SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

টাকা ধার দেওয়া নিয়ে বিবাদ! সালিশি সভায় ডেকে মারধর, ছেলেকে বাঁচাতে গিয়ে মায়ের শাড়ি ধরে...

টাকা ধার দেওয়া নিয়ে বিবাদ মেটাতে ডাকা হয়েছিল সালিশি সভা। কিন্তু সেখানেই গৃহশিক্ষিকা, তাঁর স্বামী ও ছেলেকে মারধর এবং মহিলাকে হেনস্থার অভিযোগ উঠল। এমনকী ফ্ল্যাট থেকে সোনার গয়না ও নথি নিয়ে যাওয়ার পাশাপাশি খালি স্ট্যাম্প পেপারে সই করানোর অভিযোগও করেছেন ওই মহিলা।

Written By Debasmita Das
Published: Nov 24, 2026, 11:38 IST | Updated: Nov 24, 2026, 11:53 IST
Join

শুভাশিস মন্ডল: টাকা ধার দেওয়া নিয়ে বিবাদ মেটাতে ডাকা হয়েছিল সালিশি সভা। কিন্তু সেই সভাতেই গৃহশিক্ষিকা, তাঁর স্বামী ও ছেলেকে মারধর এবং মহিলাকে হেনস্থার অভিযোগ উঠল বাগনানের বিজেপি নেতা প্রেমাংশু রানার বিরুদ্ধে। মহিলার অভিযোগ, তাঁকে অশ্লীল কথা বলা হয়, শাড়ি ধরে টানাটানি করা হয়। ছেলেকে বাঁচাতে গেলে তাঁকেও মারধর করা হয়। এমনকী তাঁদের ফ্ল্যাট থেকে সোনার গয়না ও প্রয়োজনীয় নথি নিয়ে যাওয়া এবং খালি স্ট্যাম্প পেপারে সই করানোর অভিযোগও উঠেছে। এই ঘটনায় বাগনান থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই গৃহশিক্ষিকা। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন প্রেমাংশু রানা।

টাকা ধার দেওয়া নিয়ে বিবাদ

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাগনান থানা এলাকার এক গৃহশিক্ষিকার ছেলে পরিচিত একটি পরিবারকে টাকা ধার দিয়েছিলেন। দীর্ঘদিন পেরিয়ে গেলেও সেই টাকা ফেরত না পাওয়ায় দুই পক্ষের মধ্যে বিবাদ শুরু হয়। বিষয়টি একসময় বাগনান থানাতেও পৌঁছয়। পরিবারের দাবি, প্রথমে আইনি পথে না গিয়ে নিজেদের মধ্যে বসে সমস্যা মিটিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়েছিল। কিন্তু তাতেও বিবাদ মেটেনি। এরপর বিষয়টি মীমাংসার জন্য সালিশি সভা ডাকা হয় বাগনানের বিজেপি নেতা তথা ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের প্রার্থী প্রেমাংশু রানার অফিসে। সেখানে দুই পক্ষকেই উপস্থিত থাকতে বলা হয়।

আরও পড়ুন, ভুল এন্ট্রির মাশুল দিচ্ছেন আড়াই বছর ধরে! বাড়িতে দিব্যি সংসার করছেন, অথচ সরকারি

সালিশি সভায় কী ঘটেছিল?

গৃহশিক্ষিকা ও তাঁর স্বামীর অভিযোগ, সালিশি সভায় বিচার চলাকালীন সিদ্ধান্ত একতরফা বলে মনে হওয়ায় তাঁদের ছেলে প্রতিবাদ করেন। তখনই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ, প্রেমাংশু রানা তাঁদের ছেলের বুকে লাথি মারেন। ছেলেকে বাঁচাতে এগিয়ে গেলে তাঁর মাকেও চড় মারা হয় এবং অশালীন ভাষায় কথা বলা হয়। ওই মহিলার আরও অভিযোগ, তাঁকে উদ্দেশ্য করে কুরুচিকর মন্তব্য করা হয় এবং শাড়ি ধরে টানাটানি করা হয়। এমনকী উইকেট দিয়ে শরীরের গোপন অঙ্গে আঘাত করার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ করেছেন তিনি। 

