অতি শক্তিশালী ঘূর্ণিঝড় সক্রিয়! দাপট শুরু মঙ্গলেই, বুধে ল্যান্ডফল... কোথায় আছড়ে পড়বে অর্ণব?
মঙ্গলবারই অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে এটি। বুধবার সকাল ১১টা থেকে দুপুর ১টার মধ্যে ল্যান্ডফলের সম্ভাবনা রয়েছে। ল্যান্ডফলের সময় ঝড়ের গতিবেগ ঘণ্টায় ১২৫ কিলোমিটার এবং দমকা হাওয়ার গতিবেগ ১৪০-১৫০ কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে।
অয়ন ঘোষাল: ভারতের পূর্ব উপকূলে মঙ্গলবার থেকে অর্ণবের প্রভাব শুরু। ঘূর্ণিঝড় অর্ণব গত ৬ ঘণ্টায় ১৫ কিমি বেগে পশ্চিম দিকে এগিয়েছে। ২৭ অক্টোবর মঙ্গলবার এটি পূর্ব-মধ্য ও সংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করছে। মঙ্গলবার ভোরে শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে অর্ণব। বিকেলে সাড়ে ৩ টে নাগাদ অর্ণব একটি অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হবে।
২৮ অক্টোবর বুধবার সকাল থেকে অতি শক্তিশালী ঘূর্ণিঝড় হিসেবে এগোতে শুরু করবে অন্ধ্র উপকূলের দিকে। সকাল ১১ টা থেকে বেলা ১ টার মধ্যে যেকোনো সময়ে বাপতলা ও বিশাখাপত্তনমের মধ্যে ইয়ানামের কাছে এটির ল্যান্ড ফল করার কথা। অতি প্রবল ঘূর্ণিঝড় হিসেবে ঘণ্টায় ১২৫ কিলোমিটার বেগে এটি ল্যান্ড ফল করবে। সেইসময় জাস্টিং স্পিড অর্থাৎ হাওয়ার গতিবেগ পৌঁছাবে ১৪০ থেকে ১৫০ কিলোমিটার। ল্যান্ডফলের পর দুর্বল হয়ে ২৯ অক্টোবর বৃহস্পতিবার একটি গভীর নিম্নচাপ হিসেবে এটি ডানহাতি বাঁক নেবে। ছত্তিশগড়ের দিকে যাওয়ার বদলে এটি পূর্ব উপকূলের সমান্তরাল পথ ধরে বিহার হয়ে নেপালের দিকে যাবে।
উড়িষ্যায় অর্ণবের প্রভাব
পুরী-সহ প্রতিটি উড়িষ্যা উপকূলে মঙ্গলবার হলুদ এবং আগামীকাল বুধবার কমলা সতর্কতা। বিকেলের পর একটানা ভারী বৃষ্টি শুরু হবে উড়িষ্যা উপকূলে। বাড়বে হওয়ার গতিবেগ। বুধবার অর্ণবের ল্যান্ডফলের সময় উড়িষ্যা উপকূলে ঝোড়ো হাওয়ার গতিবেগ ঘণ্টায় ৭০ থেকে ৭৫ কিলোমিটারে পৌঁছাবে।
বাংলায় অর্ণবের পরোক্ষ প্রভাব
পরোক্ষভাবে বাংলায় প্রভাব। ২৭ থেকে ২৯ অক্টোবর পশ্চিমবঙ্গ উপকূলে ৪০-৫০ কিমি ঝোড়ো হাওয়া। বুধবার পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর জেলায় ঝোড়ো হাওয়ার গতিবেগ পৌঁছবে ৬০ থেকে ৬৫ কিলোমিটারে। মঙ্গলবার থেকে উত্তাল হবে সমুদ্র। পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনায় নিচু এলাকা জলস্ফীতির কারণে প্লাবিত হতে পারে।
দক্ষিণবঙ্গ
২৭ অক্টোবর মঙ্গলবার পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম, কলকাতা, হাওড়া, হুগলিতে কয়েক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি, ৩০-৪০ কিমি বেগে দমকা হাওয়া। ২৮ অক্টোবর বুধবার দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় বৃষ্টি। সবথেকে বেশি বৃষ্টি পূর্ব মেদিনীপুরে। এছাড়াও ভারী বৃষ্টি দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে। পূর্ব মেদিনীপুর জেলায় কাল ১৩০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। উপকূলের বাকি জেলায় ৭০-১১০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। পূর্ব মেদিনীপুর উপকূলে কাল ঝোড়ো হাওয়ার গতিবেগ ৬০ কিলোমিটার হতে পারে। উপকূলের বাকি জেলায় ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইবার পূর্বাভাস।
আরও পড়ুন, আবার এনকাউন্টার! গাইঘাটায় নাবালিকাকে ধর্ষণের ঘটনার পুনর্নির্মাণের সময় বন্দুক ছিনি
২৯ অক্টোবর বৃহস্পতিবার ভারী বৃষ্টির পূর্বাভাস পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান জেলায়। ৩০-৩১ অক্টোবর শুক্র ও শনিবার কয়েক জায়গায় হালকা বৃষ্টি। অর্ণবের পরোক্ষ প্রভাব অনেকটাই কেটে যাবে। উত্তরবঙ্গে ২৮ অক্টোবর বুধবার পর্যন্ত শুষ্ক আবহাওয়া। ২৮ অক্টোবর দুপুরের পর কয়েক জায়গায় হালকা বৃষ্টি। ২৯ অক্টোবর বৃহস্পতিবার দার্জিলিং, জলপাইগুড়িতে ভারী বৃষ্টি। ৩০ অক্টোবর শুক্রবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি। জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলার কিছু জায়গায় অতি ভারী বৃষ্টি। পাহাড়ে ধসের আশঙ্কা।
মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা
পশ্চিমবঙ্গ ও ওড়িশা উপকূলে আজ ২৭ থেকে ২৯ অক্টোবর সমুদ্রে যেতে নিষেধ। উপকূলের সৈকত পর্যটন কেন্দ্রে বিচ অ্যাক্টিভিটি বন্ধ রাখার নির্দেশ।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)