পুজোর মুখে আবার ধাক্কা! সুপ্রিম কোর্টে পিছোল বকেয়া ডিএ মামলার শুনানি
DA Case: ১৬ অক্টোবর সুপ্রিম কোর্টে পশ্চিমবঙ্গ সরকারের বকেয়া ডিএ মামলার প্রধান শুনানি স্থগিত। মূল মামলার বদলে শুধু বিশেষ পিটিশন নিয়ে আলোচনা। হতাশ কর্মী মহল।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ডিএ মামলায় বড় আপডেট। দুর্গাপুজোর আনন্দের মাঝেই রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড় ধাক্কা। সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল বকেয়া ডিএ মামলার শুনানি। শুক্রবার, ১৬ অক্টোবর সুপ্রিম কোর্টে রাজ্য সরকারের বকেয়া ডিএ মামলার যে শুনানি হওয়ার কথা ছিল, তা স্থগিত হয়ে গিয়েছে। সুপ্রিম কোর্টে বকেয়া ডিএ মামলার শুনানির দিন এগিয়ে এসে ১৬ অক্টোবর স্থির হওয়ায় কর্মীদের মনে আশা জেগেছিল। কিন্তু এদিন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সদস্য শ্যামল কুমার মিত্র জানান যে, আজ ডিএ মামলার কোনও শুনানি অনুষ্ঠিত হচ্ছে না।
কেন পিছল শুনানি?
আদালত সূত্রে খবর, গত ১৯ আগস্ট সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল বিচারপতি ইন্দু মালহোত্রার মনিটরিং কমিটিতে প্রতিনিধি পাঠাতে। বিভিন্ন কর্মচারী সংগঠন থেকে ১০ জন প্রতিনিধিকে পাঠানো হয়েছিল। কিন্তু কর্মচারী পরিষদের পক্ষ থেকে কোনও প্রতিনিধির নাম ছিল না। পরবর্তীতে তাদের তরফ থেকে সুপ্রিম কোর্টে একটি বিশেষ এমএ পিটিশন দাখিল করা হয়। শুক্রবার শীর্ষ আদালতে শুধুমাত্র সেই এমএ পিটিশনের শুনানি হয়। মূল মামলার কোনও শুনানি হয়নি।
বার বার শুনানির তারিখ পরিবর্তন ও সিদ্ধান্ত ঝুলে থাকায় কর্মচারীদের একাংশের মধ্যে আশঙ্কা দেখা দিয়েছে বকেয়া ডিএ নিয়ে। সব মিলিয়ে উৎসবের মরসুমেও বকেয়া ডিএ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় রাজ্য সরকারি কর্মচারীরা। আদালতের নতুন জটে আরও কিছুদিন অপেক্ষার প্রহর গুণতে হবে তাদের।
আরও পড়ুন, পুজোতে তিনগুণ আনন্দ: ডিএ-র পর এবার সপ্তম বেতন কমিশন নিয়ে বড় পদক্ষেপ নবান্নর
আরও পড়ুন, ‘ডবল ইঞ্জিন সরকার কী করে দেখুন!’ হলদিয়ায় পুজো উদ্বোধনে শিল্প নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)