SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

বেড ফাঁকা, রহস্যজনকভাবে 'গায়েব' অসুস্থ রোগী! কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভ

Canning Incident: রক্তশূন্যতা জনিত সমস্যা নিয়ে ক্যানিং মহকুমা হাসপাতালে ভর্তি হন ৬২ বছরের বৃদ্ধ। পরিবারের অভিযোগ, হঠাৎ করেই তাঁর আর খোঁজ পাওয়া যাচ্ছে না। পরিবারের লোকজন হাসপাতালে এসে দেখেন বেডে নেই সুকেশবাবু।

Edited By Soumita Khan
Published: Nov 08, 2026, 09:22 AM IST | Updated: Nov 08, 2026, 10:29 AM IST
Join

প্রসেনজিত্‍ সর্দার: মহকুমা হাসপাতাল থেকে রোগী নিখোঁজ হওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়াল ক্যানিংয়ে। রক্তশূন্যতা নিয়ে ভর্তি হওয়া বৃদ্ধের খোঁজ মিলছে না তিন দিন ধরে। ঘটনায় হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে উঠছে বড় প্রশ্ন।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, নিখোঁজ বৃদ্ধের নাম সুকেশ মণ্ডল, বয়স ৬২ বছর। বাড়ি প্রত্যন্ত সুন্দরবনের গোসাবা ব্লকের পাঠানখালির কাছারিপাড়া এলাকায়। গত ৩০ অক্টোবর রক্তশূন্যতা জনিত সমস্যা নিয়ে ক্যানিং মহকুমা হাসপাতালে ভর্তি হন তিনি। হাসপাতালেই চিকিৎসাধীন ছিলেন। পরিবারের অভিযোগ, হঠাৎ করেই তাঁর আর খোঁজ পাওয়া যাচ্ছে না। পরিবারের লোকজন হাসপাতালে এসে দেখেন বেডে নেই সুকেশবাবু। হাসপাতালের বেডে পড়ে রয়েছে কাগজপত্র। প্রথমে হাসপাতাল চত্বর এবং আশপাশের এলাকায় খোঁজাখুঁজি করেন তারা। কোথাও খোঁজ না পেয়ে অবশেষে হাসপাতাল সুপারের দ্বারস্থ হন।

আরও পড়ুন: বাথরুমে একা একাই প্রসব, তারপর জানলা দিয়ে ছুড়ে ফেলল সদ্যোজাতকে! নাবালিকা মায়ের নারকীয় কাণ্ড

এদিকে এই ঘটনার পর হাসপাতাল কর্তৃপক্ষের তরফেও ক্যানিং থানায় একটি নিখোঁজ ডায়েরি করা হয়েছে বলে জানা গিয়েছে। অন্যদিকে, নিখোঁজ বৃদ্ধের পরিবারের লোকজন যখন ক্যানিং থানায় অভিযোগ জানাতে যান, তখন থানার তরফে জানানো হয়, হাসপাতালের পক্ষ থেকে ইতিমধ্যেই একটি অভিযোগ জমা পড়েছে এবং পুলিস খোঁজ শুরু করেছে।

নিখোঁজ বৃদ্ধের ছেলে রাহুল মন্ডলের দাবি, একটি মহকুমা হাসপাতালের ভিতর থেকে কীভাবে একজন ভর্তি রোগী নিখোঁজ হয়ে যেতে পারে? একজন ৬২ বছরের অসুস্থ বৃদ্ধ হাসপাতাল থেকে বেরিয়ে গেলেন, অথচ কেউ দেখতে পেল না? হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন তারা। ঘটনা প্রসঙ্গে ক্যানিং মহকুমা হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, বিষয়টি পুলিসকে জানানো হয়েছে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।

আরও পড়ুন: যাঁর নির্দেশে মা কালীকে প্রিজন ভ্যানে তোলা হয়েছিল তাঁকেই দিল্লি পুলিসের ভ্যানে উঠতে হয়েছে: মুখ্যমন্ত্রী

অন্যদিকে ক্যানিং থানার পুলিস জানিয়েছে, নিখোঁজ অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। হাসপাতালের সিসিটিভি এবং বিভিন্ন সূত্র ধরে খোঁজ চালানো হচ্ছে।
অন্যদিকে এই ঘটনায় দুশ্চিন্তায় রয়েছেন পরিবারের লোকজন। অবিলম্বে বৃদ্ধকে খুঁজে বের করার দাবি জানিয়েছেন তারা।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

আশুতোষ কলেজ থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়-- সাংবাদিকতা নিয়েই পড়াশোনা। আন্তর্জাল সাংবাদিকতায় পেশাগত হাতেখড়ি। লেখেন সব বিষয়েই, তবে ক্রাইমের খবরের আনাচকানাচে ঘোরাঘুরিতে বেশি আগ্রহ। অনুক্ষণ শিক্ষানবিশ...

ZEENEWS TRENDING STORIES