দিব্যেন্দু সরকার: জীবিত রয়েছেন, বাড়িতে সংসারও সামলাচ্ছেন। অথচ সরকারি নথিতে তাঁর পরিচয় মৃত! শুনতে অবাক লাগলেও এমনই সমস্যায় পড়েছেন হুগলির গোঘাটের এক মহিলা। প্রায় আড়াই বছর ধরে আধার সংক্রান্ত সরকারি নথিতে মৃত হিসেবে দেখানো হচ্ছে বিনিতা পালকে। এই ভুল সংশোধনের আশায় পঞ্চায়েত থেকে শুরু করে কলকাতার আধার দফতর পর্যন্ত ঘুরেছেন পরিবারের সদস্যরা। কিন্তু এখনও মেলেনি স্থায়ী সমাধান। এর জেরে সরকারি বিভিন্ন সুযোগ-সুবিধা থেকেও বঞ্চিত হচ্ছেন বলে অভিযোগ বিনিতা ও তাঁর পরিবারের।
ঘটনাটি গোঘাটের কুমুড়সা অঞ্চলের পাতুলসাড়া এলাকার। সেখানকার বাসিন্দা দিলীপ পালের স্ত্রী বিনিতা পাল। পরিবারের দাবি, ২০২৪ সালে তাঁদের মেয়ে অসুস্থ হয়ে পড়লে চিকিৎসার জন্য তাঁকে আরামবাগের একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয়। কিন্তু চিকিৎসা চলাকালীন তাঁর মৃত্যু হয়। আর সেই ঘটনার পর থেকেই শুরু হয় বিপত্তি।
কীভাবে সরকারি নথিতে মৃত হলেন বিনতা?
পরিবারের অভিযোগ, মেয়ের মৃত্যুর পর নার্সিংহোমে অনলাইনে তথ্য আপলোড করার সময় ভুল করে বিনতা পালের আধার নম্বর নথিভুক্ত করা হয়। মেয়ের নামের জায়গায় মৃত্যুর সংক্রান্ত তথ্যের সঙ্গে বিনতার আধার নম্বর যুক্ত হয়ে যাওয়ায় পরবর্তীকালে আধার সংক্রান্ত সরকারি নথিতে তাঁকে মৃত হিসেবে দেখানো শুরু হয়।
পরিবারের দাবি, বিষয়টি জানার পর নার্সিংহোম কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়। ভুল এন্ট্রির কথা স্বীকার করে মৃত্যুর শংসাপত্র সংশোধন করে দেওয়া হয় বলেও দাবি তাঁদের। কিন্তু তাতেও সমস্যার সমাধান হয়নি। আধার সংক্রান্ত নথিতে বিনিতার মৃত্যুর তথ্য থেকে যাওয়ায় আজও সরকারি খাতায় মৃত হিসেবেই রয়ে গিয়েছেন তিনি।
পঞ্চায়েত থেকে কলকাতা, তবু মেলেনি সমাধান
সমস্যা মেটাতে একাধিক সরকারি দফতরে ছোটাছুটি করেছেন বিনিতা ও তাঁর পরিবারের সদস্যরা। পঞ্চায়েত, বিডিও, এসডিও, পোস্ট অফিস- কোথাও বাদ রাখেননি তাঁরা। এমনকী কলকাতায় আধার দফতরের প্রধান কার্যালয়েও গিয়েছেন পরিবারের সদস্যরা। কিন্তু আড়াই বছর কেটে গেলেও সমস্যার স্থায়ী সমাধান হয়নি বলে অভিযোগ।
সরকারি সুযোগ-সুবিধা থেকেও বঞ্চিত পরিবার
আধার সংক্রান্ত নথিতে মৃত হিসেবে দেখানোর কারণে একের পর এক সমস্যার মুখে পড়ছেন বিনিতা। এমনকী এই সমস্যার জেরে পরিবারের সদস্যদের আয়ুষ্মান কার্ডও বাতিল হয়ে গিয়েছে বলে দাবি তাঁদের। পরিবারের আশঙ্কা, দ্রুত এই ভুল সংশোধন না হলে আগামী দিনে আরও নানা নাগরিক পরিষেবা পেতে সমস্যায় পড়তে হবে তাঁদের।
প্রশাসনের হস্তক্ষেপের দাবি
পরিবারের একটাই দাবি, দ্রুত প্রশাসন হস্তক্ষেপ করে আধার সংক্রান্ত নথিতে থাকা ভুল তথ্য সংশোধনের ব্যবস্থা করুক। একটি ভুল এন্ট্রির জন্য একজন জীবিত মহিলাকে কেন বছরের পর বছর সরকারি নথিতে মৃত হয়ে থাকতে হবে, সেই প্রশ্নই তুলছেন তাঁরা।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)