কোমরে দড়ি তৃণমূল অঞ্চল সভাপতির, রশি টেনে ঘোরানো হল তার নিজের এলাকাতেই
Birbhum: জেল থেকে ফিরে এলাকার মানুষকে হুমকি দিয়ে বেড়াচ্ছিলেন। ঘুরে দাঁড়াল জনতা
প্রসেনজিত্ মালাকার: ভোট-পরবর্তী হিংসার মামলায় গ্রেফতার হওয়ার পর জামিনে মুক্তি পেয়েছিলেন সাঁইথিয়া ব্লকের ভ্রমরকোল অঞ্চল তৃণমূল সভাপতি তাহেরুল শেখ। এরপর এলাকার মানুষকে লাগাতার হুমকি ও ভয় দেখানোর অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়। আর তার পরেই তার কোমরে দড়ি বেঁধে ঘোরানো হয় এলাকায়।
অভিযোগ, আমোদপুরের ঈশ্বরপুর এলাকায় ক্ষুব্ধ বাসিন্দারা তাহেরুল শেখকে ধরে তাঁর কোমরে দড়ি বেঁধে রাস্তায় ঘোরান। পরে তাঁকে আমোদপুর ফাঁড়ির পুলিসের হাতে তুলে দেওয়া হয়। যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও লিখিত অভিযোগ দায়ের হয়নি। পুলিস তাঁকে আটক করে রেখেছে বলে জানা গিয়েছে।
অন্যদিকে, এই ঘটনার সঙ্গে বিজেপির কোনও যোগ নেই বলে দাবি করেছে গেরুয়া শিবির। তাদের বক্তব্য, এ ধরনের ঘটনাকে তারা প্রশ্রয় দেয় না। তবে তাহেরুল শেখের বিরুদ্ধে অতীতে একাধিক অভিযোগ থাকায় এলাকাবাসীর ক্ষোভ থেকে এমন ঘটনা ঘটে থাকতে পারে বলে দাবি বিজেপির।
এলাকার মানুষের অভিযোগ, সাধারণ মানুষের উপরে অত্যাচার তো বটেই ভোট পরবর্তী হিংসায় জড়িত ছিলেন তাহেরুল। একটি মামলায় জেল খেটে জামিন পেয়ে এলাকায় বিরোধী দলীয়নেতা কর্মীদের তিনি হুমকি দিচ্ছেন বলে অভিযোগ উঠেছে। এর জেরেই ভ্রমকল এলাকায় তাকে কোমরে দড়ি বেঁধে ঘোরায় এলাকার মানুষজন। তার পরেই পুলিসের হাতে তুলে দেন। তাদের দাবি তাহেরুলের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হোক।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)