ডেটিং অ্যাপে ‘রাজীব’, নাম লুকিয়ে শারীরিক সম্পর্ক! আসল পরিচয় জানাজানি হতেই তুলকালাম, ডোমজুড়ে ধৃত স্বর্ণ ব্যবসায়ী
Howrah businessman arrested: ‘রাজীব’ সেজে প্রেম। আসল নাম শেখ ফারাদ। আসল পরিচয় প্রকাশ পেতেই তুলকালাম! ডোমজুড়ে পুলিশের জালে প্রতারক স্বর্ণ ব্যবসায়ী। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগে গ্রেফতার স্বর্ণ ব্যবসায়ী।
দেবব্রত ঘোষ: নাম বদলে মিথ্যা পরিচয় দিয়ে আলাপ করে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দিনের পর দিন সহবাসের অভিযোগ উঠল হাওড়ার ডোমজুড়ের শলপ এলাকার এক স্বর্ণ ব্যবসায়ীর বিরুদ্ধে। মহিলার অভিযোগের ভিত্তিতে গ্রেফতার অভিযুক্ত স্বর্ণ ব্যবসায়ী। ধৃতের নাম শেখ ফারাদ।
বরানগর এলাকার বাসিন্দা ওই মহিলার অভিযোগ শেখ ফারাদ নামে ওই স্বর্ণ ব্যবসায়ী ডেটিং অ্যাপে নিজের আসল নাম গোপন রাখেন। রাজীব রায় পরিচয় দিয়ে ২০২৩ সালে তার সাথে আলাপ করেন। এরপর তাঁর সঙ্গে ভালোবাসার মিথ্যে সম্পর্কের অভিনয় চালিয়ে যান। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার সহবাসও করেন। গত কয়েক মাস আগে তিনি ওই স্বর্ণ ব্যবসায়ীর আসল নাম ও পরিচয় জানতে পারেন। এরপর তাকে বিয়ের জন্য চাপ দিতেই বিয়ে করতে অস্বীকার করেন স্বর্ণ ব্যবসায়ী ফারাদ।
মঙ্গলবার সন্ধ্যায় ওই মহিলা শেখ ফারাদের সলপের দোকানে আসেন। তখনই এককথা, দুকথা থেকে উভয়ে মধ্যে শুরু হয় তীব্র বচসা। দুজনের মধ্যে উচ্চস্বরে কথোপকথন শুনে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। তাদের গোটা ঘটনার কথা জানান ওই মহিলা। এরপরই অভিযুক্তকে আটকে রাখেন স্থানীয়রা। ঘটনার খবর দেওয়া হয় ডোমজুড় থানায়।
ওই মহিলার লিখিত অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেফতার করে ডোমজুড় থানার পুলিস। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন শেখ ফারাদের বিরুদ্ধে এর আগেও অভিযোগ করেছিলেন কয়েকজন মহিলা। যদিও তার নামে ওঠা সমস্ত অভিযোগ ও গোটা ঘটনা অস্বীকার করেছেন শেখ ফারাদ।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)