প্রয়াগরাজ থেকে চন্দ্রকোনা! প্রবল জীবনসংগ্রামের মধ্যেই দুই খুদের হাতে তৈরি খুদে মাতৃপ্রতিমায় শারদোৎসব এবার
Chandrakona Durga Puja 2026: প্রয়াগরাজের শেখর গুপ্তা কাজের খোঁজে ২০১০ সালে চলে আসেন পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোণায়। ঘাটাল-চন্দ্রকোণা রাজ্য সড়কের ভৈরবপুর এলাকায় রাস্তার ধারে একটি ভাড়া বাড়িতে চায়ের দোকান খুলে শুরু করেন জীবন সংগ্রাম। সেই দোকানের আয়েই স্ত্রী ও তিন পুত্র সন্তানকে নিয়ে তাঁর সংসার।
চম্পক দত্ত: দারিদ্র্যকে হার মানিয়ে দিল ক্লাস সিক্সের দুই পড়ুয়া। দুই খুদে শিল্পীর হাতে তৈরি হয়ে উঠলেন দুই দুর্গা! না, তারা ঠিক শিল্পী নয়, কিন্তু জেদ থেকে শিল্পীর ভূমিকায় অবতীর্ণ। কীসের জেদ? বাড়িতে করতেই হবে দুর্গাপুজো। ভৈরবপুরে এবার দুই প্রতিমার পুজো হবে তাদের নিজের বাড়িতেই। তাদের বাবার কঠিন লড়াই, চা-দোকান চালিয়ে কোনও ক্রমে চলে সংসার। কিন্তু ছেলেরা পুজো করবেই। তাদের নতুন জামা না হলেও চলবে, বাবা-মাকে দুর্গাপুজো করতেই হবে। আর সেই জেদ থেকেই দুটি দুর্গা প্রতিমা গড়ে ফেলে দুই ভাই। ক্লাস সিক্সের দুই ছাত্র গোপাল গুপ্তা ও কৃষাণ গুপ্তার হাতেই এবার পুজো পাবে মা দুর্গা।
আরও পড়ুন; এ-পুজোয় আসতেন উত্তম-মান্না, এ-বাড়িতে গান গেয়েছেন অপরেশ লাহিড়ী, তবলা বাজিয়েছেন বাপি
চন্দ্রকোণায় চায়ের দোকান
উত্তরপ্রদেশের প্রয়াগরাজের বাসিন্দা শেখর গুপ্তা কাজের খোঁজে ২০১০ সালে চলে আসেন পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোণায়। ঘাটাল-চন্দ্রকোণা রাজ্য সড়কের ভৈরবপুর এলাকায় রাস্তার ধারে একটি ভাড়া বাড়িতে চায়ের দোকান খুলে শুরু করেন জীবন সংগ্রাম। সেই দোকানের আয়েই স্ত্রী ও তিন পুত্র সন্তানকে নিয়ে তাঁর সংসার।
অভাব নিত্যসঙ্গী, লড়াইও
অভাব নিত্যসঙ্গী হলেও পড়াশোনা থামেনি দুই ছেলের। বর্তমানে দুই ভাই-ই ক্লাস সিক্সে পড়ে। স্কুলের পড়ার ফাঁকে বাবা-মাকে চায়ের দোকানে হাত লাগায় তারা। আর সেই দুই খুদেই এবার তাক লাগিয়ে দিয়েছে। মাটি দিয়ে নিজের হাতে দুটি দুর্গা প্রতিমা তৈরি করেছে গোপাল ও কৃষাণ।
ডাক্তার হতে চায়
শত দারিদ্র্যের মাঝেও তাদের বাড়িতেই এবার হবে দুর্গাপুজো। জোড়া দুর্গা প্রতিমা নিয়েই হবে আরাধনা। দুই ভাইয়ের একটাই প্রার্থনা, মা দুর্গার কাছে তারা ভালোভাবে লেখাপড়া করে বড় হয়ে ডাক্তার হতে চায়। একদিকে তাদের এই অদম্য ইচ্ছাশক্তি, আর দিকে তাদের শিল্পকলা-- দুই নিয়েই প্রবল চর্চা চলছে এলাকায়। যা ইতিমধ্যেই নজর কেড়েছে এলাকাবাসীরও।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)