লক্ষ্মী যখন আসবেন তখন পদ্মতেই ঠাঁই মিলবে তাঁর! বাগনানের ফুলবাজার এবার কমল-আলোয় অমল, চাষির মুখও ঝলমলে
Kojagari Lakshmi Puja 2026: বাগনানের দেউলটি ঘোড়াঘাটা এলাকার বেশিরভাগ মানুষই ফুল চাষের উপরই নির্ভরশীল। ফুলচাষই তাঁদের উপার্জনের মূল মাধ্যম এখানে। এখানকার চাষিরা সব রকমই ফুল চাষ করে থাকেন। সিজন অনুযায়ী পদ্মফুল চাষও করে থাকেন এ এলাকার বেশিরভাগ ফুলচাষি।
শুভাশিস মণ্ডল: 'লক্ষ্মী যখন আসবে তখন কোথায় তারে দিবি রে ঠাঁই?/ দেখ্ রে চেয়ে আপন-পানে, পদ্মটি নাই, পদ্মটি নাই'-- বলবার জো নেই এবার! কেননা, এবার লক্ষ্মী যখন আসবেন তখন পদ্মটি থাকবে। কেননা, গত বছরের তুলনায় এবছর গ্রামবাংলার পদ্মছবিটা খানিকটা ভালো। এবার পদ্মফুলে লাভের মুখ দেখছেন বাগনানের পদ্মচাষিরা। আমরা অনেকেই হয়তো জানি না, হাওড়া কলকাতার ফুলের বাজার নিয়ন্ত্রণ করে বাগনান অঞ্চলের এই ফুল চাষ। দেবী লক্ষ্মী পদ্মের উপর আসীনা। পদ্ম লক্ষ্মীর অতি প্রিয় ফুল। তাই লক্ষ্মী দেবীর আরাধনায় পদ্ম ফুল আবশ্যিক। আর সেই আবশ্যিক ফুলটির একটা বিশাল অংশ শহর শহরতলির বাজারগুলিতে জোগান দেবে বাগনান।
জীবিকার ফুল
অতএব এই লক্ষ্মী পুজোয় পদ্মের ভালোই জোগান থাকবে ফুলবাজারে, এবং তাঁরা দামও ভালো পাবেন-- এমনটাই মনে করছেন চাষিরা। বাগনানের দেউলটি ঘোড়াঘাটা এলাকার বেশিরভাগ মানুষ ফুল চাষের উপর নির্ভরশীল। ফুল চাষ করাই তাঁদের উপার্জনের মূল মাধ্যম। এখানকার চাষিরা সব রকমই ফুল চাষ করে থাকেন। সিজন অনুযায়ী পদ্মফুল চাষ করে থাকেন এই এলাকার বেশিরভাগ ফুলচাষিই।
আরও পড়ুন: প্রায় ১৩০ বছর আগে কোজাগরী লক্ষ্মীপুজোর
বিঘার পর বিঘা পদ্ম
দুর্গাপুজো এবং লক্ষ্মী পুজোয় পদ্মফুলের চাহিদা থাকে ভালোই। তাই এই সময়টা এই চাষিরা পদ্মফুলের দিকেই লক্ষ্য দেন। এবং বেশি চাষও করেন। তাই বিঘার পর বিঘা জমিতে এখানে পদ্মফুল চাষ হয়। আর সেই ফুলই কলকাতা, হাওড়ার এবং কোলাঘাটের ফুলবাজার নিয়ন্ত্রণ করে। গত বছর পদ্মচাষে তেমন লাভের মুখ দেখতে পাননি এখানকার অনেক চাষিই। কিন্তু এবারে দুর্গাপুজোর আগে থেকেই পদ্মফুলের চাহিদা দেখা গিয়েছে। বিক্রিও বেড়েছে। দামও ভালো পাওয়া গিয়েছে, যাচ্ছেও।
ফোটার আগেই
দুর্গা পুজোতেও যেমন পদ্মফুল ভালো বিক্রি হয়েছে, চাহিদা অনুযায়ী আজ, লক্ষ্মী পুজোতেও ভালো বিক্রি হবে বলে মত সংশ্লিষ্ট মহলের। আর চাষিরাও ভালোই দাম পাবেন পদ্মফুলের-- এমনটাই মনে করছেন বাগনানের অধিকাংশ ফুলচাষি। এই সময়টায় ধারদেনা করে তাঁরা পদ্মফুল চাষ করেন। সেই ফুল এই লক্ষ্মীপুজোর সময় রাত থেকেই চাষিরা তুলতে থাকেন। এবং তা ভোরের মধ্যেই ভালো করে প্যাকিং করে বাজারের উদ্দেশ্যে পাঠিয়ে দেন। কেননা, বেশি বেলা হলেই এই পদ্ম ফুল ফুটে যায়, তাই ফোটার আগেই তা বাজারে পৌঁছে দিতে হয়!
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)