দেবব্রত ঘোষ: হাওড়ার বাঁকড়াতে ডেঙ্গির থাবা। বাড়ছে আক্রান্তের সংখ্যা। এখনও পর্যন্ত আক্রান্ত ৬২৩ জন। বাঁকড়া এলাকায় গত ১৪ অক্টোবর থেকে ২০ অক্টোবর পর্যন্ত নতুন করে আক্রান্ত রোগীর সংখ্যা ২৭। এরমধ্যে সবচেয়ে বেশি রোগীর সংখ্যা বাঁকড়া এক নম্বর পঞ্চায়েত এলাকায় ১৯ জন। আক্রান্তদের বেশিরভাগই ভর্তি হাওড়া জেলা হাসপাতালে। জেলা স্বাস্থ্য দপ্তর থেকে জানানো হয়েছে যুদ্ধকালীন তৎপরতায় ডেঙ্গি প্রতিরোধের কাজ চলছে।
গত কয়েকদিনে ডোমজুড়ের বাঁকড়া এলাকায় ডেঙ্গির প্রকোপ দেখা দিয়েছে। শুধুমাত্র বাঁকড়া এক নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার মন্ডলপাড়া, নিউ মন্ডলপাড়া এবং উত্তর পাড়ায় আক্রান্তের সংখ্যা ১৯ জন। একইভাবে হাওড়া পুরসভা এলাকায় ৪৭ জন আক্রান্ত। বর্ষার শেষ লগ্নে হঠাৎ ডেঙ্গি রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় উদ্বিগ্ন জেলা স্বাস্থ্য দপ্তর। জানা গেছে গত বছর যেখানে মোট ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ৬৪৭ ছিল, এখন-ই তা ৬২৩ জন। এরমধ্যে হাওড়া শহর এলাকায় আক্রান্ত ৩৫০ জন।
হাওড়া জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক কিশলয় দত্ত জানান, বাঁকড়া এলাকায় ডেঙ্গুর প্রকোপ দেখা দিয়েছে। আউট ব্রেক হয়েছে।আবর্জনা জমে থাকার ফলে জল জমে থাকার কারণে এই আউট ব্রেক। সেখানে ডেঙ্গির মশা জন্মানোর ফলে এই প্রকোপ দেখা দিয়েছে। ঘটনাস্থলে পাঠানো হয়েছে ভেক্টর কন্ট্রোল টিম। মশা মারার তেল স্প্রে করা হচ্ছে। একইসঙ্গে পঞ্চায়েত, জেলা প্রশাসন এবং রাজ্য প্রশাসন থেকেও আবর্জনা সাফাই করার জন্য কর্মী নিয়োগ করা হয়েছে।
যুদ্ধকালীন তৎপরতায় জঞ্জাল সাফাইয়ের কাজ চলছে। আক্রান্তদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে হাওড়া জেলা হাসপাতাল থেকে কলকাতার আরজি কর হাসপাতালে রেফার করা হয়েছে। বাকিদের এখানে চিকিৎসা চলছে। ডেঙ্গি যাতে আর ছড়িয়ে না পড়ে তার জন্য জেলা প্রশাসন থেকে প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)