বক্সায় এনক্লোজার থেকে ফেরার বাঘিনী এখন কোথায়? জানিয়ে দিলেন বনমন্ত্রী
Buxa Tiger: গতকাল রাত থেকে রেডিও কলারে সংকেত পাওয়া যাচ্ছিল না। ধরে নেওয়া হয়েছিল আবার বাঘ পালিয়েছে অসমে
তপন দেব: গত ২৯ সেপ্টেম্বর বিহারের বাল্মীকি ব্যাঘ্র প্রকল্পের জঙ্গল থেকে ৩ বছর বয়সী বাঘিনীকে বক্সার জঙ্গলে নিয়ে আসা হয়েছিল। সেদিন থেকেই বাঘিনী বক্সার জঙ্গলের ২৫ মাইল এলাকায় একটা এনক্লোজারের মধ্যেই থেকেছে। সেই বাঘ পালিয়েছে এনক্লোজার থেকে। তবে বনমন্ত্রী বলছেন অন্য কথা।
গত ২ অক্টোবর রাজ্যের মুখ্যমন্ত্রীর হাত ধরে তাকে বনাঞ্চলে মুক্ত করা হলেও বাঘিনী নিজ ইচ্ছায় ২ দিন পর ৪ তারিখ এনক্লোজার থেকে বেরিয়ে প্রায় ২০ দিন বক্সার জঙ্গলে ঘুরে বেড়ায়। এর পর সে হাঁটা দেয় অসমের দিকে। ২৪ অক্টোবর অসমের কচুগাও ডিভিশনের রায়মোনা জাতীয় উদ্যানের জঙ্গলে দেখতে পাওয়া যায় তাকে।
এর প্রায় ৮ দিন পর গত ৩ নভেম্বর আবারও ঘুম পাড়ানি গুলিতে কাবু করে তাকে বক্সায় ফিরিয়ে আনা হয়। আবার এনক্লোজার। সেখান থেকে বেরিয়ে যাওয়ার জন্য এই কয়দিন চেষ্টার ত্রুটি করেনি বাঘিনী। পরে প্রায় আড়াই ফুট গর্ত খুড়ে সিঁধ কেটে মুক্ত বনাঞ্চলে পা মেলায়।
আরও পড়ুন-মুম্বই পালানোর ছক! কলকাতা বিমানবন্দরে পুলিসের জালে ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশরাম দাস
গতকাল রাত থেকে রেডিও কলারে সংকেত পাওয়া যাচ্ছিল না। ধরে নেওয়া হয়েছিল আবার বাঘ পালিয়েছে অসমে। দীর্ঘ সময় পর রাজ্যের বনমন্ত্রী মনোজ ওঁরাও নিজের ছুটলেন বক্সার জঙ্গলে । দেখলেন পরে রেডিও কলারের সংকেত বুঝে জানা গেল পালিয়ে যায়নি বাঘিনী । ২৫ মাইল পেরিয়ে ২৮ মাইল পর্যন্ত হেঁটেছে। খাবারের শিকার করেছে। নজর রাখতে ৩ টি প্রশিক্ষিত হাতি , প্রায় শতাধিক বনকর্মীকে নজরে রাখা হয়েছে বাঘিনী যেন ফের অসমে পালিয়ে না যায়।
রাজ্যের বনমন্ত্রী মনোজ ওঁরাও বলেন, গত ৫-৬ দিন আগে বাঘিনীটিকে অচেতন করে নিয়ে আসা হয়েছিল। দু-এক দিনের মধ্যেই ছেড়ে দেওয়ার পরিকল্পনাও ছিল। আমরা ছাড়ার আগেই সে নিজেই বেরিয়ে গেল। এনক্লোজারের মধ্যে প্রায় আড়াই ফুট গর্ত করে বেরিয়ে গিয়েছে। ওকে বক্সাতেই ছাড়তে চেয়েছিলাম। ও নিজেই বক্সায় ঢুকে গিয়েছে। আমাদের এনক্লোজারের ৫ কিমি রেডিয়াসের মধ্যেই রয়েছে। পালিয়ে গিয়েছে বলা ভুল। যদি অন্য কোথাও চলে যায় তাহলে ওকে ফের এখানে আনা হবে। কোথায় রয়েছে তা সবই জানি। বক্সার বাঘ বক্সাতেই রয়েছে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)