কমাতে এবং AQI কিছুটা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য মিলছে।
''কয়েকদিন আগে লন্ডন সফরে গিয়ে দেখেছি, সেখানকার বেশ কিছু জায়গায় AQI ১০-এর নিচে, এমনকী কোথাও কোথাও ১-এর কাছাকাছি! যা সত্যিই বিস্ময়কর। অথচ কলকাতায় বছরের অধিকাংশ সময় AQI ২০০-এর নিচে নামতে দেখা যায় না। এই পরিস্থিতি আমাদের সকলের স্বাস্থ্যের জন্য উদ্বেগের বিষয়।
''তাই শহরের বাতাসকে আরও পরিচ্ছন্ন রাখতে আমরা আমাদের সাধ্যমতো নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।
''এরই সঙ্গে একটি নতুন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। কালীপুজো-সহ বিভিন্ন বিশেষ উৎসব ও অনুষ্ঠানের দিনগুলিতে Water Mist-এর সঙ্গে Rose Water মিশিয়ে স্প্রে করা হবে। এর ফলে একদিকে যেমন বাতাসের ধূলিকণা নিয়ন্ত্রণে আসবে, অন্যদিকে গোটা পরিবেশে ছড়িয়ে পড়বে গোলাপজলের মনোরম সুগন্ধ।
''পরিচ্ছন্ন, নির্মল ও সুগন্ধময় কলকাতা গড়ে তোলাই আমাদের লক্ষ্য। শহরকে আরও বাসযোগ্য করে তুলতে এই প্রচেষ্টা অব্যাহত থাকবে।
''আমাদের কলকাতা, আমাদের দায়িত্ব।''
আরও পড়ুন: 'বাজি ফাটালে অনেক অসুখ-বিসুখও সেরে যায়'!
দীপাবলির আবহে কলকাতা
দীপাবলির আবহে সত্যিই দূষণ বেশি হয়। বাতাসে ধূলিকণার মাত্রা মারাত্মক বেড়ে যায়। বাতাসের মান নেমে যায়। নিয়মিত ওয়াটার মিস্ট স্প্রে করলে তা নিশ্চিত ভাবে কমবে। এবার এর উপর এতে যদি গোলাপের সুগন্ধ মেলে, তার চেয়ে আর ভালো আর কী হতে পারে?
প্রসঙ্গ দিল্লি
রবিবার সকালেও দিল্লির গড় একিউআই ছিল ৬৬৩। পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নেয় গভীর রাতে। রাত ১টা ৩১ মিনিটে দিল্লির কোনও কোনও এলাকায় একিউআই-এর মাত্রা লাফিয়ে পৌঁছে যায় ১৩৩১ মাত্রায়! দীপাবলির আগেই দিল্লির বাতাসের গুণমান এমনিতেই 'খরাপ' থেকে 'অত্যন্ত খারাপ' পর্যায়ে পৌঁছে গিয়েছিল। দীপাবলির বাজির ধোঁয়া সেই পরিস্থিতিকে আরও মারাত্মক করে তুলেছে। বিশেষজ্ঞরা বলছেন, একদিকে যানবাহনের ধোঁয়া, ধূলিকণা, সঙ্গে বাজির ধোঁয়া ও সূক্ষ্ম কণা বাতাসে আটকে থাকার কারণেই বায়ু দূষণের মাত্রা এরকম লাগামছাড়া। এর সঙ্গে পার্শ্ববর্তী রাজ্যগুলিতে খড় পোড়ানোর ধোঁয়াও পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। দিল্লিতে লাগাতার দূষণ বৃদ্ধির জেরে গত ৬ নভেম্বর থেকেই গ্রেডেড রেসপন্স অ্যাকশন প্ল্যান বা 'গ্রাপ' (GRAP)-এর তৃতীয় স্তরের নিষেধাজ্ঞা জারি রয়েছে রাজধানীতে। এখন বিষাক্ত ধোঁয়াশা ও কুয়াশার চাদরে গোটা শহর ঢেকে যাওয়ায় আগামী দিনগুলিতে পরিস্থিতি আরও খারাপ হবে বলেই আশঙ্কা।
(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)