দেবব্রত ঘোষ: দুর্গাপুজোর ভিড় সামলাতে বড়সড় প্রস্তুতি নিল পূর্ব রেলের হাওড়া ডিভিশন। ষষ্ঠী থেকে বিজয়া দশমী, ১৭ থেকে ২১ অক্টোবর পর্যন্ত বাড়তি যাত্রী সামলাতে একাধিক বিশেষ ট্রেন, অতিরিক্ত টিকিট কাউন্টার, রাতের বিশেষ লোকাল, বাড়তি নিরাপত্তা এবং চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। রেলের হিসাব অনুযায়ী, পুজোর ভিড়ে হাওড়া স্টেশনে দিনে ৭ থেকে ৮ লক্ষ যাত্রীর চাপ হতে পারে।
একগুচ্ছ পুজো স্পেশাল
পুজোর দিনগুলিতে হাওড়া থেকে বিভিন্ন গন্তব্যে সাত জোড়া বিশেষ দূরপাল্লার ট্রেন চলবে। এর পাশাপাশি সাত জোড়া বিশেষ ইএমইউ চলবে। ডিভিশনের মধ্যে দিয়ে চলা ২৫ জোড়া পুজো স্পেশাল ট্রেন চলবে। রাত জেগে ঠাকুর দেখতে বেরনো মানুষের কথা মাথায় রেখে ১৭ থেকে ২১ অক্টোবর পর্যন্ত সাতটি রাতের বিশেষ ইএমইউ চালানো হবে। বর্ধমান-হাওড়া, হাওড়া-চাঁদনপুর, ব্যান্ডেল-হাওড়া, তারকেশ্বর-শেওড়াফুলি-সহ একাধিক রুটে এই পরিষেবা মিলবে। পাশাপাশি হাওড়া ও শিয়ালদহ রেল ব্যবস্থার মধ্যে রাতের যোগাযোগ বাড়াতে ডানকুনি ও নৈহাটি হয়ে বিশেষ পরিষেবার ব্যবস্থাও করা হয়েছে।
ভিড় নিয়ন্ত্রণে ও নিরাপত্তায়
ভিড় নিয়ন্ত্রণে টিকিট ব্যবস্থাতেও জোর দেওয়া হয়েছে। হাওড়ায় তিরিশটি ইউটিএস কাউন্টার ও ২৮টি এটিভিএমের কাউন্টার থাকছে। নিরাপত্তাতেও বাড়তি নজর থাকছে। রাত ১০টা থেকে সকাল ৬টা পর্যন্ত চলা ৭৫টি রাতের ট্রেনে এসকর্টের ব্যবস্থা করা হয়েছে। প্রতিটি দলে মহিলা আরপিএফ কর্মী-সহ দু’জন থাকবেন। পুজোর ভিড়ে নিরাপত্তা নজরদারি বাড়ানো হয়েছে। ডিভিশনে ২৯০২টি সিসিটিভি ক্যামেরায় নজরদারি চলবে। আরও ১২৮টি সৌরচালিত সিসিটিভি রয়েছে। ২৪ ঘণ্টা ডিভিশনাল ওয়ার রুম থেকে পরিস্থিতির উপর নজর রাখা হবে। হাওড়া, রামপুরহাট, ব্যান্ডেল ও বর্ধমানে কুইক রিঅ্যাকশন টিম প্রস্তুত থাকবে। হাওড়ায় পুজোর ডিউটিতে ৬৪ জন আরপিএফ আধিকারিক ও ২৫৪ জন কর্মী থাকবেন।
চিকিৎসক ও অ্যাম্বুল্যান্সও
চিকিৎসার জন্য হাওড়া, ব্যান্ডেল, বর্ধমান, কাটোয়া, বোলপুর ও আজিমগঞ্জে অ্যাম্বুল্যান্স রাখা হচ্ছে। হাওড়া ও বর্ধমানে ২৪ ঘণ্টা তিনটি শিফটে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা থাকবেন। হাওড়া ডিভিশনের ডিআরএম বিশাল কাপুর বলেন, “পুজোর আনন্দ শেষে প্রত্যেক যাত্রী যাতে নিরাপদে বাড়ি ফিরতে পারেন সেই লক্ষ্যেই গোটা ব্যবস্থা করা হয়েছে।"
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)