দুর্ঘটনার পর আহত বৃদ্ধকে হাসপাতালে নিয়ে গেলেন টোটো চালক, তারপরই উধাও...!
নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা ওই বৃদ্ধকে ধাক্কা মারে টোটোটি। পরে আহত বৃদ্ধকে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যান চালক। কিন্তু চিকিৎসকেরা বৃদ্ধকে মৃত ঘোষণা করার পর চালক হাসপাতাল থেকে চলে যান বলে অভিযোগ। মৃতের পরিচয় এখনও জানা যায়নি।
প্রসেনজিত্ মালাকার: আবার ভয়াবহ পথ দুর্ঘটনা দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীতে। টোটোর ধাক্কায় প্রাণ গেল এক বৃদ্ধের। গুরুতর জখম টোটো চালক নিজেই। ঘটনাটি ঘটেছে বাসন্তী থানার আমঝাড়া এলাকায়। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
স্থানীয় ও পুলিস সূত্রে খবর, আমঝাড়া এলাকায় রাস্তা দিয়ে টোটো চালিয়ে যাচ্ছিলেন টোটো চালক হায়দার আলি গাজী। সেই সময় আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা বছর ষাট এক বৃদ্ধকে সজোরে ধাক্কা মারে টোটোটি। ধাক্কায় রাস্তায় ছিটকে পড়েন ওই বৃদ্ধ। গুরুতর জখম হন টোটো চালক নিজেও। দুর্ঘটনার পর স্থানীয়রা ছুটে আসেন। রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায় ওই বৃদ্ধকে।
আরও পড়ুন, লাখো মানুষের ভিড়ে রানীগঞ্জে প্রজাপতি দুর্গার বিদায়, ঢাকের তালে নাচলেন বিধায়ক পার্থ ঘোষ
জানা গিয়েছে, দুর্ঘটনার পর গুরুতর জখম অবস্থাতেও ওই টোটো চালক অন্য একটি গাড়ির সাহায্যে আহত বৃদ্ধকে নিয়ে সোজা চলে আসেন ক্যানিং মহকুমা হাসপাতালে। কিন্তু মানবিকতার পরিচয় দেওয়ার বদলে হাসপাতালে বৃদ্ধকে ফেলে রেখেই নিজের গুরুতর জখম অবস্থাতেই সেখান থেকে পালিয়ে যান ওই টোটো চালক। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসকরা ওই বৃদ্ধকে পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন।
অতিরিক্ত রক্তক্ষরণের জেরেই তাঁর মৃত্যু হয়েছে বলে প্রাথমিক অনুমান চিকিৎসকদের। এদিকে মৃত বৃদ্ধের নাম-পরিচয় এখনও জানা যায়নি। পুলিস তাঁর পরিচয় জানার চেষ্টা করছে। অন্যদিকে, হাসপাতাল থেকে পালিয়ে যাওয়া গুরুতর জখম টোটো চালকের খোঁজেও তল্লাশি শুরু করেছে বাসন্তী থানার পুলিস।
আরও পড়ুন, কার দখল থাকবে টোটো ইউনিয়ন? রণক্ষেত্র সুভাষগ্রাম স্টেশন চত্বর
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)