অয়ন ঘোষাল: সকালেই জানানো হয়েছিল, মঙ্গলবার ও বুধবার বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টির এই স্পেল চলবে। উত্তরবঙ্গে বৃহস্পতিবার এবং দক্ষিণবঙ্গে শুক্রবার থেকে আবার শুষ্ক আবহাওয়া। কিন্তু আজ, মঙ্গলবার দুপুরেই কলকাতা আলিপুর আবহাওয়া দফতর থেকে জারি করা হল অ্যালার্ট। আর কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে বৃষ্টি। পড়বে বাজ, বইবে জোরালো হাওয়া। কোথায় কোথায়? ভাইফোঁটার বাজার কি ভেস্তে যাবে? সুখের দিন কি শেষ? দীপাবলির পরে এবার ফের নতুন করে ঝড়বৃষ্টির পর্ব?
নোটিস ১
বেলা ১টা ২০ মিনিটে একটি নোটিস জারি করেছে আবহাওয়া দফতর। তাতে বলা হয়েছে, পরবর্তী ২-৩ ঘণ্টার মধ্য়ে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর জেলাগুলির কিছু অংশে হালকা বজ্রবিদ্যুতের সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি, দমকা বাতাস এবং বাতাসের গতি ৩০-৪০ কিমি প্রতি ঘণ্টার প্রবল সম্ভাবনা রয়েছে।
নোটিস ২
তবে, এর মিনিট পনেরো আগে জারি হওয়া একটি নোটিসে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, পরবর্তী ২-৩ ঘণ্টার মধ্যে উত্তর ২৪ পরগনা জেলার কিছু অংশে হালকা বজ্রবিদ্যুতের সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি দমকা বাতাস এবং বাতাসের গতি ৩০-৪০ কিমি প্রতি ঘণ্টায় হওয়ার প্রবল সম্ভাবনা।
সিস্টেম
আজকের সকালের আবহাওয়া-খবরে জানানো হয়েছিল দক্ষিণপূর্ব বাংলাদেশের এলাকায় রয়েছে একটি ঘূর্ণাবর্ত সিস্টেম।
দক্ষিণবঙ্গে
আজ, মঙ্গলবার উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা বেশিরভাগ এলাকায়। বাকি জেলাতে ও বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস। বুধবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। বৃহস্পতিবার থেকে আবহাওয়ার পরিবর্তন হবে, বৃষ্টির সম্ভাবনা কমবে। সকালের দিকে কলকাতা-সহ বেশ কিছু জেলায় কুয়াশা পড়ার সম্ভাবনা। বৃহস্পতিবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুরে হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা কিছু এলাকায়।
উত্তরবঙ্গে
আজ, মঙ্গলবার উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি দু'এক জায়গায় দমকা বাতাস থাকতে পারে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ির এই পাঁচ জেলায় মঙ্গলবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির হলুদ সর্তকতা। বুধবার বৃষ্টির সম্ভাবনা উপরের দিকের জেলায়। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা। নীচের দিকে তিন জেলায় দু-এক জায়গায় হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা। বৃহস্পতিবার থেকে বৃষ্টির সম্ভাবনা কমবে। শুষ্ক আবহাওয়া উত্তরবঙ্গে। পরের কয়েক দিনে তাপমাত্রা কমতে পারে।
কলকাতায়
আজ ও কাল বৃষ্টির সামান্য সম্ভাবনা কলকাতায়। আংশিক মেঘলা আকাশ এবং বেলার দিকে পুরোপুরি মেঘলা আকাশের সম্ভাবনা। মেঘলা আকাশের কারণে দিনের তাপমাত্রা কম থাকলেও বাড়বে রাতের তাপমাত্রা। বৃহস্পতিবার থেকে বৃষ্টির সম্ভাবনা কমবে। সকালের দিকে কুয়াশার সম্ভাবনা বাড়বে। উইকেন্ডে তাপমাত্রা ফের কমতে পারে। মনোরম আবহাওয়ার সম্ভাবনা।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)