SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

জাঁকিয়ে শীতের দেখা নেই, পৌষ মাস মশাদের! ডিসেম্বর-জানুয়ারিতেও মশার বংশবৃদ্ধি? সুপার এল নিনোর জেরে বাড়ছে উদ্বেগ

২০২৬-২৭ মরশুমে কলকাতা ও দক্ষিণবঙ্গে জাঁকিয়ে শীতের সম্ভাবনা কম। সুপার এল নিনোর প্রভাবে মশার বংশবৃদ্ধি ও ডেঙ্গি-ম্যালেরিয়ার ঝুঁকি বাড়ার আশঙ্কা।

Written By Debasmita Das
Published: Nov 26, 2026, 13:50 IST | Updated: Nov 26, 2026, 14:49 IST
Join

অয়ন ঘোষাল: শীতের অপেক্ষায় কলকাতা। কিন্তু এবারও কি জাঁকিয়ে শীতের দেখা মিলবে? আবহাওয়ার পূর্বাভাসে তেমন আশার আলো নেই। বরং ২০২৬-২৭ সালের শীতের মরশুমে তাপমাত্রার ওঠানামা এবং বাতাসে জলীয় বাষ্পের আধিক্য মশার বংশবৃদ্ধির অনুকূল পরিবেশ তৈরি করতে পারে। ফলে শীতকালেও ডেঙ্গি ও ম্যালেরিয়ার মতো মশাবাহিত রোগের ঝুঁকি বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

সেন্টার ফর ক্লাইম্যাটিক হেল্থের একটি সমীক্ষায় উঠে এসেছে এমনই উদ্বেগজনক তথ্য। সাধারণত মে থেকে সেপ্টেম্বর মাস মশার বংশবৃদ্ধির অনুকূল সময়। বর্ষার পর ধীরে ধীরে তাপমাত্রা কমলে মশার প্রজননও কমতে থাকে। কিন্তু এবার আবহাওয়ার পরিস্থিতি আলাদা হতে পারে। শীতের মরশুমেও মশার ডিম পাড়া ও লার্ভা তৈরির অনুকূল পরিবেশ বজায় থাকার আশঙ্কা রয়েছে।

আরও পড়ুন, ৭২ ঘণ্টায় ৫ ডিগ্রি পারদ পতন! শীতের আমেজের মাঝে কানির ভ্রুকুটি, কবে ল্যান্ডফল? ফের ভাসবে বাংলা?

কেন বাড়তে পারে মশার উপদ্রব?

সমীক্ষার পূর্বাভাস অনুযায়ী, চলতি শীতের মরশুমে কলকাতা-সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গে মাত্র কয়েক দিনের জন্য সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামতে পারে। ডিসেম্বর ও জানুয়ারির বেশিরভাগ সময়ই তাপমাত্রা ১৫ ডিগ্রির উপরে থাকার সম্ভাবনা। দিনের বেলায় ঝলমলে রোদ এবং রাতে সামান্য ঠান্ডা থাকলেও সেই পরিস্থিতি বেশিদিন স্থায়ী হবে না। কয়েক দিনের মধ্যেই ফের তাপমাত্রা বাড়তে পারে। ফলে মশার বংশবৃদ্ধির অনুকূল পরিবেশ তৈরি হবে।

স্যাঁতস্যাঁতে আবহাওয়াও বাড়াবে চিন্তা

শুধু তাপমাত্রা নয়, বাতাসে জলীয় বাষ্পের পরিমাণও মশার বংশবৃদ্ধির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। সমীক্ষায় বলা হয়েছে, চার-পাঁচ দিন অন্তর স্যাঁতস্যাঁতে আবহাওয়া তৈরি হতে পারে। অন্যদিকে, শুষ্ক আবহাওয়া পুরো দুই মাসে বড়জোর ১০ থেকে ১২ দিন স্থায়ী হতে পারে। এর সঙ্গে যুক্ত হবে বঙ্গোপসাগরের আবহাওয়াগত পরিস্থিতি। সুপার এল নিনোর প্রভাবে একাধিক নিম্নচাপ বা আবহাওয়াগত সিস্টেম তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। এর জেরে বৃষ্টি হতে পারে। বৃষ্টি না হলেও আংশিক বা পুরোপুরি মেঘলা আকাশ এবং বাতাসে জলীয় বাষ্পের আধিক্য মশার ডিম পাড়ার অনুকূল পরিবেশ তৈরি করতে পারে।

জানুয়ারি পর্যন্ত চলতে পারে মশার বংশবৃদ্ধি?

সাধারণত শীতের তীব্রতা বাড়লে মশার প্রজনন কমে যায়। কিন্তু এবার উত্তুরে হাওয়ার দাপটের বদলে আর্দ্র ও স্যাঁতস্যাঁতে আবহাওয়া বেশি সময় স্থায়ী হতে পারে। ফলে মশার স্বাভাবিক প্রজনন মরশুম শেষ হওয়ার পরেও তাদের বংশবৃদ্ধি চলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞ চিকিৎসকরাও বিষয়টি নিয়ে উদ্বিগ্ন। তাঁদের মতে, আগের কিছু এল নিনো বছরে নভেম্বর-ডিসেম্বর মাসেও একই ধরনের প্রবণতা দেখা গিয়েছিল। এবার সুপার এল নিনোর প্রভাবে সেই পরিস্থিতি জানুয়ারি মাস পর্যন্ত চলতে পারে।

আরও পড়ুন, সড়ক-সেতুতে তুঙ্গে বৃহস্পতি এ রাজ্যের! বদলে যাবে পশ্চিমবঙ্গের পথঘাটের ভোল!

সতর্ক থাকার পরামর্শ চিকিৎসকদের

শীতকাল মানেই মশাবাহিত রোগের হাত থেকে নিশ্চিন্ত থাকার সুযোগ নেই। তাই বাড়ির আশপাশে জল জমতে না দেওয়া, ফুলের টব, ড্রাম, পরিত্যক্ত পাত্রে জমা জল নিয়মিত পরিষ্কার করা জরুরি। মশারি ব্যবহার এবং মশার কামড় এড়ানোর ব্যবস্থাও নিতে হবে।

জ্বর, মাথাব্যথা, শরীর ব্যথা বা অন্য কোনও অস্বাভাবিক উপসর্গ দেখা দিলে অবহেলা না করে চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন। আবহাওয়ার পরিবর্তনের সঙ্গে মশাবাহিত রোগের ঝুঁকিও বাড়তে পারে। তাই শীতের মরশুমেও সতর্ক থাকাই সবচেয়ে জরুরি।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

৮ বছর আগে বৈদ্যুতিন মাধ্যমে হাতেখড়ি। ক্যামেরার সামনে অথবা ডেস্ক-- সমান সাবলীল। বিনোদন দুনিয়ায় সাংবাদিকতার শুরু। ক্রমে নিজের আগ্রহের তালিকায় যুক্ত হয়েছে রাজনীতি, ক্রাইম, প্রযুক্তি, অর্থনীতি, আন্তর্জাতিক সম্পর্ক। বিশ্বাস, ডিজিটাল সাংবাদিকতা এখন মার্কেটিং ও প্যাকেজিং। 
Read More

ZEENEWS TRENDING STORIES