মায়ের খুনের মামলার 'কি-উইটনেস' মেয়ে! বাবা জেল থেকে ছাড়া পেতেই নবম শ্রেণির ছাত্রীর রহস্যমৃত্যু
Sonarpur: পরিবারের সদস্যদের দাবি, বিকেলে বাড়িতে কেউ ছিলেন না। আরও জানা যায়, জেল থেকে মুক্তি পেয়ে মেয়ের সঙ্গে যোগাযোগ শুরু করেন বাবা। বিষয়টি পুলিসকেও জানানো হয় বলে দাবি পরিবারের।
তথাগত চক্রবর্তী: মায়ের খুনের মামলায় মূল অভিযুক্ত বাবা। আর সেই মামলার অন্যতম গুরুত্বপূর্ণ সাক্ষী ছিল নাবালিকা মেয়ে। প্রায় তিন বছর জেল খাটার পর সম্প্রতি মুক্তি পেয়েছেন বাবা। এরই মধ্যে ঘর থেকে উদ্ধার হল সেই মেয়ের ঝুলন্ত দেহ। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে সোনারপুরে। মৃত ছাত্রীর নাম সায়নী শিকারি। সে অতুলকৃষ্ণ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী ছিল।
জানা গিয়েছে, প্রায় তিন বছর আগে খুন হন সায়নীর মা মালা শিকারি। সেই ঘটনায় মূল অভিযুক্ত হিসেবে সায়নীর বাবা সমীর শিকারিকে গ্রেফতার করে পুলিস। মায়ের খুনের মামলায় অন্যতম সাক্ষী ছিল সায়নী নিজেই। মায়ের মৃত্যুর পর থেকে মামাবাড়িতেই থাকত সে।
পরিবার সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি জেল থেকে মুক্তি পান সমীর শিকারি। এরপরই মেয়ের সঙ্গে যোগাযোগ শুরু করেন তিনি। বিষয়টি পুলিসকেও জানানো হয় বলে দাবি পরিবারের। তাঁদের অভিযোগ, পুলিসের পক্ষ থেকে সায়নীর মোবাইলের সিম কার্ড পরিবর্তন করার পরামর্শ দেওয়া হয়েছিল। সেই অনুযায়ী মোবাইল নম্বর পরিবর্তনও করা হয়। কিন্তু পরিবারের দাবি, নতুন নম্বরও কোনওভাবে জেনে যান সায়নীর বাবা।
আরও পড়ুন: আবহাওয়ার বড় ভোলবদল! একধাক্কায় ৪ ডিগ্রি নামবে পারদ, কবে থেকে রাজ্যে জাঁকিয়ে শীত?
ঠিক কী ঘটেছিল?
এরই মধ্যে ঘটে যায় মর্মান্তিক ঘটনা। পরিবারের সদস্যদের দাবি, বিকেলে বাড়িতে কেউ ছিলেন না। সন্ধ্যায় বাড়ি ফিরে ঘরের মধ্যে সায়নীকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তার দাদু। সঙ্গে সঙ্গে প্রতিবেশীদের ডাকাডাকি করেন তিনি। খবর দেওয়া হয় পুলিসে।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিস দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। পাশাপাশি মৃত ছাত্রীর মোবাইল ফোনও বাজেয়াপ্ত করা হয়েছে। ফোনের কল রেকর্ড ও অন্যান্য তথ্য খতিয়ে দেখে মৃত্যুর আগে কারও সঙ্গে সায়নীর যোগাযোগ হয়েছিল কি না, তা জানার চেষ্টা চলছে।
বাবার ভূমিকা নিয়ে প্রশ্ন
সায়নীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় তার বাবার ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন মামাবাড়ির সদস্যরা। তাঁদের অভিযোগ, সায়নীর মৃত্যুর নেপথ্যে সমীর শিকারির ভূমিকা থাকতে পারে। যদিও এই অভিযোগের সত্যতা এখনও নিশ্চিত হয়নি।
আরও পড়ুন: প্রকল্পের নামে কোটি টাকার জালিয়াতি! গ্রেফতার বিজেপি বিধায়ক ঘনিষ্ঠ...
মায়ের খুনের মামলায় সাক্ষী থাকার কারণেই কী কোনও চাপের মুখে পড়েছিল সায়নী? জেল থেকে মুক্তি পাওয়ার পর বাবা কেন বারবার মেয়ের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছিলেন? নাকি এই মৃত্যুর নেপথ্যে রয়েছে অন্য কোনও কারণ? একাধিক প্রশ্ন ঘিরে রহস্য দানা বেঁধেছে।
গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস। ময়নাতদন্তের রিপোর্ট এবং অন্যান্য তথ্যপ্রমাণের ভিত্তিতেই মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে বলে মনে করা হচ্ছে।
আপনি কি অবসাদগ্রস্ত? বিষণ্ণ? চরম কোনও সিদ্ধান্ত নেবেন না। আপনার হাত ধরতে তৈরি অনেকেই। কথা বলুন প্লিজ...
iCALL (সোম-শনি, ১০টা থেকে ৮টা) ৯১৫২৯৮৭৮২১
কলকাতা পুলিস হেল্পলাইন (সকাল ১০টা-রাত ১০টা, ৩৬৫ দিন) ৯০৮৮০৩০৩০৩, ০৩৩-৪০৪৪৭৪৩৭
২৪x৭ টোল-ফ্রি মানসিক স্বাস্থ্য পুনর্বাসন হেল্পলাইন-- কিরণ (১৮০০-৫৯৯-০০১৯)
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)