রাজ্যে নতুন তীর্থক্ষেত্র সার্কিট! এবার এক লপ্তে জুড়ে যাচ্ছে তারাপীঠ দক্ষিণেশ্বর মদনমোহন জিউ
New Tirthakshetra Circuit in Bengal: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মা জগদ্ধাত্রীর আরাধনা করেন। তার পরেই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তিতে মাল্যদান করেন তিনি। পুরনো প্রসঙ্গ টেনে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে আক্রমণ করে বলেন, উনি সেই ঘটনার পরে বলেছিলেন, রাত আটটার পরে বাড়ি থেকে বেরোবেন না মহিলারা!
চিত্তরঞ্জন দাস: পর্যটনে নবজোয়ার! তীর্থভ্রমণে নতুন উদ্দীপনা! এবার জুড়ে যাচ্ছে তারাপীঠ থেকে দক্ষিণেশ্বর হয়ে মদনমোহন জিউ! এই নিয়ে রাজ্যে তৈরি হবে এক নয়া তীর্থক্ষেত্র সার্কিট। দুর্গাপুরে জগদ্ধাত্রী পুজোর অনুষ্ঠানে যোগদান করে এ কথা বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
আরও পড়ুন: সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম 'আকভান' কি যত সময় যাবে ততই ভয়ংকর হয়ে উঠবে? রইল
দুর্গাপুরে মুখ্যমন্ত্রী
আজ, বুধবার দুর্গাপুরের এএসবি মোড়ে স্বপ্ন উড়ানের উদ্যোগে জগদ্ধাত্রী পুজোর আয়োজন করেন দুর্গাপুর পূর্বের বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়। সেই পুজোয় যোগ দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি সেখানে প্রথমে জগদ্ধাত্রী মায়ের আরাধনা করেন। তার পরেই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তিতে মাল্যদান করেন। পরে আইকিউসিটি'র গণধর্ষণ প্রসঙ্গ টেনে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে আক্রমণ করে বলেন, উনি সেই ঘটনার পরে বলেছিলেন, রাত আটটার পর বাড়ি থেকে মহিলারা বেরোবেন না। কিন্তু বর্তমান সরকারের পুলিস ধর্ষক ও অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করে বলে উল্লেখ করেন তিনি।
শ্রী রাম সার্কিট'
ওই অনুষ্ঠানে যোগ দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, 'শ্রীরাম সার্কিট তৈরি হবে। তারাপীঠ থেকে দক্ষিণেশ্বর হয়ে মদনমোহন জিউ পর্যন্ত তীর্থক্ষেত্র সার্কিট তৈরি হবে। এছাড়াও এবারের গঙ্গাসাগর মেলা আন্তর্জাতিক স্তরের হবে। খড়ের ঘরে আর কোন সাধু-সন্তদের থাকতে হবে না, টেন্ট বানানো হবে। হেলিকপ্টারে করে পুষ্প বৃষ্টি হবে।' এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ সৌমিত্র খাঁ, বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি, চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়, লক্ষ্মণ ঘরুই-সহ জনপ্রতিনিধিরা ও প্রশাসনিক কর্তারা।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)