নতুন আলো থেকে এসি! মাত্র ১৯ দিনে ভোলবদলে ঝাঁ চকচকে নতুন বিদ্যাসাগর আর্ট গ্যালারি
Asansol Vidyasagar Art Gallery: আর্ট গ্যালারির অব্যবস্থার কথা জানিয়ে গত ১৫ সেপ্টেম্বর রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পালকে চিঠি দেন আসানসোলের শিল্পীরা। চিঠি পাওয়ার পরেই অগ্নিমিত্রা পাল আসানসোল পুরনিগমের কমিশনার দিলীপ মিশ্রকে গ্যালারিটির দ্রুত সংস্কারের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ করার নির্দেশ দেন।
বাসুদেব চট্টোপাধ্য়ায়: দীর্ঘদিনের অব্যবস্থার অবসান। মাত্র ১৯ দিনের ব্যবধানে আমূল বদলে গেল আসানসোলের বিদ্যাসাগর আর্ট গ্যালারি। নতুন আলো, সংস্কার করা প্রদর্শনী কক্ষ, শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা এবং বাইরের সৌন্দর্যায়ন—নতুন সাজে শিল্পীদের জন্য ফের খুলে গেল শহরের অন্যতম গুরুত্বপূর্ণ শিল্পচর্চার ঠিকানা। আনুষ্ঠানিকভাবে নবরূপে এই আর্ট গ্যালারির উদ্বোধন করেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল।
একসময় আসানসোলের শিল্পীদের কাছে এই আর্ট গ্যালারিই ছিল নিজেদের সৃষ্টিকে সাধারণ মানুষের সামনে তুলে ধরার অন্যতম প্রধান জায়গা। তৎকালীন মেয়র জিতেন্দ্র তেওয়ারির উদ্যোগে তৈরি হওয়া এই গ্যালারিতে দীর্ঘদিন ধরেই নামমাত্র খরচে প্রদর্শনীর সুযোগ পেতেন শিল্পীরা। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে রক্ষণাবেক্ষণের অভাবে গ্যালারিটির পরিকাঠামো কার্যত ভেঙে পড়েছিল। দেওয়াল ও ছবির ফ্রেমে উইয়ের প্রভাব, চারপাশে আগাছা, বেহাল শৌচাগার থেকে শুরু করে বিভিন্ন পরিকাঠামোগত সমস্যায় জর্জরিত হয়ে পড়েছিল গোটা এলাকা। ফলে ছবি প্রদর্শনের উপযুক্ত পরিবেশও ক্রমশ হারিয়ে যাচ্ছিল। গ্রীষ্মকালে শীতাতপ নিয়ন্ত্রণের ব্যবস্থা না থাকায় শিল্পী ও দর্শক—দু’পক্ষকেই যথেষ্ট সমস্যায় পড়তে হত।
এই পরিস্থিতির কথা জানিয়ে গত ১৫ সেপ্টেম্বর রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পালকে চিঠি দেন আসানসোলের শিল্পীরা। তাঁদের দাবি ছিল, শহরের একমাত্র সরকারি আর্ট গ্যালারিটির দ্রুত সংস্কার করা হোক। চিঠি পাওয়ার পরেই বিষয়টি নিয়ে সক্রিয় হন অগ্নিমিত্রা পাল। আসানসোল পুরনিগমের কমিশনার দিলীপ মিশ্রকে গ্যালারিটির দ্রুত সংস্কারের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ করার নির্দেশ দেওয়া হয়। এরপর শুরু হয় যুদ্ধকালীন তৎপরতায় কাজ। মাত্র ১৯ দিনের মধ্যেই বদলে যায় গ্যালারিটির পুরনো চেহারা। নতুন করে তৈরি করা হয়েছে ছবি প্রদর্শনের পরিকাঠামো। উন্নত করা হয়েছে আলোর ব্যবস্থা। গ্যালারিতে বসানো হয়েছে শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা। বাইরের অংশেও আলোকসজ্জা ও সৌন্দর্যায়নের কাজ হয়েছে। পাশাপাশি রাখা হয়েছে বিদ্যাসাগরের একটি আবক্ষ মূর্তি।
রবিবার সন্ধ্যায় সেই নতুন সাজের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসানসোল উত্তরের বিধায়ক কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়, পৌরনিগমের কমিশনার দিলীপ মিশ্র, প্রশাসনিক আধিকারিক এবং শিল্পাঞ্চলের বিশিষ্ট শিল্পীরা। এদিন বীরসিংহ থেকে মাটির কলস হাতে নিয়ে গ্যালারিতে প্রবেশ করেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল।
উদ্বোধনের পর শিল্পীদের উদ্দেশে অগ্নিমিত্রা পাল বলেন, গ্যালারিটি শুধু সংস্কার করলেই হবে না, নিয়মিত শিল্পচর্চা ও প্রদর্শনীর মাধ্যমে সেটিকে সচল রাখতে হবে। নামমাত্র খরচে শিল্পীদের এই গ্যালারি ব্যবহারের সুযোগ দেওয়া হবে বলেও জানান তিনি।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)