ফ্ল্যাট থেকে গয়না ও নথি নিয়ে যাওয়ার অভিযোগ

অভিযোগ এখানেই শেষ নয়। ওই পরিবারের দাবি, তাঁদের বেশ কিছুক্ষণ সেখানে আটকে রাখা হয়েছিল। পরে প্রেমাংশু রানা তাঁর লোকজনকে দিয়ে ওই মহিলার ছেলেকে তাঁদের ফ্ল্যাটে পাঠান। সেখান থেকে জোর করে প্রমাণপত্র ও সোনার গয়না নিয়ে আসা হয় বলে অভিযোগ। পাশাপাশি খালি স্ট্যাম্প পেপারেও সই করিয়ে নেওয়ার অভিযোগ তুলেছে পরিবার। ঘটনার পর অপমানিত ও আতঙ্কিত অবস্থায় সেখান থেকে ফিরে যান ওই দম্পতি। পরে পুরো বিষয়টি লিখিতভাবে বাগনান থানায় জানান ওই গৃহশিক্ষিকা।

অভিযোগ অস্বীকার প্রেমাংশু রানার

যাঁর বিরুদ্ধে এই অভিযোগ, সেই বিজেপি নেতা প্রেমাংশু রানা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর দাবি, ঘটনাটি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। রাজনৈতিকভাবে তাঁর সঙ্গে পেরে না উঠে ওই মহিলাকে টাকা দিয়ে এমন অভিযোগ করানো হয়েছে বলেও দাবি করেন তিনি। তাঁর বক্তব্য, যেহেতু থানায় অভিযোগ জানানো হয়েছে, তাই আইন আইনের পথে চলবে।

আরও পড়ুন, 'যতদিন না হচ্ছেন, রাহুল গান্ধীর মতো মক মুখ্যমন্ত্রী হতে পারেন'! অভিষেককে তীব্র কটা

কী বলছে বিজেপির জেলা নেতৃত্ব?

বিষয়টি নিয়ে হাওড়া গ্রামীণ জেলার বিজেপি সভাপতি দেবাশিস সামন্ত জানান, প্রথমে এই ঘটনা সম্পর্কে তাঁর কিছু জানা ছিল না। তিনি বলেন, মহিলাদের সঙ্গে কোনওরকম খারাপ ব্যবহার বরদাস্ত করা হবে না। এ ধরনের বিষয়ে দলের অবস্থান জিরো টলারেন্স। আইন আইনের পথে চলবে এবং অভিযোগ প্রমাণিত হলে দল অভিযুক্তের পাশে দাঁড়াবে না বলেও জানান তিনি। প্রেমাংশু রানার দলীয় সক্রিয়তা নিয়েও প্রশ্ন তোলেন দেবাশিস সামন্ত। তাঁর দাবি, দীর্ঘদিন ধরেই প্রেমাংশু পার্টির কাজে সক্রিয় নন এবং তাঁর বিরুদ্ধে আগেও কিছু অভিযোগ এসেছিল। তাঁকে দলের তরফে ডাকা হলেও তিনি আসেননি বলে দাবি জেলা সভাপতির। যদিও এই বক্তব্যের জবাবে প্রেমাংশু রানা বলেন, বাগনানের মানুষই জানেন তিনি কতটা সক্রিয়।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

৮ বছর আগে বৈদ্যুতিন মাধ্যমে হাতেখড়ি। ক্যামেরার সামনে অথবা ডেস্ক-- সমান সাবলীল। বিনোদন দুনিয়ায় সাংবাদিকতার শুরু। ক্রমে নিজের আগ্রহের তালিকায় যুক্ত হয়েছে রাজনীতি, ক্রাইম, প্রযুক্তি, অর্থনীতি, আন্তর্জাতিক সম্পর্ক। বিশ্বাস, ডিজিটাল সাংবাদিকতা এখন মার্কেটিং ও প্যাকেজিং। 
Read More

ZEENEWS TRENDING STORIES