কালনা স্টেশনে ট্রেনের অপেক্ষায় মা নিত্যকালী! ট্রেনে চেপে মুর্শিদাবাদে পাড়ি দিলেন মা
Maa Nitya Kali: শান্তিপুরের শিল্পী শুভজিৎ দে-র হাতে তৈরি মা নিত্যকালীর প্রতিমা ইন্টারসিটি ট্রেনে চেপে পাড়ি দিল মুর্শিদাবাদের নিমতিতায়। অনলাইনে অর্ডার দিয়েছিলেন নিমতিতার বাসিন্দা অয়নাংশু বিশ্বাস।
সঞ্জয় রাজবংশী: রেলপথে শান্তিপুর থেকে মুর্শিদাবাদের নিমতিতার দূরত্ব ১১৭ কিলোমিটার। তাই মা নিত্যকালীর প্রতিমা ট্রেনে চেপে মুর্শিদাবাদের দিকে রওনা হয়েছে। শান্তিপুরের এক শিল্পী তৈরি করেছেন এই প্রতিমা। মঙ্গলবার দুপুরে ইন্টারসিটি ট্রেনে এটি পাঠানো হয়েছে মুর্শিদাবাদের নিমতিতার দিকে। কালনা স্টেশনে প্রতিমা নিয়ে অপেক্ষা করছিলেন শিল্পী। স্টেশনে প্রতিমা দেখে অনেকে হতবাক হয়ে গিয়েছিলেন। কেউ কেউ প্রণাম করেছিলেন মা নিত্যকালীকে।
শান্তিপুরের শ্যামচাঁদপাড়া এলাকায় শিল্পী শুভজিৎ দে একটি কারখানা চালান। তাঁর হাতেই এই প্রতিমা তৈরি হয়েছে। শিল্পী জানান, মুর্শিদাবাদের নিমতিতার বাসিন্দা অয়নাংশু বিশ্বাস অনলাইনের মাধ্যমে তাঁর সঙ্গে যোগাযোগ করেছিলেন। গত বছরও তিনি একই ধরনের প্রতিমা নিয়েছিলেন। এবছরও নতুন অর্ডার দেন তিনি। সেই অনুযায়ী প্রতিমা তৈরি করে ট্রেনে পাঠানো হয়েছে।
আরও পড়ুন, রাজ্যে ফের টাকার পাহাড়, তৃণমূলের পার্টি অফিসে ১ কোটিরও বেশি নগদ!
মুর্শিদাবাদে কালী প্রতিমা তৈরি হয় না কেন? কেন এতদূর থেকে শান্তিপুরের শিল্পীর কাছে অর্ডার দেওয়া হয়? এই প্রশ্নের জবাবে শুভজিৎ দে বলেন, এই ধরনের প্রতিমা শান্তিপুরে বিশেষভাবে তৈরি হয়। তাঁর দাবি, শান্তিপুরের শিল্পীদের দক্ষতা রয়েছে এই ধরনের প্রতিমা তৈরিতে। এই কারণেই গত দু’বছরে তিনি নিমতিতা থেকে এই ধরনের অর্ডার পাচ্ছেন।
প্রসঙ্গত, অয়নাংশুর বাড়ি মুর্শিদাবাদের নিমতিতায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে শিল্পী শুভজিৎ দে-র কাজ দেখে মুগ্ধ হয়ে যান তিনি। নিজেই যেচে আলাপ করেন। তার পরে বাড়ির কালী প্রতিমা তৈরির বরাত দেন। গত দু’বছর ধরে অয়নাংশুদের পুজোর প্রতিমা বানাচ্ছেন শিল্পী। অয়নাংশুর সঙ্গে বন্ধু-আত্মীয়রা ছিলেন। তাঁরাই প্রতিমা ধরাধরি করে ইন্টারসিটি এক্সপ্রেসের ভেন্ডার কামরায় তোলেন। হাত লাগান শিল্পীও।
সেদিন কালনা স্টেশনে ট্রেনের অপেক্ষায় থাকা মা নিত্যকালীর প্রতিমার কাছে যাত্রীদের মধ্যে আগ্রহ তৈরি হয়। স্টেশন চত্বরে অনেকে দাঁড়িয়ে প্রতিমা দেখেছিলেন। কেউ কেউ প্রণাম করে আশীর্বাদও চেয়েছিলেন। শান্তিপুর থেকে মুর্শিদাবাদে পৌঁছেছে বাংলার মৃৎশিল্পের এক বিশেষ ঘরানা। এবার নিমতিতায় সেই প্রতিমাকে ঘিরে পুজো হবে।
আরও পড়ুন, অন্নপূর্ণায় নভেম্বরে একসঙ্গে পাবেন ৬০০০ টাকা? ডবল কিস্তি কারা পাবেন?
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)