জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: নিউ জিল্য়ান্ডের বিরুদ্ধে ওয়েলিংটন টেস্টের প্রথম ইনিংসে ভারত রানের পাহাড় তুলল! ৭২০/৯-তে ডিক্লেয়ার করলেন শুভমন গিলরা। কেএল রাহুলের পর এবার শতরান ঋষভ পন্থেরও! পাঁচে নেমে টেস্টের এক নম্বর উইকেটকিপার-ব্য়াটার ১৫৩ বলে ১২৮ রান করলেন। আর একাধিক রেকর্ড ভেঙে গুঁড়িয়ে দিলেন তিনি। চতুর্থ দিনের শেষে চর্চায় পন্থ। নিউ জিল্য়ান্ড প্রথম ইনিংসে ৩৬৮ রান করেছিল। দ্বিতীয় ইনিংসে তারা দুই উইকেটে হারিয়ে ১১৯ রান তুলেছে। এখনও তারা ২৩৩ রানে পিছিয়ে। পঞ্চম তথা খেলার শেষ দিনে ভারতের প্রয়োজন আর ৮ উইকেট। টেস্টে ড্র হওয়ার সম্ভাবনাই যদিও বেশি। তবে এখন সবার মুখে ফের পন্থের নাম। দেখে নিন পন্থ কী কী করলেন ওয়েলিংটনে...
১) SENA দেশে শতরান: প্রথম এশীয় উইকেটকিপার হিসেবে প্রতিটি SENA দেশে সেঞ্চুরি পন্থের পাশাপাশি এশিয়ার প্রথম উইকেটকিপার-ব্য়াটার হিসেবেও এই নজির গড়লেন তিনি। সার্বিক ভাবে ছ'জন ভারতীয় এই মাইলস্টোন তৈরি করেছেন। তালিকায় আছেন সচিন তেন্ডুলকর, মহম্মদ আজহারউদ্দিন, রাহুল দ্রাবিড়, বিরাট কোহলি ও কেএল রাহুলের পর পন্থই দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ায় টেস্ট সেঞ্চুরি করেছেন।
২) টেস্ট ইতিহাসের দ্বিতীয় সর্বাধিক ছক্কা: ওয়েলিংটনে ছয় ছক্কা হাঁকিয়েছেন পন্থ। ফলে তাঁর কেরিয়ারের মোট টেস্ট ছক্কার সংখ্যা দাঁড়াল ১০৮! ব্রেন্ডন ম্যাককালাম (১০৭) ছাপিয়ে শুধু বেন স্টোকসই (১৩৮) পিছনে রয়েছেন।
৩) টেস্ট ক্রিকেটে ছয় মেরে সেঞ্চুরি: হ্যাঁ এই রেকর্ডেও যৌথভাবে দুয়ে উঠে এসেছেন ঋষভ পন্থ। গ্লেন ফিলিপসের বলে ছয় মেরে তিনি ১৩৫ বলে নিজের সেঞ্চুরি করলেন। এই নিয়ে চারবার তিনি ছয় মেরে তিন অঙ্কের ঘরে পা রাখলেন। এই রেকর্ডে তিনি ছুঁয়েছেন ইংল্যান্ড কেন ব্যারিংটনকে। তাঁর সামনে এখন শুধুই সচিন (৬ বার)।
৪) আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে (ডব্লিউটিসি) ৩০০০ রান: পন্থের এই ইনিংস খেলে ডব্লিউটিসিতে ৩০০০ রানের মাইলফলক স্পর্শ করলেন। এই প্রতিযোগিতায় সর্বোচ্চ রান সংগ্রাহক উইকেটরক্ষক হিসেবে নিজের অবস্থানকে আরও সুদৃঢ় করেছেন।
৫) উইকেটকিপার হিসেবে টেস্টে তৃতীয় সর্বাধিক সেঞ্চুরি: এটি ছিল পন্থের নবম টেস্ট সেঞ্চুরি (বিদেশের মাটিতে সপ্তম এবং নিউ জিল্যান্ডের বিরুদ্ধে প্রথম), যা তাঁকে অ্যাডাম গিলক্রিস্ট (১৭) ও অ্যান্ডি ফ্লাওয়ারের (১২) পর উইকেটকিপারদের তালিকায় টেস্টে তৃতীয় সর্বাধিক সেঞ্চুরিকারী করেছে।
ভারতের ঝুলিতেও রেকর্ডের পর রেকর্ড
নিউ জিল্যান্ডে টেস্টে সর্বোচ্চ দলীয় সংগ্রহ: ভারতের ৭২০/৯ (ডিক্লেয়ার) ২০১৯ সালে বাংলাদেশের বিরুদ্ধে নিউ জিল্যান্ডের করা ৭১৫/৬-এর আগের রেকর্ড (যা ওই মাঠ ও দেশে সর্বোচ্চ ছিল) ছাড়িয়ে গিয়েছে।
বিদেশের মাটিতে ভারতের সর্বোচ্চ টোটাল: ২০১০ সালে কলম্বোতে শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারতের করা ৭০৭ রানের আগের সেরা রেকর্ড ভেঙে গেল। ৭২০/৯ স্কোরই এখন বিদেশের মাটিতে ভারতের সর্বোচ্চ টোটাল
অভূতপূর্ব পার্টনারশিপের ধারাবাহিকতা: ভারত প্রথম সাত উইকেটের প্রতিটিতেই ৫০-এর বেশি রানের জুটি গড়েছে! টেস্ট ইতিহাসের প্রথম দল হিসেবে শুভমন গিলরা এই নজির গড়েছেন।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)