প্রায় ৫০ বছরের ভোগান্তির অবসান! পাকা হল দুই বিধানসভার সংযোগকারী রাস্তা; নয়া সরকারের কাজে মুখে হাসি
New Road between Sankrail and Howrah Dakshin: প্রায় পঞ্চাশ বছরের ভোগান্তির অবসান। পাকা হল দুই বিধানসভার যোগাযোগকারী রাস্তা। দুই বিধানসভা, দুই গ্রাম পঞ্চায়েত। অথচ যোগাযোগের একমাত্র ভরসা ছিল রেল ব্রিজের নিচ দিয়ে যাওয়া ছোট একটি কাঁচা রাস্তা। দীর্ঘ প্রায় পঞ্চাশ বছর ধরে সেই রাস্তার হাল ফেরেনি।
দেবব্রত ঘোষ: প্রায় পঞ্চাশ বছরের ভোগান্তির অবসান। পাকা হল দুই বিধানসভার যোগাযোগকারী রাস্তা। দুই বিধানসভা, দুই গ্রাম পঞ্চায়েত। অথচ যোগাযোগের একমাত্র ভরসা ছিল রেল ব্রিজের নিচ দিয়ে যাওয়া ছোট একটি কাঁচা রাস্তা। দীর্ঘ প্রায় পঞ্চাশ বছর ধরে সেই রাস্তার হাল ফেরেনি। বর্ষা এলেই জল কাদা জমে কার্যত চলাচলের অযোগ্য হয়ে পড়ত। কখনও ভাঙা ইট-পাটকেলের রাবিশ ফেলে সাময়িকভাবে মেরামতির চেষ্টা করা হয়েছে। কিন্তু স্থায়ী সমাধান অধরাই থেকে গিয়েছিল এতদিন। অবশেষে জেলা পরিষদের নতুন বোর্ডের উদ্যোগে কংক্রিটের ব্লক বসল ঝোরহাটের গুরুত্বপূর্ণ রাস্তায়। প্রায় বাইশ লক্ষ টাকা খরচ করে এই রাস্তা তৈরি করল জেলা পরিষদ।
আরও পড়ুন: শুরু বেলুড় মঠ থেকে কামারপুকুর জয়রামবাটির সরকারি এসি ভলভো বাস-পরিষেবা; মহিলাদের
বেহাল রাস্তা
সাঁকরাইল বিধানসভার বাণীপুর-২ গ্রাম পঞ্চায়েত এবং দক্ষিণ হাওড়া বিধানসভার ঝোরহাট গ্রাম পঞ্চায়েতের মধ্যে যোগাযোগের অন্যতম মাধ্যম এই রাস্তা। ঝোরহাট রেল ব্রিজের নিচ দিয়ে যাওয়া রাস্তাটি এতটাই বেহাল ছিল যে, যাতায়াত করতেও রীতিমতো সমস্যায় পড়তে হত বাসিন্দাদের। বর্ষায় কাদা জমে পরিস্থিতি আরও দুর্বিষহ হয়ে উঠত। দুই পঞ্চায়েত এলাকার হাজার-হাজার মানুষকে প্রতিদিন এই দুর্ভোগের মধ্য দিয়েই যাতায়াত করতে হত। এমনকী জরুরি পরিষেবার ক্ষেত্রেও বড় সমস্যা ছিল। অ্যাম্বুল্যান্স ওই রাস্তা দিয়ে যেতে না পারায় রোগীকে নিয়ে ঘুরপথে অনেকটা বেশি রাস্তা অতিক্রম করতে হত। লেবেল ক্রসিংয়ের গেট পড়ে থাকায় সমস্যা হত।
অবশেষে নয়া পথ
এবার জেলা পরিষদের নিজস্ব তহবিল থেকে টাকা বরাদ্দ করে কংক্রিটের ব্লক দিয়ে তৈরি হয়েছে নতুন রাস্তা। এই রাস্তার উদ্বোধন করেন পুর ও নগরোন্নয়ন দফতরের প্রতিমন্ত্রী উমেশ রাই। আগে যে রাস্তা দিয়ে বাইক নিয়ে যাওয়াই ছিল কার্যত চ্যালেঞ্জ, এখন সেই রাস্তা দিয়ে বড় গাড়িও অনায়াসে যাতায়াত করছে। জেলা পরিষদের সহ সভাধিপতি তুষার ঘোষ জানান, নতুন বোর্ড দায়িত্ব নেওয়ার পরই যে কয়েকটি গুরুত্বপূর্ণ কাজকে অগ্রাধিকার দেওয়া হয়েছিল, তার মধ্যে এই রাস্তা তৈরি অন্যতম।
শুধু প্রতিশ্রুতিই
আগের জনপ্রতিনিধিদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন জেলা পরিষদের সহ সভাধিপতি তুষারবাবু। তাঁর অভিযোগ, জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি এবং সহ-সভাধিপতি দু'জনেই দু'বার করে এই এলাকা থেকে পঞ্চায়েত নির্বাচনে জয়ী হয়েছিলেন। অথচ বছরের পর বছর ধরে বাসিন্দাদের শুধু প্রতিশ্রুতিই দিয়ে গিয়েছেন তাঁরা। অথচ নতুন সরকার মানুষের দীর্ঘদিনের দাবি পূরণ করেছে।
দীর্ঘ বঞ্চনার শেষে প্রাপ্তি
রাস্তা ছোট হলেও দুই পঞ্চায়েত এলাকার মানুষের কাছে এর গুরুত্ব অপরিসীম। প্রতিটি পঞ্চায়েত নির্বাচন থেকে বিধানসভা নির্বাচনে এলাকার মানুষ রাস্তাটি পাকা করার দাবি জানিয়ে আসছিলেন। কিন্তু কোনও সরকারই সেই দাবিকে গুরুত্ব দেয়নি।
এবার নতুন রাস্তা পেয়ে খুশি এলাকার বাসিন্দারা। তাঁরা জানান, সামান্য একটি রাস্তা পাকা করার জন্য একসময় আন্দোলনেও নামতে হয়েছিল তাঁদের। অবশেষে সেই দাবি পূরণ হওয়ায় দীর্ঘদিনের দুর্ভোগ থেকে মুক্তি মিলল।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)