জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বিশ্বের অন্যতম বৃহৎ প্রযুক্তি প্রতিষ্ঠান এনভিডিয়া। এহেন বিরাট কোম্পানির প্রধান নির্বাহী জেনসেন হুয়াং। একদা এই হুয়াংয়ের সঙ্গে সম্পর্ক তৈরি হয় আর এক হুয়াংয়ের। তিনি অ্যালিস হুয়াং। অ্যালিসের সঙ্গে জেনসেনের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে বলে অভিযোগ ওঠে। এই সম্পর্ক চলাকালেই ওদিকে আবার অ্যালিসের বিরুদ্ধে ওঠে চিনের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ! 'হুয়াং লি' নামেও পরিচিত অ্যালিস হুয়াং সিঙ্গাপুরের এক ডেটা সেন্টার কোম্পানি মেগাস্পিড ইন্টারন্যাশনালের শীর্ষ কার্যনির্বাহী ছিলেন বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। যদিও তার সত্যতা যাচাই করা হয়নি। প্রকাশ্যে তাঁর সম্পর্কে খুব কম তথ্যই মেলে।
কে এই অ্যালিস হুয়াং?
মার্কিন যুক্তরাষ্ট্রের এক বিখ্যাত সংবাদপত্রে প্রথম এই গুপ্তচরবৃত্তির খবর ফাঁস হয়। এনভিডিয়ার প্রধানের উপরই নজরদারি ও তথ্য সংগ্রহের জন্য চিন এই অ্যালিস হুয়াংকে নিয়োগ করেছিল বলে মনে করেন মার্কিন কর্মকর্তারা। অ্যালিস হুয়াং আবার হুয়াং লি নামেও পরিচিত। তিনি চিনের নাগরিক। তিনি আগে এইচএসবিসিতে চাকরি করতেন। চিনের সিসিটিভি ও হুনান টিভিতে প্রতিবেদক হিসেবে কাজের অভিজ্ঞতাও রয়েছে তাঁর।
দুজনের সম্পর্ক
পদবি এক হলেও তাইওয়ানে জন্ম নেওয়া ৬৩ বছর বয়সী জেনসেন হুয়াংয়ের সঙ্গে অ্যালিসের কিন্তু কোনো পারিবারিক সম্পর্ক নেই। এনভিডিয়া প্রধান জেনসেন হুয়াং ও অ্যালিসের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। গত রবিবার এনভিডিয়ার কর্মীদের কাছে পাঠানো এক চিঠিতে হুয়াং স্বীকার করেন, তিনি স্ত্রীর প্রতি অবিশ্বস্ত ছিলেন। এই ভুলের জন্য তিনি পরিবার ও কর্মীদের কাছে দুঃখ প্রকাশও করেন।
প্রথম কখন দেখা
অ্যালিস হুয়াংয়ের সঙ্গে এনভিডিয়ার প্রধানের প্রথম কখন দেখা হয়েছিল বা তাঁদের প্রেমের সম্পর্ক কত দিন স্থায়ী ছিল, তা স্পষ্ট নয়। তবে ২০২৪ সালের জুনে তাইপের একটি বারে তাঁদের প্রথম একসঙ্গে পাশাপাশি বসে থাকার ছবি পাওয়া যায়। মোটামুটি বলা যায়, ২০২৪ ও ২০২৫ সালে প্রযুক্তি শিল্প সংক্রান্ত বিভিন্ন অনুষ্ঠানের ছবি এবং ভিডিয়োতে দুজনকে একসঙ্গে দেখা যায়।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)