বাসুদেব চট্টোপাধ্য়ায়: আসানসোলের রামপুর এমভিআইয়ের ঘুষচক্রে ফের বড় ধাক্কা। এসিবির জালে অন্যতম অভিযুক্ত দালাল হোটেল মালিক পাঁচু মণ্ডল। ভিআই চেকপোস্টের দুর্নীতি-কাণ্ডে ফের বড়সড় পদক্ষেপ করল রাজ্য পুলিশের অ্যান্টি-করাপশন ব্যুরো। বৃহস্পতিবার রাতে পশ্চিমবঙ্গ-ঝাড়খণ্ড সীমান্তের কুলটি থানা এলাকায় জাতীয় সড়ক-১৯-এ অভিযান চালিয়ে স্থানীয় হোটেলের মালিক পঞ্চানন ওরফে পাঁচু মণ্ডল নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেন তদন্তকারীরা। অভিযোগ, রামপুর এমভিআই চেকপোস্টে পণ্যবাহী গাড়ি পার করানোর নামে টাকা আদায়ের ক্ষেত্রে অন্যতম প্রধান দালাল হিসেবে কাজ করতেন তিনি। পাঁচুর গ্রেফতারিতে নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে পরিবহন মহলে।
সূত্রের খবর, বৃহস্পতিবার এক পণ্যবাহী গাড়ির চালকের কাছ থেকে ‘গাড়ি পাস’ করানোর নামে টাকা আদায়ের সময় পাঁচু মণ্ডলকে হাতেনাতে ধরে এসিবি। এরপর তাঁকে জিজ্ঞাসাবাদ শুরু করেন তদন্তকারীরা। পাশাপাশি তাঁর বাড়ি-সহ একাধিক জায়গায় তল্লাশি চালিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র বাজেয়াপ্ত করা হয়েছে বলে জানা গিয়েছে। এই চক্রের সঙ্গে আর কারা যুক্ত রয়েছেন, তা জানার চেষ্টা চলছে। উল্লেখ্য, কয়েক মাস আগে রামপুর এমভিআই চেকপোস্টে একটি পণ্যবাহী ট্রাক বেআইনিভাবে আটকে রাখা, চালকের উপর ঘুষ দেওয়ার চাপ সৃষ্টি এবং রাজ্য সরকারের বিলুপ্ত একটি করের নামে ২২ হাজার টাকা দাবি করার অভিযোগ সামনে এসেছিল। বিষয়টি প্রকাশ্যে আসতেই নড়েচড়ে বসে পরিবহণ দফতর। ওই ঘটনায় দুই আধিকারিককে বরখাস্ত করা হয়। পরে তদন্তের দায়িত্ব দেওয়া হয় এসিবিকে। তদন্তে নেমে ওই দুই আধিকারিককে গ্রেফতার করার পাশাপাশি গাড়ি পার করানোর সঙ্গে যুক্ত একাধিক দালালকেও গ্রেফতার করেন তদন্তকারীরা।
তবে সেই সময় থেকেই প্রশ্ন উঠছিল, এই দুর্নীতির পিছনে কি শুধু কয়েকজন দালাল ও আধিকারিক রয়েছেন, নাকি এর পিছনে রয়েছে আরও বড় কোনও চক্র? অভিযোগ, আগের অভিযানে কয়েকজন দালাল গ্রেফতার হলেও চক্রের বড় মাথাদের নাগাল পাওয়া যায়নি। এ বার পাঁচু মণ্ডলের গ্রেফতারি সেই তদন্তে নতুন মাত্রা যোগ করল। স্থানীয় একটি হোটেলের মালিক পাঁচুর গ্রেফতারির খবর ছড়িয়ে পড়তেই চাঞ্চল্য তৈরি হয়েছে অন্যান্য দালালদের মধ্যেও। তদন্তকারীদের হাতে পাওয়া নথি এবং ধৃতকে জিজ্ঞাসাবাদ করে এই চক্রের আর কারা কারা যুক্ত, তা সামনে আসতে পারে বলে মনে করা হচ্ছে।
সবচেয়ে বড় প্রশ্ন, এত অভিযান ও গ্রেফতারির পরেও রামপুর এমভিআই চেকপোস্টে কি দালালচক্রের কার্যকলাপ বন্ধ হয়নি? এই বেআইনি টাকা আদায়ের সঙ্গে সংশ্লিষ্ট দফতরের আরও কোনও আধিকারিক বা প্রভাবশালী ব্যক্তির যোগ রয়েছে কি না, তা নিয়েও উঠছে প্রশ্ন। এখন দেখার, পাঁচু মণ্ডলকে জেরা করে তদন্তকারীরা দুর্নীতির জালের কতটা গভীরে পৌঁছতে পারেন।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)