মৌমিতা চক্রবর্তী: পাকিস্তানের আমন্ত্রণে সরকারি সফরে ইসলামাবাদ গেলেন বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তাঁর নেতৃত্বে একটি সংসদীয় প্রতিনিধি দলও এই সফরে অংশ নিচ্ছে। দলে রয়েছেন বিএনপির আরও পাঁচ সংসদ সদস্য। দুই দেশের সংসদীয় সম্পর্ক আরও মজবুত করা এবং পারস্পরিক সহযোগিতা বাড়ানোই এই সফরের অন্যতম লক্ষ্য।
জাতীয় সংসদ সচিবালয় সূত্রে জানা গিয়েছে, পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকারের বিশেষ আমন্ত্রণে এই সফরের আয়োজন করা হয়েছে। ২৩ নভেম্বর সোমবার দুপুর ১টা ৪০ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইসলামাবাদগামী বিমানে ঢাকা ছাড়েন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
স্পিকারের সঙ্গে যাচ্ছেন পাঁচ সংসদ সদস্য
স্পিকারের নেতৃত্বাধীন সংসদীয় প্রতিনিধি দলে রয়েছেন মোট পাঁচজন সংসদ সদস্য। তাঁরা হলেন- নাসের রহমান, জহরত আদিব চৌধুরী, হুমাম কাদের চৌধুরী, মহম্মদ নাজিবুর রহমান, নিলোফার চৌধুরী
কী নিয়ে আলোচনা হবে?
সফরকালে বাংলাদেশ ও পাকিস্তানের সংসদীয় প্রতিনিধিদলের মধ্যে দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। বিশেষ করে দুই দেশের সংসদীয় সম্পর্ক আরও সুদৃঢ় করা এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়টি আলোচনায় গুরুত্ব পাবে বলে জানা গিয়েছে। পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকারের আমন্ত্রণে এই সফরকে দুই দেশের সংসদীয় স্তরে যোগাযোগ বাড়ানোর একটি উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।
কবে দেশে ফিরবেন স্পিকার?
নির্ধারিত কর্মসূচি অনুযায়ী, আগামী ২৯ নভেম্বর স্পিকার হাফিজ উদ্দিন আহমদের নেতৃত্বে সংসদীয় প্রতিনিধি দলের বাংলাদেশে ফেরার কথা রয়েছে। অর্থাৎ, প্রায় ছয় দিনের এই সফরে দুই দেশের সংসদীয় প্রতিনিধিদের মধ্যে একাধিক বৈঠক ও আলোচনার সম্ভাবনা রয়েছে।
অন্যদিকে, বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে দুই বছরেরও বেশি সময় নির্বাসনে থাকার পর আগামী ১৬ ডিসেম্বর দেশে ফেরার পরিকল্পনা করছেন। দিনটি পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের বিজয়ের বার্ষিকী। তার আগেই পড়শি দেশের সম্পর্ক সুদৃঢ় করতে বিএনপি সাংসদের পাকিস্তান পাড়ি নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)